মেসিকে চায় না বায়ার্ন মিউনিখ
সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। মেসিকে লাগবে সবার। ম্যানচেস্টার সিটির নাম সবাই বলছে। পিএসজি ও ইন্টার মিলানের নামও শোনা যাচ্ছে ভালোভাবেই। মেসিকে কেনার খরচ অনেক, কিন্তু তাই বলে তাঁকে পেতে চাইতে তো আপত্তি নেই।
সবার আগে রাশিয়ান এক ক্লাব জানিয়েছে, ক্লাবের ১০ নম্বর জার্সিটা খালিই আছে তাদের। ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়াও জানিয়েছে, ১০ নম্বর জার্সিটা যত্ন করেই রেখে দিয়েছে তারা। ইতালির বর্তমান কোচ রবার্তো মানচিনিও সাম্পদোরিয়ার এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল অ্যাডিলেড ইউনাইটেডও লোভ সামলাতে পারেনি। সর্বকালের অন্যতম সেরা এক খেলোয়াড়কে পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে তারাও। ভিন্ন এক খেলার ফ্র্যাঞ্চাইজি হতে পারে, কিন্তু মেসিকে পাওয়ার দৌড়ে নাম লিখিয়েছে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সও। হাসিঠাট্টা করেই যে কেকেআর, সাম্পদোরিয়া বা অ্যাডিলেডের এমন প্রস্তাব, তা বলার অপেক্ষা রাখে না। তবে হাসিঠাট্টার এ সময়টায় কিন্তু ভীষণ ‘সিরিয়াস’ বায়ার্ন মিউনিখ। মেসিকে পেতে চায় কি না, এমন প্রশ্নের উত্তরে সোজাসাপটা না বলে দিয়েছেন ক্লাবের প্রধান নির্বাহী ও কিংবদন্তি কার্ল-হেইঞ্জ রুমিনেগে।
বিশ্বের যেকোনো ক্লাবই মেসি, রোনালদো কিংবা নেইমারদের পেতে চাইবেন। রোনালদো ক্লাবে থাকার সময়টাতেও নেইমারকে টানার চেষ্টা চালিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমনকি লা দেসিমা জেতার জন্য অস্থির হয়ে পড়া সময়টায় ক্লাবে রোনালদো-মেসি জুটি তৈরির প্রবল এক চেষ্টা চালিয়েছিলেন। মেসির বয়স ৩৩ হয়ে গেছে, বার্সা ছাড়লেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালে তিনি আসবেন না। পেরেজের স্বপ্ন এখন আর বাস্তব করা সম্ভব নয়, না হলে মেসিকে পাওয়ার তালিকায় হয়তো এখন রিয়াল মাদ্রিদও দাঁড়িয়ে পড়ত। কিন্তু মহাতারকাদের দলে টানার ব্যাপারে বরাবরই নেতিবাচক উত্তর দিয়েছেন রুমিনেগে।
তুত্তোস্পোর্ত যখন মেসিকে পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন রেখেছে রুমিনেগের কাছে, সদ্য চ্যাম্পিয়নস লিগজয়ী জার্মান ক্লাবের প্রধানের উত্তর, ‘না। আমরা এমন খেলোয়াড়ের মূল্য দিতে পারব না। আমাদের ক্লাবের নীতি ও দর্শনের সঙ্গে এটা যায় না।’ বরাবরই খেলোয়াড়দের অতিরিক্ত বেতন দেওয়ার বিরোধী রুমিনেগে। নেইমার, মেসি বা রোনালদোদের বেতন কর কেটে নেওয়ার পরও ৩ কোটি ইউরোর ওপর। বায়ার্ন মিউনিখ উল্টো বেতনের নির্দিষ্ট সীমা দেওয়ার পক্ষে, যেন কোনো ক্লাবই অতিরিক্ত বেতনের লোভ দেখিয়ে খেলোয়াড় টেনে নিতে না পারে।
মেসিকে নিয়ে সবার মধ্যে যেখানে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে, সেখানে আর্জেন্টাইন কিংবদন্তির বার্সেলোনা ছাড়ার প্রসঙ্গে দুঃখিত রুমিনেগে, ‘মেসির বার্সেলোনা ছাড়ার খবরে আসলেই দুঃখ পেয়েছি। লিও এই ক্লাবের হয়ে ইতিহাস গড়েছে। আমার মতে ওখানেই ক্যারিয়ার শেষ করা উচিত। এখানে ওদের ক্লাবের ভেতরের কিছু বিষয় আছে, যে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি চাইও না এ আলোচনায় ঢুকতে।’
বায়ার্ন মিউনিখ যেখানে বড় দলবদল থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, রিয়াল মাদ্রিদও যেখানে করোনার ধাক্কা সামলাতে এ মৌসুমে তারকা কিনবে না বলে ঘোষণা দিচ্ছে, সেখানে পিএসজি, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি মেসিকে নেওয়ার মতো বড় পরিকল্পনা করছে। রুমিনেগেও বিস্মিত তাদের আর্থিক শক্তি দেখে, ‘আমি আসলেই জানি না, ওরা এটা কীভাবে পারছে। আমার কাছে ব্যাপারটা অনেকটা লোটো (লটারি নির্ভর এক ধরনের জুয়া খেলা) খেলার মতো। এখানে অর্থ তো খুব বেশি নেই। হ্যাঁ, চেলসি এর মধ্যে ২৫ কোটি ইউরো খরচ করেছে, কিন্তু ওরা নিষেধাজ্ঞার কারণে দুই দলবদল মৌসুমে খরচ করতে পারেনি। কোভিডের এ সময় কারও জন্যই ভালো নয়। অনেক বিত্তশালী মালিক থাকলেই হয় না। তাকে অনেক অনেক ধনী হতে হবে (মেসির মতো খেলোয়াড়ের মূল্য ও বেতন দিতে চাইলে)।’
ম্যানচেস্টার সিটি , পিএসজি কিংবা ইন্টার মিলানের নতুন মালিকের ক্ষমতা অবশ্য প্রশ্নাতীত। কিন্তু মেসি যাবেন কোথায়?