মেসিকে চান আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি, আগুয়েরো
মেসি, আগুয়েরো

সার্জিও আগুয়েরো ফুটবলটা ভালোই খেলেন। ম্যানচেস্টার সিটির হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারের ভূরি ভূরি গোলই সেটার প্রমাণ। সেই আগুয়েরো এবার নতুন ভূমিকায় নামতে চাইছেন। না, ফরোয়ার্ড পজিশন ছেড়ে অন্য কোথাও খেলবেন না ম্যারাডোনার সাবেক জামাতা। তাঁর ইচ্ছে, মধ্যস্থতাকারী হওয়া। উদ্দেশ্য, লিওনেল মেসিকে বুঝিয়ে-শুনিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ে আসা।
কিছুদিন আগে বার্সেলোনায় থাকা না-থাকা নিয়ে দেওয়া মেসির সাক্ষাৎকারটাই জল্পনা-কল্পনা উসকে দিয়েছে। ক্লাবের কারও কারও সঙ্গে সম্পর্কটা তাঁর ভালো যাচ্ছে না, শোনা গিয়েছিল এমনও। কিন্তু বার্সা সভাপতি জোসেপ বার্তেমেউ উড়িয়ে দিয়েছেন ধারণাটা। তবে অনেকের জোরালো ধারণা, আয়কর নিয়ে ঝামেলাটাই আসল কারণ।
মেসির সম্ভাব্য নতুন ক্লাব হিসেবে আছে ম্যানচেস্টার সিটির নামও। ইংলিশ ক্লাবটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি এটাকে নিতান্তই গুজব বললেও আগুয়েরো মনে করেন বন্ধু ও জাতীয় দল-সতীর্থকে ইতিহাদ স্টেডিয়ামে নিয়ে আসতে পারবেন। পরশু ২০১৪ সালের ফুটবল সাপোর্টার্স ফেডারেশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়েই আগুয়েরো নিজের চেষ্টার কথা বললেন, ‘তাতে রাজি করানোটা কঠিন হবে, তবে আমি চেষ্টা করব। সব ভালো খেলোয়াড় প্রিমিয়ার লিগে খেললে ভালোই হবে।’ ইএসপিএন।