মেসিকে নিয়ে বহুদূর যেতে চান নেইমার

গতবার লা লিগায় অভিষেকে পুরো মৌসুমে করেছিলেন ৯ গোল। এবার এরই মধ্যে ৫ ম্যাচে ৬ গোল নেইমারের নামের পাশে। কারণ কী? কারণ লিওনেল মেসিকে আরও ভালো বুঝতে পারা। কখন কোন রাগ ধরতে হবে, সেটা আগে থেকে ভালো করে বুঝতে পারলেই না তবে জমে যুগলবন্দী। এবার যেমন মেসির সরাসরি সহায়তায় একের পর এক গোল করে চলেছেন নেইমার। বরাবরই মেসির ভীষণ ভক্ত এই ব্রাজিল তারকা বলেছেন, মেসি-নেইমার জুটির আসল জাদু দেখছে সবাই।
কাল গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক করে ১৩ বছরের একটা শূন্যতাও মুছে দিলেন। সেই ২০০১ সালে বার্সেলোনার জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিলেন রিভালদো। এরপর বার্সার জার্সি গায়ে লা লিগায় কোনো ব্রাজিলিয়ান হ্যাটট্রিক করতে পারেননি। এমনকি রোনালদিনহোও নন। অবশেষে নেইমারের নামের পাশে এল সেই হ্যাটট্রিক। ম্যাচ শেষে বলটা তাই রেখে দিতে ভোলেননি নেইমার।
কালকের ম্যাচের পর ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘এই হ্যাটট্রিকে আমি খুশি। সতীর্থদের ধন্যবাদ জানাই আমাকে হ্যাটট্রিক পেতে সাহায্য করায়। বিশেষ করে মেসিকে। দলের সবার সঙ্গেই মেসির বোঝাপড়াটা ভালো মনে হয়। কিন্তু আমাদের দুজনের জুটিটা দুর্দান্ত জুটি হয়ে উঠছে। একসঙ্গে আমরা আগের চেয়ে আরও ভালো হয়ে উঠছি। সামনের কঠিন দিনগুলোর মুখোমুখি হতেও আমরা প্রস্তুত।’