মেসিকে গালি দেননি, দাবি রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো! ছবি: রয়টার্স
ক্রিস্টিয়ানো রোনালদো! ছবি: রয়টার্স

অভিযোগটা গুরুতর বলেই চারদিকে শোরগোল। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো বলছেন, লিওনেল মেসিকে কখনোই গালি দেননি। এমন দাবিকে বরং ডাহা মিথ্যা বললেন পর্তুগিজ উইঙ্গার। শুধু তা-ই নয়, যিনি এ তথ্য প্রকাশ করেছেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন রিয়াল তারকা।
মেসিকে জঘন্য অপমান করেন রোনালদো!বোমাটা ফাটিয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গুইলেম বালেগ। তাঁর নতুন লেখা একটি বইয়ে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে রোনালদো নাকি মেসিকে খুবই অশ্লীল ভাষায় সম্বোধন করেন। মাকে সম্বোধন করে তা এমনই অশ্লীলতম গালি, যা ভাষায় প্রকাশ করা যায় না! মেসি–ভক্তরা তো বটেই, রোনালদো–ভক্তরাও এই খবরে আশাহত হয়েছেন। পেশাদার ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, তাই বলে ঘোর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এমন কাণ্ড!
কিন্তু বিষয়টি অনুধাবন করেই কি না, রোনালদো দ্রুত তাঁর ফেসবুকের অফিশিয়াল পেজে লিখেছেন, ‘মেসিকে নিয়ে আমি আপত্তিকর মন্তব্য করি, এমন খবর চাউর হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমার আইনজীবী আদালতে অভিযোগ করবে। সব পেশাদার সহকর্মীর প্রতি আমার অশেষ শ্রদ্ধা রয়েছে। মেসিও এর ব্যতিক্রম নয়।’ সূত্র: গোলডটকম।