‘মেসিকে না পেয়ে আগুয়েরো নিজেকে খুন করতে চাইছে’

ক্লাবেও মেসির সঙ্গে খেলতে চান আগুয়েরোফাইল ছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় বন্ধু লিওনেল মেসি পিএসজিতে আসার কারণে আরেক আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া বেশ খুশি। এতই খুশি যে, মনের আনন্দে অনেক কিছুই বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি থেকে শুরু করে রোনালদো, আগুয়েরো, এমবাপ্পে, পিএসজি সবাইকে নিয়েই কিছু না কিছু বলেছেন। রোনালদোর ব্যাপারে যেমন বলেছেন, মেসিকে পিএসজিতে আসতে দেখে রোনালদো রাগে নিজের চুল ছিঁড়ছেন!

কিছুদিন আগেই বার্সায় এসেছেন আগুয়েরো
ফাইল ছবি : রয়টার্স

অবশ্য দি মারিয়ার এমন বলার পেছনে কারণও আছে। মেসি, এমবাপ্পে, রামোস, নেইমার, দোন্নারুম্মা, হাকিমি, ভেরাত্তি — পিএসজি যেন চাঁদের হাট। চ্যাম্পিয়নস লিগে এবার মাঠে নামার আগেই ফেবারিট পিএসজি, বলাই যায়। এমন দলে খেলতে চাইবেন যেকোনো ফুটবলার—দি মারিয়া এই বিশ্বাস থেকে বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোও হয়তো এই দলে থাকতে না পেরে মাথার চুল ছিঁড়ছেন। তবে শুধু রোনালদোই নয়, দি মারিয়ার মতে আরও একজন আছেন, যিনি মেসিকে পিএসজিতে আসতে দেখে বেশ কষ্টে আছেন, হয়তো সেই কষ্টে নিজেকে মেরেও ফেলতে পারেন!

বলা বাহুল্য, কথাটা মজা করেই বলেছেন দি মারিয়া। কথাটা বলেছেন আরেক স্বদেশি সতীর্থ সের্হিও আগুয়েরোর দিকে ইঙ্গিত করে। মেসির সঙ্গে আগুয়েরোর বন্ধুত্বের বিষয়টা কারওর অজানা নয়। বলতে গেলে মেসির জন্যই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন না করে বার্সেলোনায় নাম লিখিয়েছেন আগুয়েরো, প্রিয় বন্ধুর সঙ্গে ফি হপ্তায় খেলবেন বলে। কিন্তু কীসের কি!

মেসি এখন পিএসজিতে
ছবি: পিএসজি

এক দরজা দিয়ে আগুয়েরো বার্সায় ঢুকেছেন, তো আরেক দরজা দিয়ে বিদায় নিয়েছেন মেসি। এমন অবস্থায় রাগে-কষ্টে নিজেকে মেরেই ফেলতে পারেন আগুয়েরো, এটাই বলেছেন দি মারিয়া, ‘কুন নিজেকে মেরে ফেলতে চায়, কী আর করার! মেসি তো ওকে ছেড়ে চলে গিয়েছেই, এ ছাড়াও ও আবার চোটে পড়েছে। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে। ওটাই সবচেয়ে বড় খারাপ খবর।’

চোটের কারণে আগামী নভেম্বর পর্যন্ত মাঠে নামতেই পারবেন না আগুয়েরো। ওদিকে বেতন-নীতি নিয়ে জেরবার থাকা বার্সেলোনা লিগের জন্য নতুন খেলোয়াড়দের নিবন্ধনও করতে পারছে না। মেম্ফিস ও গার্সিয়াকে নিবন্ধন করাতে পারলেও চোটের কারণে বার্সেলোনা এখনই আগুয়েরোকে নিবন্ধন করায়নি। চোট সারার অপেক্ষা করছে। ফলে চাইলে আগুয়েরো এখনো বার্সেলোনা ছাড়তে পারেন।

অবশেষে আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সঙ্গে খেলবেন দি মারিয়া
ছবি : টুইটার

তবে মেসি পিএসজিতে আসায় দি মারিয়া বেশ খুশি। মেসি আসার কারণে শহরে যে বেশ কিছু পরিবর্তন এসেছে, সেটাও চোখে পরেছে দি মারিয়ার, ‘আমার মনে হয় লিও কাতালুনিয়ার চেয়েও এখানে ভালো থাকবে। ও প্যারিসে যেমন সম্ভাষণ পেয়েছে, তাতে সহজেই বোঝা যায় ও দলের জন্য কী কী করতে পারে, ও দলকে কী দিতে পারে। ওকে যে মানুষ কী পরিমাণ ভালোবাসে, সেটা প্রত্যেকটা অনুশীলনে বোঝা যাবে এখন। ওর জন্য এখন বাড়তি ২০০ মানুষ আমাদের দেখার জন্য বাইরে অপেক্ষা করবে।