মেসিকে নিয়ে কেমন হবে আগামীর বার্সেলোনা?

নতুন বার্সেলোনার কান্ডারি হবেন মেসিই।ছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সার আশা ছিল নতুন কোচ রোনাল্ড কোম্যানের পরিকল্পনার মধ্যমণি হিসেবে লিওনেল মেসিকে রেখে দলটাকে নতুনভাবে ঢেলে সাজানোর। মেসির ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছায় সেই আশা কুঁড়িতেই বিনষ্ট হতে বসেছিল। শেষমেশ মেসি জানিয়েছেন, প্রিয় ক্লাবেই থাকবেন। মেসি যেহেতু থাকছেন, মধ্যমণি হয়েই থাকবেন, এটা নিশ্চিত। সে ক্ষেত্রে কেমন হবে নতুন বার্সা?

ক্লাবটির ক্রীড়া পরিচালক পদ থেকে ছাঁটাই হওয়া এরিক আবিদালের জায়গায় এসেছেন রামন প্লানেস। দায়িত্ব নিয়েই সংবাদমাধ্যমকে শুনিয়েছিলেন আশার বাণী। বলেছেন, ‘আমরা মেসি ও তরুণদের নিয়ে পরিকল্পনা সাজাতে চাই।’ অর্থাৎ, নতুন দিনের বার্সেলোনা আরও বেশি ভরসা রাখতে চলেছে আনসু ফাতি, রিকি পুচ, রোনাল্ড আরাউহো, পেদ্রি, ফ্রানসিস্কো ত্রিনকাওদের ওপর। যাঁদের মূল কান্ডারি হিসেবে কাজ করবেন, পথ দেখাবেন মেসি।

বুড়ো খেলোয়াড়দের দল থেকে সরানোর কাজও শুরু হয়ে গেছে এর মধ্যে। ক্লাব ছেড়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ। ফিরেছেন নিজের সাবেক ক্লাব সেভিয়ায়। একই ভাগ্য বরণ করতে পারেন আর্তুরো ভিদাল। আন্তোনিও কন্তের ইন্টার মিলান বেশ ভালোভাবেই চাইছে চিলিয়ান মিডফিল্ডারকে। এত দিন ধরে দলের মূল স্ট্রাইকার থাকা লুইস সুয়ারেজের ভবিষ্যতও অনিশ্চিত। বার্সেলোনার সঙ্গে দেনা-পাওনার হিসাব মিটে গেলেই মেসির সাহচর্য ছেড়ে রোনালদোর সঙ্গী হতে এই উরুগুইয়ান তারকা হয়তো চলে যাবেন জুভেন্টাসে।

ডাচ কোচ রোনাল্ড কোম্যান এসেই দলে নতুন কিছু তারকা আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে ডাচরা রয়েছেন পুরোভাগে। ফ্রেঙ্কি ডি ইয়ং যে মিডফিল্ডের মূল অংশ হতে যাচ্ছেন, এটা নিশ্চিত। শোনা যাচ্ছে আরেক ডাচ মিডফিল্ডার জর্জিনিও ভাইনালদামের কথা। ২৯ বছর বয়সী লিভারপুলের এই মিডফিল্ডারকে দলে আনতে চাইছে বার্সেলোনা। এমনিতেই লিভারপুলের সঙ্গে ভাইনালদামের চুক্তির আর মেরেকেটে এক বছর বাকি আছে, চাইলে বেশ কম দামেই এই মিডফিল্ডারকে পাবে বার্সা। এ ছাড়া, কোম্যান নিজে যখন নেদারল্যান্ডসের কোচ ছিলেন, ভাইনালদাম ছিলেন তাঁর দলের সহ-অধিনায়ক, মিডফিল্ডের অন্যতম প্রধান অস্ত্র। প্রিয় শিষ্যকে এত কম দামে পাওয়ার সুযোগ কোম্যান হেলায় হারাবেন বলে মনে হয় না।

জুভেন্টাস থেকে মাসখানেক আগে মিরালেম পিয়ানিচকেও এনেছে বার্সা। ফলে, মূল একাদশ থেকে আস্তে আস্তে হয়তো বিদায় নেবেন সার্জিও বুসকেটস।
দলে দরকার নতুন একজন স্ট্রাইকার। নির্ভরযোগ্য সূত্রের খবর, ডাচ স্ট্রাইকার ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মেমফিস ডিপাইয়ের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বার্সা। ডিপাইয়ের ক্লাব লিওঁর সঙ্গে সমঝোতায় পৌঁছালেই এই তারকা হয়তো পোজ দেবেন বার্সার জার্সি পরে।

দলের খোলনলচে বদলে মেসিকে নিয়ে এবার বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে কি না, দেখা যাক। সময় যে বেশি নেই আর!