মেসিকে ছাড়া বেশি কিছু আশা করতে চান না বার্সা কোচ

বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলনে লিওনেল মেসিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারানোর পরও দলটির কোচ রোনাল্ড কোমান মেসির অভাব টের পাওয়ার কথা বলেছিলেন। পরের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের পর সেটি আবারও পুনর্ব্যক্ত করেছেন অনুমিতভাবেই।  আজ নিজেদের মাঠে হেতাফের বিপক্ষে লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বার্সেলোনা। এ ম্যাচের ফল যেটিই হোক, আগে থেকেই যেন একটা ‘অজুহাত’ দিয়ে রাখলেন কোমান—মেসিকে ছাড়া কোনোভাবেই বার্সেলোনা বিশ্বের সেরা দল হতে পারবে না!

মেসির অভাবটা বুঝতে পারছেন কোমান
ছবি: রয়টার্স

এবারের গ্রীষ্মকালীন দল বদলে অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে বার্সেলোনা। কোমানের পছন্দের খেলোয়াড় ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইকে পেয়েছে তারা। দলে এনেছে সের্হিও আগুয়েরোসহ আরও কয়েকজনকে। কিন্তু অর্থের অভাব আর বেতন কাঠামোর জন্য তাদের ছেড়ে দিতে হয়েছে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। দলের সেরা খেলোয়াড়কে হারানোর শোক যেন কিছুতেই ভুলতে পারছেন না বার্সার ডাচ কোচ।

হেতাফের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আরেকবার মেসির অভাবের কথা সবাইকে মনে করিয়ে দিলেন বার্সেলোনার কোচ, ‘যারা এ ক্লাবকে ভালোবাসে তাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারি। কিন্তু ক্লাবের আর্থিক অবস্থা এখন খুব বেশি ভালো নয়। এটা ঠিক যে মেসিকে হারানোটা খুব হতাশার। কিন্তু আপনাদের বাস্তববাদী হতে হবে। আর্থিক দিক থেকে আমরা প্যারিস (পিএসজি), সিটি বা ইউনাইটেডের সঙ্গে কুলিয়ে উঠতে পারব না। এটাই বাস্তবতা এবং এটা আমাদের মেনে নিতে হবে।’

পিএসজির অনুশীলনে লিওনেল মেসি
ছবি: রয়টার্স

‘ফ্রি এজেন্ট’ মেসিকে বড় অংকের বেতনে দলে টেনেছে পিএসজি। অন্যদিকে সিটি গ্রীষ্মকালীন দল বদলে কিনেছে ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাক গ্রিলিশকে। আর ইউনাইটেড দুদিন আগেই ঘরে ফিরিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রতিপক্ষের খেলোয়াড় তালিকার দিকে তাকিয়ে কোমানের উপলব্ধি—এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সেরা হওয়াটা কঠিনই হবে, ‘আমরা সর্বোচ্চ ভালোর আশাই করি। আমাদের জয়ের মানসিকতা থাকতে হবে। কিন্তু আমরা বিশ্ব সেরা হওয়ার আশা করতে পারি না। আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছি। আমি সবাইকে বলতে চাই যে আমাদের বাস্তববাদী হতে হবে।’

বরাবরের মতো খুব বেশি আশা না করার আহ্বান জানিয়ে কোমান বলেছেন, ‘আমরা সব সময়ের মতো আশা করতে পারি না। কারণ দল এবার অন্যরকম। আমরা রোমাঞ্চকর ভবিষ্যতের আশায় একটি দল গড়ছি। আপনাদের ধৈর্য ধরতে হবে।’