মেসিকে ধরতে যাওয়া দর্শকের পরিচয় নিয়ে ধোঁয়াশা

তাড়াতাড়ি নিরাপত্তারক্ষীরা এসে সেই দর্শককে মাঠ থেকে বের করে নিয়ে যানছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের তখন ৭২ মিনিট। আশরাফ হাকিমির লাল কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয়েছে পিএসজি। মাঠে মেসি, নেইমার, এমবাপ্পে থাকলেও মার্শেইয়ের মাঠে বিরূপ পরিস্থিতির মধ্যে একটা গোলের জন্য হাপিত্যেশ করে মরছে পিএসজি।

উইলিয়াম সালিবা, লুয়ান মেন্দেস, মাতেও গেনদোজি, বুবাকারি কামারা দাঁতে দাঁত চেপে মেসিদের একের পর এক আক্রমণ সামলে যাচ্ছেন। পিএসজি একজন কম নিয়ে খেললেও মেসি-এমবাপ্পেদের আক্রমণের ধার আর মার্শেইয়ের রক্ষণ করার বহর দেখে মনে হচ্ছিল পিএসজি নয়, মার্শেই-ই বুঝি একজন কম নিয়ে খেলছে।

মেসিকে ধরতে এসেছিলেন মার্শেইয়ের একজন দর্শক
ছবি : রয়টার্স

ঠিক এমন সময় অপ্রত্যাশিত এক ‘সাহায্য’ পেলেন মার্শেইয়ের খেলোয়াড়েরা। রক্ষণ করতে এগিয়ে এলেন আরও একজন, নামলেন মেসিকে থামাতে।

মেসি তখন মাঠের ডান প্রান্ত থেকে আস্তে আস্তে বল নিয়ে মার্শেইয়ের ডি-বক্সে ঢোকার চেষ্টা করছেন। ডান দিক থেকে মার্শেইয়ের একেকজন ডিফেন্ডারকে এড়িয়ে মাঝখানে চলে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই এল ওই ‘সাহায্য’। কোনো খেলোয়াড় নন, তাঁকে ধরতে এসেছিলেন মার্শেইয়ের একজন দর্শক!

সেই লোককে পুলিশি হেফাজতে রাখা হয়েছে
ছবি : রয়টার্স

নিরাপত্তারক্ষীদের ব্যুহ ভেদ করে সে দর্শক মেসির সান্নিধ্য পাওয়ার জন্য ঢুকে গিয়েছিলেন মাঠে। পেছন থেকে দৌড়ে এসে মেসিকে আটকাতে চাইলেন খানিক। পেছন পেছন ছুটলেন।

মেসি তখনো দেখেননি তাঁকে। আশপাশের খেলোয়াড়দের অবস্থা আর রেফারির বাঁশি শুনে মেসিও বুঝলেন, সমস্যা হচ্ছে কোনো এক জায়গায়। তারপর তো খেলাই বন্ধ হয়ে গেল। খুব তাড়াতাড়ি নিরাপত্তারক্ষীরা এসে সেই দর্শককে মাঠ থেকে বের করে নিয়ে যান।

কিন্তু ব্যাপারটা আরও গোলমেলে হয়ে গেছে এরপর। মাঠ থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়ার পর পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, সে লোক মার্শেইয়ের মাঠ স্তাদে ভেলোদ্রোমের নিয়মিত দর্শকই নন!

নিয়মিত ম্যাচ দেখতে আসেন না। ক্লাবের অমন সমর্থকও নন, যিনি গোটা মৌসুমের টিকিট কিনে রেখেছেন। শুধু তা-ই নয়, জানা গেছে, সেই লোকের সঙ্গে কোনো পরিচয়পত্রও ছিল না। পুলিশের সঙ্গে কথা বলতে বারবার আটকাচ্ছিলেন। সমস্যায় পড়ছিলেন নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে। এমনকি ওই এলাকায়ও থাকেন না তিনি!


সব মিলিয়ে ব্যাপারটা তাই বড্ড গোলমেলে। কেন গিয়েছিলেন সেই লোক? মেসির ক্ষতিসাধন করাই কি তাঁর উদ্দেশ্য ছিল?