মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অরে মেসি যুগের পর কি রোনালদো যুগ শুরু হলো? ক্রিস্টিয়ানো রোনালদো টানা দুবার জেতার পর প্রশ্নটা উঠতেই পারে। অথচ এর আগে টানা চারবার জিতে ট্রফিটাকে একরকম নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন মেসি। সব মিলিয়ে তিনবার ব্যালন ডি’অর জেতা রোনালদো এখনো পিছিয়ে মেসির চেয়ে। শেষ পর্যন্ত এই দ্বৈরথে কে জিতবেন, সেটা জানার জন্য আরও বছর কয়েক অপেক্ষা করতেই হচ্ছে। তবে রোনালদোর রিয়াল পূর্বসূরি জিনেদিন জিদান কিন্তু এ দ্বৈরথের বরমাল্য পরিয়ে দিচ্ছেন উত্তরসূরির গলাতেই, ‘সে (রোনালদো) আরও ট্রফি জিতবে। এখন সে যা করছে, সেটা স্রেফ অন্য জগতের। এভাবে খেলতে থাকলে সে আরও ট্রফি জিতবে। এমনকি মেসির চেয়েও বেশি ট্রফি জিততে পারে।’
তবে বিস্ময়করভাবে একজন কিন্তু রোনালদোর ব্যালন ডি’অর জয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বার্সেলোনার ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। তাঁর যুক্তি, ‘সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের সঙ্গে দলীয় অর্জনের একটা সমন্বয় থাকা উচিত। ব্যাপারটা একটু হাস্যকর, টানা দুই বছর পুরস্কারটা এমন একজনের কাছে গেল যে আহামরি কিছু খেলেনি, খুব বেশি শিরোপাও জেতেনি।’ তাহলে ব্যালন ডি’অর কার জেতা উচিত ছিল? ক্রুইফ বেছে নিলেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে, ‘দুই বছর আগে বায়ার্ন সম্ভাব্য সব শিরোপা জেতার পরেও টনি ক্রুস বা বায়ার্নের কাউকে না দিয়ে রোনালদোকে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে ক্রুস জার্মানিকে বিশ্বকাপ জেতানোয় বড় ভূমিকা রেখেছে, অথচ সে শেষ তিনেই নেই। আর রোনালদো তো ব্রাজিলে দর্শকই হয়ে ছিল। এটা পরিষ্কার, ফিফা এই পুরস্কারটা খুব একটা গুরুত্বই দিচ্ছে না।’ ইএসপিএন, মার্কা।