মেসিকে ছেড়ে দিলে জেলে যেতে হবে বার্তোমেউকে?

মেসির ক্লাব ছাড়ার ঘোষণার পরও বার্তোমেউ নিজের দিকটাই দেখছেন।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-বার্সেলোনা দ্বন্দ্ব এক পর্বের নাটক হবে না সেটা প্রথমেই বোঝা গিয়েছিল। কিন্তু এমন মেগা সিরিয়াল হবে এমনটাও ভাবা যায়নি। লিওনেল মেসি ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়, তাই তাঁকে সহজে ছাড়তে রাজি হওয়ার কথা নয় তাদের। কিন্তু আবার ক্লাবের সেরা খেলোয়াড় যখন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তখন সে সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও ভেবে দেখার সম্ভাবনা ছিল। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মেসি ও বার্সেলোনার মধ্যকার দ্বন্দ্বের কোনো সুরাহা হয়নি। বরং প্রতিদিনই পরিস্থিতি জটিল হচ্ছে।

মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তিতে লেখা ছিল, চাইলেই মৌসুম শেষে বিদায় নিতে পারবেন তিনি। আর মৌসুম শেষ হওয়ার ২০ দিন আগে যদি ক্লাব ছাড়ার ইচ্ছা না জানান, সে ক্ষেত্রে নতুন মৌসুমের জন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন মেসি। চুক্তির সে শর্ত দেখিয়ে গত ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছেন মেসি, তাঁকে মুফতে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ক্লাব অবশ্য সঙ্গে সঙ্গে সে দাবি উড়িয়ে দিয়েছে।

বার্সেলোনার দাবি, মেসির ক্লাব ছাড়ার ইচ্ছে কথা জানানোর শেষ সময় ছিল ১০ জুন, সেটা ১০ জুনই থাকবে। করোনার কারণে মৌসুম আগস্ট পর্যন্ত পেছালেও মেসির চুক্তির শর্তের সে মেয়াদ তো আর পেছানো হয়নি। ফলে মেসি এখনো বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ এবং তাঁকে নিতে চাইলে অন্য ক্লাবকে অর্থ খরচ করেই নিতে হবে। আর বার্সেলোনার অনিচ্ছায় নিতে চাইলে সে অঙ্কটা হতে হবে ৭০ কোটি ইউরো। মেসিকে আটকানোর জন্য প্রাণপণ চেষ্টাই চালাচ্ছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। যে বার্তোমেউর ওপর অসন্তুষ্ট হয়েই মূলত ক্লাব ছাড়তে চান মেসি।

মেসিকে ছাড়তে না চাওয়ার বহু কারণই আছে বার্তোমেউর। সর্বকালের সেরা খেলোয়াড়কে হারানোর প্রভাব মাঠে পড়বে, মেসির মতো তারকাকে হারানোর ফলে ক্লাব আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। আর ক্লাবের ইতিহাস মনে রাখবে বার্তোমেউই সেই সভাপতি যিনি মেসিকে ক্লাব ছাড়তে দিয়েছেন। মেসিকে ধরে রাখার জন্য আরও একটি কারণ আছে বার্তোমেউর। অন্তত গিয়েম বালাগের তথ্য যদি ভুল না হয়ে থাকে। বিবিসির এই স্প্যানিশ সাংবাদিক কাল টুইটারে মেসির দলবদল নিয়ে টানা টুইট করেছেন। সেখানেই বার্তোমেউ কেন মেসিকে যেতে দিতে চান না তার একটা ব্যাখ্যা দিয়েছেন।

এমন হাসিখুশি সম্পর্কের কথা এখন আর চিন্তাও করা যায় না।
ফাইল ছবি

এ ব্যাপারে বালাগের দাবি, ‘বার্তোমেউ তাঁর প্রতিদ্বন্দ্বীদের শক্তিশালী করতে চান না। তিনি যদি মেসিকে এখন কমদামে (বা বিনা মূল্যে) বিক্রি করেন, পরবর্তী ক্লাব সভাপতি কিংবা ক্লাবের মৌসুম টিকিটধারীরা সম্পদের অপব্যবহার করার অভিযোগ তুলতে পারেন তাঁর বিরুদ্ধে। এর ফলে তার নিজের পকেট থেকে বিশাল অঙ্ক (ক্ষতিপূরণ হিসেবে) দিতে হতে পারে কিংবা জেলেও যেতে হতে পারে! তাই মেসির ক্লাব ছাড়া শেষ পর্যন্ত আটকাতে চান বার্তোমেউ।’

বালাগের এই যুক্তিটা হয়তো একটু ব্যাখ্যা করা প্রয়োজন। আধুনিক ফুটবলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাব এখন বিরল হয়ে উঠেছে। এখন অধিকাংশ ক্লাবই কোনো না কোনো ধনকুবের কিংবা কোনো ব্যবসায়িক গ্রুপের মালিকানাধীন। কিন্তু বার্সেলোনা ও রিয়ালের সে ধরনের কোনো মালিক নেই। বরং ক্লাবের সদস্যরাই এ ক্লাবগুলোর সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। ক্লাবের মৌসুম টিকিটধারীরাই (শেয়ার বাজারের মতো) এক অর্থে ক্লাবের মালিক। এবং ক্লাবের আয় ব্যয়, সম্পদ বৃদ্ধি প্রভাব ফেলে সদস্যদের ওপরও। ফলে সদস্যরা চাইলেই ক্লাবের যেকোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারেন, আইনি ব্যবস্থা নিতে পারেন।

মেসির বাই আউট ক্লজ ৭০ কোটি ইউরো, এবং যদি বার্সেলোনা মেসিকে ধরে রাখতে নাও পারে ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির কাছে অনায়াসে ২০ কোটি ইউরো আদায় করে নিতে পারবে যদি সে ক্লাব মেসিকে পেতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। কিন্তু মেসিকে মুফতে ছেড়ে দিলে সে আয় থেকে বঞ্চিত হবে ক্লাব। আর এত বড় তারকা চলে গেলে স্পনসরদের সুবাদে আয়ও কমে যাবে ক্লাবের। এভাবে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ আয়ে এমন নেতিবাচক প্রভাব রাখা সিদ্ধান্ত নেওয়ার ফলে বার্তোমেউর বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব। সে ক্ষেত্রে নিজের পকেট থেকে সে ক্ষতিপূরণ দিতে হতে পারে বর্তমান সভাপতিকে।

‘ক্লাবের চেয়েও বেশি কিছু’-এ স্লোগান বার্তোমেউর সময়টায় আর দাবি করতে পারে না বার্সেলোনা।
ছবি: রয়টার্স

কিছুদিন আগেই নিজের পকেট থেকে অর্থ ব্যয়ে বার্তোমেউর কত আপত্তি, সেটা দেখিয়ে দিয়েছেন আর্থার মেলো ও মিরালেম পিয়ানিচের দলবদলে। ক্লাবের লোকসান হলে, সেটা বর্তমান ক্লাব সভাপতির ব্যক্তিগত সম্পত্তি থেকে গ্যারান্টি নেওয়া হয় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাওর মতো ক্লাবগুলোতে। এ মৌসুমে তাই নিজেকে বাঁচানোর জন্য ক্লাবের ভবিষ্যৎ ভুলে আর্থারকে বিক্রি করে দিয়েছেন বার্তোমেউ। সে ক্ষেত্রে তাঁর ঝুঁকিটা ছিল ১১ কোটি ইউরোর মতো। কিন্তু মেসির মূল্য বার্সেলোনার কাছে এর চেয়ে অনেক অনেক বেশি। ফলে ক্লাবের সদ্য কিংবা ভবিষ্যৎ সভাপতি বিশাল এক অঙ্কের ক্ষতিপূরণের অঙ্ক দাবি করে বসতে পারেন বার্তোমেউর কাছে। আর সে ক্ষেত্রে সেটা দিতে না পারলে ক্লাবের সম্পদের অপব্যবহার করায় জেলে যাওয়ার ঝুঁকিতে থাকবেন বার্তোমেউ।

বরাবরই নিজের লাভকে বড় করে দেখা বার্তোমেউ তাই কোনো ঝুঁকি নিতে রাজি নন। বরং মেসিকে আর এক বছর ধরে রেখে আগামী মৌসুমে মুফতে ছেড়ে দিতে রাজি তিনি। কারণ এর মধ্যে ক্লাবে নির্বাচন হয়ে যাবে। আর মেসির বিদায় সংক্রান্ত সমস্যা তখন আর অন্তত তাঁর পকেটে কোনো প্রভাব ফেলবে না।