মেসিকে জায়গা করে দিতে রোনালদোর সাবেক ক্লাবে গেলেন তিনি
সেভিয়া থেকে ২০১৯ সালে যখন পিএসজিতে নাম লিখিয়েছিলেন, তখনই চোখ কপালে উঠে গিয়েছিল অনেকের।
পিএসজির মতো ক্লাব, যারা সব সময় তক্কে তক্কে থাকে বড় নামগুলোকে দলে টানার জন্য, সে নীতির সঙ্গে পাবলো সারাবিয়ার নামটা ঠিক যায় না। এমবাপ্পে, নেইমার, দি মারিয়া, ইকার্দিদের সঙ্গ দেওয়ার জন্য তবু এই স্প্যানিশ উইঙ্গারের পিছে ১ কোটি ৮০ লাখ ইউরো খরচ করেছিল পিএসজি।
খুব যে বাজে খেলেছেন, বলা যাবে না। এটা জেনেই এসেছিলেন, নেইমার-এমবাপ্পেদের জন্য মূল একাদশে সুযোগ হবে কালেভদ্রে। তা–ও মোটামুটি সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৯ ম্যাচ খেলে গোল করেছেন ২২টা। হয়তো এই মৌসুমেও পিএসজিতে থাকতেন। কিন্তু মেসি দলে এসে গিয়েছেন যে!
পিএসজির আক্রমণভাগে আগে থেকেই তারার মেলা ছিল, মেসি আসার পর জৌলুশ বেড়েছে আরও বেশি। তা ছাড়া যাচ্ছি, যাব করে এমবাপ্পেও ক্লাব ছাড়েননি। ফলে মেসিকে জায়গা করে দেওয়ার জন্য, নিয়মিত মেসি, নেইমার, এমবাপ্পে, দি মারিয়াদের খেলানোর জন্য কাউকে না কাউকে ক্লাব ছাড়তে হতোই। তাই এমন একজনই বিদায় নিলেন, নামযশে যিনি মেসিদের চেয়ে যোজন যোজন পিছিয়ে। সেই পাবলো সারাবিয়াই ছাড়লেন দল। মেসিকে জায়গা করে দেওয়ার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব স্পোর্তিং লিসবনে ধারে যোগ দিয়েছেন তিনি।
তবে সারাবিয়াকে পিএসজি যে এমনি এমনি স্পোর্তিংয়ে পাঠিয়েছে, তা কিন্তু নয়। কড়ায়-গন্ডায় সারাবিয়ার জন্য উপযুক্ত মূল্য বুঝে নিয়েছে।
স্পোর্তিংয়ের এই দলেরই শুধু নয়, জোয়াও ফেলিক্স–পরবর্তী যুগে পর্তুগিজ লিগের সবচেয়ে বড় প্রতিভা মানা হচ্ছে পর্তুগিজ লেফটব্যাক নুন মেন্দেসকে। স্পোর্তিংয়ের হয়ে হোক বা জাতীয় দলের হয়ে হোক, নিজের খেলা দিয়ে এর মধ্যেই মুগ্ধ করেছেন অনেককে। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, পেপ গার্দিওলার মতো কোচ ম্যানচেস্টার সিটিতে আনতে পারেন মেন্দেসকে।
সেই মেন্দেসকে আর সিটির পাওয়া হলো না। সারাবিয়াকে স্পোর্তিংয়ে ধারে পাঠিয়ে উল্টো সেখান থেকে মেন্দেসকে ধারে দলে টেনেছে পিএসজি। মেসি-রামোস দলে আসার পরও কাগজে-কলমে পিএসজির একাদশে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, সেটা এই লেফটব্যাক পজিশনেই।
বছরের পর বছর ধরে লেভিন কুরজাওয়া, হুয়ান বের্নাত, আবদু দিয়ালোরা খেলে গেলেও তাঁদের কেউই ঠিক বিশ্বমানের লেফটব্যাক নন। মেন্দেস আসার ফলে পিএসজির সে অভাবটাও ঘুচল!