মেসিকে চান রোনালদো

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলে চিরশত্রু হতে পারে। কিন্তু সেই শত্রুতা আর্জেন্টিনার লিওনেল মেসির প্রতি মুগ্ধতা একটুও কমাতে পারেনি ব্রাজিলের রোনালদোর। কিংবদন্তি ব্রাজিল স্ট্রাইকার আগেও অনেকবার সরাসরি বলেছেন সেই মুগ্ধতার কথা। এবার বললেন, মেসিকে পাওয়ার জন্য প্রয়োজনে নিজের পকেট থেকে টাকা খসাতেও তিনি রাজি।
সম্প্রতি ফোর্ট লাউডারডেল স্ট্রাইকার্স (এফএল স্ট্রাইকার্স) নামে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের অংশীদারি কিনেছেন ‘দ্য ফেনোমেনান’। ক্লাবটিকে ঘিরে এখন নানা স্বপ্নও দেখেছেন তিনি। সম্প্রতি নর্থ আমেরিকান সকার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে রোনালদো সেই স্বপ্নের কথা জানিয়েছেন সবাইকে, ‘মেসিকে এ ক্লাবে নিয়ে আসতে আমি নিজের পকেটের টাকা খরচ করতে রাজি আছি। এফএল স্ট্রাইকার্সের লক্ষ্য আকাশছোঁয়া, যুক্তরাষ্ট্রের সেরা ক্লাব হওয়া। তাহলে আমরা কেন মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে সই করাতে পারব না! আগামী কয়েক বছরের মধ্যে আমরা এ স্বপ্নটাকে বাস্তবে পরিণত করব।’
চীনের পর যুক্তরাষ্ট্রকে ফুটবলে দ্রুত উন্নতি করা দ্বিতীয় দেশ উল্লেখ করে রোনালদো বলেন, ‘এই সাউথ ফ্লোরিডায় একসময় বিশ্বের সব নামী খেলোয়াড় খেলতে আসবে। কারণ এখানকার জীবনের মান। কে এখানে থাকতে চায় না বলুন!’ গোলডটকম।