মেসিকে ছাড়া বিশ্বকাপেই যেতে পারবে না আর্জেন্টিনা!

সিজার লুই মেনোত্তির মনে শঙ্কা। মেসি না থাকলে আর্জেন্টিনার বিশ্বকাপে নাম লেখানোই না আবার কঠিন হয়ে পড়ে। আর্জেন্টিনার এই ফুটবল-গুরু মনে করেন, দেশের স্বার্থে মেসি নিশ্চয়ই এই সিদ্ধান্ত বদলাবেন।
১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন কোচ মেনোত্তি। মেসি-বিহীন আর্জেন্টিনার অবস্থাটা তিনি দেখতে পাচ্ছেন অভিজ্ঞ চোখ দিয়েই, ‘লাতিন আমেরিকা থেকে মাত্র পাঁচটি দেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। মেসি-বিহীন আর্জেন্টিনা আছে চূড়ান্ত পর্বে না যাওয়ার ঝুঁকিতে।’ মেসিকে ছাড়া বাছাই পর্ব খেললে ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা তো দেখছেন না বলেই হয়তো মেনোত্তি বলছেন, ‘আমাদের মনে হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করে দেওয়া উচিত।’
শতবর্ষী কোপার ফাইনালে চিলির বিপক্ষে হেরে যাওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন মেসি। বিশ্বকাপসহ আর্জেন্টিনার হয়ে চারটি বড় প্রতিযোগিতার ফাইনালের হারটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। মেসির এই ঘোষণাটা মেনে নিতে পারছে না অনেকেই। সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে বুয়েনস এইরেসের রাস্তায় বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন কেউ কেউ।
আর্জেন্টিনার সাবেক ফুটবলারদের প্রায় সবাই মেসিকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। মেনোত্তির মতো ফুটবল-ব্যক্তিত্ব এই দলে যোগ দিয়ে আর্জেন্টিনার ফুটবলে মেসির গুরুত্বটা ভালোভাবেই বোঝালেন।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। বাছাইপর্বের পয়েন্ট তালিকায় এখনো পর্যন্ত শীর্ষে অবস্থান করছে উরুগুয়ে। সূত্র: ফোরফোরটু।