মেসিকে ধরতে চান রোনালদো

থিয়েরি অঁরির হাতে মুখবন্ধ সোনালি খাম। মঞ্চে তাঁর পাশে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। সামনের সারিতেই তিনটি উৎকণ্ঠিত মুখ। পুরো অভিনয় প্রতিভা দিয়েও যে উৎকণ্ঠা আড়াল করতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ম্যানুয়েল নয়্যার। অঁরির হাতের মুখবন্ধ খামে আছে তাঁদের যেকোনো একজনের নাম।
প্রায় যন্ত্রমানবের মতো খামটা খুললেন সাবেক ফরাসি স্ট্রাইকার। তারপর একটুও নাটকীয়তা না করে ঘোষণা করলেন নামটা। ক্রিস্টিয়ানো রোনালদো।
নয়্যারের চোখের পলক পড়ল দুবার। শীতে ঠোঁটফাটা হাসি দিলেন মেসি। কারও দিকে না তাকিয়ে রোনালদো উঠে এলেন মঞ্চে। উৎকণ্ঠা সরে গিয়ে মুখে তখন রাজ্যের আলো। একান-ওকান হয়ে গেছে হাসিটাও। টানা দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর ট্রফি হলো তাঁর, সব মিলিয়ে তিনবার।
জুরিখের কংগ্রেস হাউসে এরপর রাতটা শুধুই রোনালদোর। মাইক্রোফোনের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুরুটা করেছিলেন খুব নিয়ন্ত্রিতভাবে, ‘যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’ তারপর একে একে সেই ধন্যবাদের তালিকায় যোগ হলো তাঁর ছেলে, মা, বাবা, পরিবার, সতীর্থ, কোচ, রিয়াল মাদ্রিদের সভাপতি এমন আরও অনেকের নাম। কিন্তু ছোট বক্তৃতার শেষটা হলো এক হুংকার দিয়ে। আর তাতেই বেরিয়ে এল আসল উচ্ছ্বাসটা।

২০০৭ সালে প্রথম ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় এসেছিলেন রোনালদো। পরের বছরই জেতেন প্রথম ট্রফিটাও। এরপর শুধু ২০১০ সালেই তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না। দ্বিতীয় হয়েছেন ২০০৯, ২০১১ ও ২০১২ সালে। মাঝের এই চার বছরই ব্যালন ডি’অরের ট্রফিটা গেছে মেসির হাতে। এরপর টানা দুবার আবার রোনালদো। সব মিলিয়ে এখনো মেসির চেয়ে একটা ট্রফি কম। এই ব্যবধান ঘোচানোই এখন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের প্রতিজ্ঞা, ‘এই নিয়ে আমি আটবার (আসলে সাতবার) এখানে এলাম। মেসি, আমি আর অন্য একজন—এটাই এখন নিয়ম হয়ে গেছে। কে পুরস্কার জিতবে, এ নিয়ে আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না। তবে এবার আমার বড় সুযোগ আছে বলেই মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল, এটা আমার পাওনা। আবার মেসিও পেতে পারত। আসলে আমাদের তিনজনের যে কারওই হতে পারত। আমার জন্য তাই এটা অবিস্মরণীয় এক মুহূর্ত। তবে আমি এখানেই থামছি না। মেসিকে ধরতে চাই।’
তিন বা এর বেশিবার ব্যালন ডি’অর জেতা ‘অভিজাত’ ফুটবলারের তালিকায় মেসি, রোনালদো ছাড়া আছেন শুধু ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেন। তবে শুধু কিংবদন্তিদের পাশে নাম তুলেই সন্তুষ্ট নন রোনালদো, হতে চান সর্বকালের অন্যতম সেরাও, ‘আমি কখনো ভাবিনি যে তিনবার এ ট্রফি জিততে পারব। স্বভাবতই খুব আপ্লুত এবং এটাই আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি চাই সর্বকালের অন্যতম সেরা হতে। আর সেটার জন্য কতটা পরিশ্রম করতে হবে, তাও জানি।’ এএফপি, গোলডটকম।
রোনালদোর ২০১৪
লা ডেসিমা ও চ্যাম্পিয়নস লিগে গোলের রেকর্ড
গত মৌসুমে রিয়ালের অনেক আরাধ্য লা ডেসিমা জয়ের অন্যতম নায়ক রোনালদো। যে ট্রফি জয়ের পথে ১১ ম্যাচে ১৭ গোল করে পর্তুগিজ উইঙ্গার ভেঙে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগে মেসির এক মৌসুমে করা ১৫ গোলের রেকর্ডও।
হ্যাটট্রিকের রাজা
গত মাসে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় নিজের ২৩তম হ্যাটট্রিক করেছেন রোনালদো, ভেঙে দিয়েছেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারার যৌথ ২২ হ্যাটট্রিকের রেকর্ড।
পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা
পলেতার ৪৭ গোলের রেকর্ড ভেঙে হয়েছেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সিতে এখন রোনালদোর গোল ৫২টি।
বার্নাব্যুতে অপ্রতিরোধ্য
গত বছর ঘরের মাঠে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে লিগের যতগুলো ম্যাচ হয়েছে, সব কটিতেই গোল পেয়েছেন। ১৪ ম্যাচে করেছেন ২৩ গোল।
এ মৌসুমেও দুর্দান্ত
গোলক্ষুধা দিন দিন যেন বেড়েই চলেছে রোনালদোর। এই মৌসুমেও লা লিগায় এরই মধ্যে ১৬ ম্যাচে করেছেন ২৬ গোল! লা লিগায় টানা ছয় মৌসুম ২৫টির বেশি গোল করা প্রথম খেলোয়াড় তিনি!
এক নজরে
ফিফা ব্যালন ডি’অর
ক্রিস্টিয়ানো রোনালদো
বর্ষসেরা কোচ
জোয়াকিম লো (জার্মানি)
বর্ষসেরা গোল
হামেস রদ্রিগেজ
(কলম্বিয়া, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে গোল)
বর্ষসেরা নারী ফুটবলার
নাডিন কেসলার
(জার্মানি/ভলফ্সবুর্গ)
নারী দলের বর্ষসেরা কোচ
রালফ কেলারমান (ভলফ্সবুর্গ)
ফেয়ার প্লে’ পুরস্কার
ফিফার স্বেচ্ছাসেবীরা
ফিফা প্রেসিডেনশিয়াল পুরস্কার
হিরোশি কাগাওয়া
(জাপানি ক্রীড়া সাংবাদিক)
ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (জার্মানি/ বায়ার্ন মিউনিখ)
ডিফেন্ডার: ফিলিপ লাম (জার্মানি/ বায়ার্ন মিউনিখ), সার্জিও রামোস (স্পেন/ রিয়াল মাদ্রিদ), ডেভিড লুইজ (ব্রাজিল/পিএসজি), থিয়াগো সিলভা (ব্রাজিল/ পিএসজি)
মিডফিল্ডার: অ্যাঙ্গেল ডি মারিয়া (আর্জেন্টিনা/ ম্যানচেস্টার ইউনাইটেড), টনি ক্রুস (জার্মানি/ রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/ বার্সেলোনা)
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/ রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/ বার্সেলোনা), আরিয়েন রোবেন (হল্যান্ড/ বায়ার্ন মিউনিখ)।