মেসিকে চেলসিতে দেখতে চান ফ্যাব্রিগাস

সেস্ক ফ্যাব্রিগাস শুধু মেসির সাবেক ক্লাব বার্সেলোনা-সতীর্থই নন, ভালো বন্ধুও। সম্প্রতি ফ্যাব্রিগাসকে যখন প্রশ্ন করা হলো, মেসি যদি চেলসিতে চলেই আসেন, কেমন হবে? চেলসি মিডফিল্ডার জানালেন, খুব খুশি হবেন। মনেপ্রাণে তিনি চান, বার্সেলোনা ফরোয়ার্ড চলে আসুক তাঁর দলে।
মেসির চেলসিতে আসা প্রসঙ্গে সম্প্রতি রেডিও মার্কাকে ফ্যাব্রিগাস বলেছেন, ‘আমি এটা চাই! কেন নয়? এটা হলে ভীষণ ভালো লাগবে।’ তবে ফ্যাব্রিগাস মনে করেন, বার্সাতেই খেলোয়াড়ি জীবন শেষ করার যোগ্য মেসি। ২৭ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার বললেন, ‘ক্লাবকে যা দিয়েছে, একজন বার্সা খেলোয়াড় হিসেবে সেখানেই খেলোয়াড়ি জীবন শেষ করার দাবি রাখে মেসি। বার্সার ইতিহাস বদলে দিয়েছে, সে একজন কিংবদন্তি। তবে সতীর্থ ও বন্ধু হিসেবে নিঃসন্দেহে আমার দলে লিওকে চাইব।’ বার্সার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ফ্যাব্রিগাসের মূল্যায়ন, ‘এ মৌসুমে বার্সা দলটা যেন মেসি ও বাকি দশ। অনেকবার দলকে বাঁচিয়েছে সে (মেসি)।’
মাঝে গুজব উঠেছিল, মেসিকে স্টামফোর্ড ব্রিজে আনার তৎপরতা চালাচ্ছে চেলসি। পরে এ গুজব উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং চেলসি কোচ হোসে মরিনহো। সূত্র: মার্কা ও মেইল অনলাইন।