মেসিকে চোখ টিপছেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিদের হোটেলের বাইরে রোনালদোর প্রতিকৃতি। ছবি: রয়টার্স
মেসিদের হোটেলের বাইরে রোনালদোর প্রতিকৃতি। ছবি: রয়টার্স
এক দশক ধরে মেসি-রোনালদোর দাপট দেখছে ফুটবল-বিশ্ব। কিন্তু বিশ্বকাপ এলেই যেন দুজনের কী হয়! আর নকআউট পর্বের ইতিহাস বলে দিচ্ছে, এই দুই তারকাকে লড়তে হবে ইতিহাসের বিরুদ্ধেও


রাশিয়ায় মেসিদের ঘাঁটি কাজানে। সেখানে তাঁরা যেই হোটেলে থাকেন, তার সামনেই রোনালদোর প্রতিকৃতি রয়েছে একটি। রোনালদো চোখ টিপছেন এমন প্রতিকৃতি। মেসিরা কোনোরকমে শেষ ষোলোতে উঠেছেন আর রোনালদোর পর্তুগাল দাপট দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। সময়টা এখন রোনালদোর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর কাকতালীয় হলেও মেসিদের জানালা খুললেই রোনালদোর চোখ টিপ দেখতে পান। এটা কোনো ইঙ্গিত কি না, উত্তর দেবে সময়।

বিশ্বকাপে এখনো মেসি-রোনালদো দ্বৈরথ দেখা হয়নি ফুটবল-ভক্তদের। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা-পর্তুগাল নিজেদের ম্যাচে জয় তুলে নিতে পারলে বিশ্বকাপের মঞ্চে দেখা হয়ে যাবে সর্বকালের অন্যতম সেরা এই দুই ফুটবলারের। তবে বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে ইতিহাসটা যে কারও পক্ষে যায় না।

এক দশক ধরেই ফুটবল খেলাটা হয়ে গেছে রোনালদো-মেসিময়। কেউ এক বছর এই রেকর্ড করেন তো পরের বছর আরেকজন ভেঙে ফেলেন। ক্লাব ফুটবলে তাঁদের সামনে দাঁড়াতে পারে না কোনো দল। বিপক্ষ দলের রক্ষণভাগ তটস্থ থাকেন এই দুজনকে সামলাতে। বিশ্বকাপেও এই দুই তারকার ভীষণ মিল একটি জায়গায়। তবে এই গল্পটা একটু ভিন্ন। বিশ্বকাপ, বিশেষ করে নকআউট পর্বে এলেই মেসি-রোনালদো কেমন যেন এলোমেলো হয়ে যান।

এটা বলা হয়ে থাকে যে গ্রুপ পর্ব শেষ হলেই বিশ্বকাপ তার আসল রূপ নিয়ে হাজির হয়। কিন্তু আর্জেন্টিনা-পর্তুগালদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে একটি বিষয়, নকআউট পর্ব এলেই সময়টা খুব একটা ভালো যায় না আর্জেন্টিনা ও পর্তুগালের এই দুই তারকার। ইতিহাস তাই-ই বলে। এই দুই তারকার এটি চতুর্থ বিশ্বকাপ। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮—এই চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন তাঁরা। মেসি ও রোনালদো যথাক্রমে ম্যাচ খেলেছেন ১৮ ও ১৬টি। মেসি গোল করেছেন ৬টি। এখানে রোনালদো এগিয়ে। একটি গোল বেশি।

নকআউট পর্বেও এমন রোনালদোকে দেখতে চাইবেন ভক্তরা। ছবি: রয়টার্স
নকআউট পর্বেও এমন রোনালদোকে দেখতে চাইবেন ভক্তরা। ছবি: রয়টার্স

তবে ১০টি ব্যালন ডি’অর জয়ী এই দুই তারকা এখন পর্যন্ত বিশ্বকাপের নকআউট পর্বে কোনো গোল করতে পারেননি। তবে এবার দুজনে চাকাটি উল্টো দিকে ঘোরানোর ইঙ্গিত দিচ্ছেন। এবারের বিশ্বকাপে দুজনই যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। শুরুটা ছিল রোনালদোর, শেষটা মেসির।

ইতিহাস বদলে দিতে পারবেন তো মেসি! ছবি: রয়টার্স
ইতিহাস বদলে দিতে পারবেন তো মেসি! ছবি: রয়টার্স

২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে রোনালাদোর গোল ছিল তিনটি। তিন বিশ্বকাপে একটি করে গোল ইরান, উত্তর কোরিয়া আর ঘানার মতো দলের বিপক্ষে ছিল। আর এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন ৪ গোল। মেসি ২০০৬ নিজের প্রথম বিশ্বকাপে সার্বিয়া মন্টেনিগ্রোর বিপক্ষে এক গোলের দেখা পেলেও পরের আসরে একটিও গোল করতে পারেননি। গত বিশ্বকাপে করেছেন ৪ গোল। বসনিয়া-ইরানের বিপক্ষে একটি করে, নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল। এবারের বিশ্বকাপে একমাত্র গোলটিও নাইজেরিয়ার বিপক্ষে।

রোনালদোর সাত আর মেসির ছয় গোলের সব কটিই গ্রুপ পর্বে। নকআউট পর্বে দুজন মিলে খেলেছেন মোট ১০৯০ মিনিট। মেসি খেলেছেন ৬৬৬ মিনিট আর রোনালদো ৪২৪ মিনিট। এখন এই সংখ্যাকে কে কত বাড়িয়ে নিতে পারেন, তার মিশন শুরু হবে আজই। দুজনই মাঠে নামছেন নকআউট পর্বের প্রথম দিনে, নিজেদের নামের পাশে বেমানান এই রেকর্ডটিকেও নকআউট করে দিতে!