মেসিকে নিয়ে অনিশ্চয়তা
এল সালভাদরের সঙ্গে শনিবারের ম্যাচে খেলেননি। লিওনেল মেসিকে নিয়ে অনিশ্চয়তার মেঘ এখন ইকুয়েডরের সঙ্গে ম্যাচেও। মেসি নামতে পেরেছেন কি না, উত্তরটা এর মধ্যেই জেনে গেছেন, যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রীতি ম্যাচটা তো আজ ভোরেই হয়ে গেছে।
তবে কাল পর্যন্তও মেসির খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। দলের সঙ্গে অনুশীলনও করেননি। কিন্তু ঠিক কোন চোট মেসিকে ভোগাচ্ছে সেটা নিয়েও রহস্যের ধোঁয়াশা। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো স্পষ্ট করে জানাননি মেসির চোট কী ধরনের। শুধু জানিয়েছেন, ডান পায়ে বুট পরলে সমস্যা হচ্ছে মেসির। অথচ বুট ছাড়া দৌড়াতে কোনো সমস্যা হচ্ছে না।
কিন্তু বার্সেলোনার হয়ে মাত্রই তো এল ক্লাসিকো খেলে এলেন। জানা যাচ্ছে, ওই ম্যাচেই চোট পেয়েছেন মেসি। মার্টিনোও কাল সংবাদ সম্মেলনে আভাস দিলেন, সম্ভবত বার্সেলোনা ফরোয়ার্ডকে বিশ্রামই দেওয়া হতে পারে, ‘মেসি খেলবে কি না, সেটা এখনই বলা কঠিন। এখনই সম্ভাবনাটা আমি বাতিল করে দিচ্ছি না। কিন্তু লিওকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না। শুধু ওকে না, কাউকে নিয়েই নয়। আসলেই কী হয়েছে সেটা জানার আগে এ রকম কিছু করা ঠিক হবে না।’
এল সালভাদরের সঙ্গে ম্যাচে তেভেজ-হিগুয়েইন জুটিকে খেলিয়েছিলেন মার্টিনো। আজও এই দুজনকে শুরু থেকে দেখার সম্ভাবনাই বেশি। তেভেজ অবশ্য প্রীতি ম্যাচের গণ্ডি ছাড়িয়ে পাখির চোখ করছেন এই বছরের কোপা আমেরিকাকে, ‘খেলোয়াড়দের সবার এই সুযোগ কাজে লাগাতে হবে। দলের জন্য একটা শিরোপা জেতা খুবই গুরুত্বপূর্ণ। তবে কাজটা মোটেই সহজ হবে না, কারণ অন্য দলগুলোও ভালো ফর্মে আছে।’ ইএসপিএন, বুয়েনস এইরেস হেরাল্ড।