মেসিকে নিয়ে কেমন হবে পিএসজির একাদশ?
গত দুই দিন কী ঝড়টাই না বয়ে গেল ফুটবল বিশ্বের ওপর দিয়ে!
বৃহস্পতিবার সকালেই খবর এল, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি মেসি। সব শর্তাবলি মানা হয়ে গিয়েছে, চুক্তিপত্রে শুধু সই করা বাকি। রাত আসতে না আসতেই পরিস্থিতি ঘুরে গেল ১৮০ ডিগ্রি। অবস্থার এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বুঝে ওঠার সময়ই পেলেন না বার্সেলোনার ভক্তরা, কাতালান ক্লাবটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, মেসির সঙ্গে যাত্রার এখানেই ইতি।
বিখ্যাত ডোরাকাটা ১০ নম্বর জার্সি গায়ে আর কখনই দেখা যাবে না ক্লাব ইতিহাসের শ্রেষ্ঠতম এই খেলোয়াড়কে। এই শোক কাটিয়ে একটু ধাতস্থ হতে না হতেই বার্সাপ্রেমীরা খবর পেলেন, মেসি পাড়ি জমাচ্ছেন পিএসজিতে। সাম্প্রতিক সময়ে যে ক্লাবটা মাঠের বাইরে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাতালানদের।
এককালে রক্ষণভাগকে নেতৃত্ব দেওয়ার জন্য থিয়াগো সিলভাকে চেয়েছিল বার্সেলোনা। এসি মিলানকে বাড়তি দলবদল ফি দিয়ে এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাককে দলে টানে পিএসজি। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির প্রতি আগ্রহ ছিল বার্সার, পিএসজি তাঁকে তো ছাড়েইনি, উল্টো বার্সা থেকে টেনে নিয়ে গেছে নেইমারকে। লা মাসিয়ার অন্যতম প্রতিভাধর খেলোয়াড় জাভি সিমোন্সকেও নিয়ে গেছে প্যারিসের ক্লাব। কিছুদিন আগে ডাচ তারকা জর্জিনিও ভাইনালডমকে দলে টানার ব্যাপারে বহুদূর এগিয়ে গিয়েছিল বার্সেলোনা, শেষমেশ পিএসজি এসে বার্সার বাড়া ভাতে ছাই দিয়ে দেয়। সেই পিএসজি এবার মেসিকেও নিয়ে যাচ্ছে বার্সার হাত থেকে। কাঁহাতক আর সহ্য করা যায়!
বার্সাভক্তদের সহ্য হোক আর না হোক, এটাই বাস্তব এখন। মেসিকে যে আর বার্সার জার্সিতে দেখা যাবে না, সেটা গতকালই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন দলটার নবনির্বাচিত সভাপতি হোয়ান লাপোর্তা। মেসিকে বার্সায় ধরে রাখা যার নির্বাচনী ইশতেহারের সবচেয়ে বড় বিষয় ছিল। লাপোর্তার অপারগতাই মুখে হাসি ফুটিয়ে দিল নাসের আল খেলাইফির, সঙ্গে বিশ্বজোড়া পিএসজির ভক্তদের। ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনার নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিক ও গণমাধ্যমের পাকা খবর এটাই। বাকি শুধু আনুষ্ঠানিকতার। সেটা হয়ে গেলেই নেইমারের সঙ্গে আবারও খেলতে দেখা যাবে মেসিকে। এককালে দা-কুমড়া সম্পর্ক থাকা সের্হিও রামোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে মেসিকে।
পিএসজিতে যাওয়ার জন্য এর মধ্যেই আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন মেসি। পচেত্তিনোও হয়তো ভাবা শুরু করেছেন, তাঁর একাদশের ঠিক কোন জায়গায় মেসিকে রাখা যেতে পারে। পিএসজিতে মেসির ভূমিকাটা কী হতে পারে।
পচেত্তিনো সব সময়ই ৪-২-৩-১ ছকের অনুরাগী। টটেনহামের কোচ হিসেবে যখন ছিলেন তখন মাঝে মাঝে ৩-৫-২, ৩-৪-৩, ৪-৩-৩ ছকের দিকে ঝুঁকলেও ৪-২-৩-১ ছকটাকেই সব সময় প্রাধান্য দিয়ে এসেছেন এই আর্জেন্টাইন। পিএসজিতে এসেও তাঁর ব্যতিক্রম হয়নি। যে দল জার্মান কোচ টমাস টুখেলের অধীনে নিয়মিত ৩-৪-৩ ছকে খেলত, সেই পিএসজি পচেত্তিনোর অধীনে আবারও চারজনের রক্ষণভাগ নিয়ে খেলছে।
মেসি যাওয়ার পর ৪-২-৩-১ ছকে পিএসজির মূল একাদশ কেমন হতে পারে? মেসি ছাড়াও এই দলবদলে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার ও নেতা সের্হিও রামোস, লিভারপুলে চার বছরে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতা জর্জিনিও ভাইনালডাম আর এই ইউরোতেই সেরা খেলোয়াড় বনে যাওয়া ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে এসি মিলান থেকে নিয়েছে মুফতে। মেসির মতো প্রত্যেকেরই নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল। শুধু ইন্টার মিলানকে গত মৌসুমে ইতালিয়ান লিগ জেতানো রাইটব্যাক আশরাফ হাকিমিকে আনতেই যা একটু দলবদল ফি বাবদ খরচ হয়েছে, মরক্কোর এই তারকাকে কেনা হয়েছে ছয় কোটি ইউরোতে।
এবার গোলকিপার হিসেবে কেয়লর নাভাসের জায়গায় দোন্নারুম্মাই নিয়মিত সুযোগ পাবেন, এটা বলে দেওয়া যায়। দোন্নারুম্মার সামনের চার ডিফেন্ডারের মধ্যে রাইটব্যাক হিসেবে থাকবেন হাকিমি, দুই সেন্টারব্যাক হিসেবে রামোসের সঙ্গী হবেন বহুদিন ধরে পিএসজির রক্ষণকে নিরাপত্তা দেওয়া ব্রাজিলিয়ান তারকা মার্কিনিওস। লেফটব্যাকে যেহেতু বড় তারকা এখনো কেনেনি পিএসজি, ফ্রান্সের লেভিইন কুরজাওয়াকেও বিক্রি করে দিতে চাচ্ছে তারা। সে ক্ষেত্রে স্পেনের হুয়ান বের্নাতকেই ধরে নেওয়া যায় লেফটব্যাকের জন্য। তবে দলটার নাম যেহেতু পিএসজি, বলা যায় না, দলবদলের বাকি সময়েও বড় কোনো তারকাকে নিয়ে আসতে পারে তাঁরা। এসি মিলানের ফরাসি লেফটব্যাক থিও হার্নান্দেজের দিকে বেশ কদিন ধরেই নজর তাদের।
নতুন যোগ দেওয়া ভাইনালডমকে খেলাতে চাইলে পচেত্তিনোর পছন্দের এই ছকে পিএসজির মাঝমাঠ প্রত্যাশিত নিরাপত্তা পাবে না হয়তো। তারকার নামের বিচারে মাঝমাঠে ভাইনালডামের পাশাপাশি ভেরাত্তির এই ছকে একাদশে সুযোগ পাওয়ার কথা, কিন্তু সে ক্ষেত্রে ঝামেলা হলো, প্রথাগত কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার পিএসজির এই ছকে থাকছেন না। ভেরাত্তি-ভাইনালডাম দুজনই মাঝমাঠে রক্ষণের কাজে হাত বাড়াতে পারেন, তবে কেউই তাতে বিশেষজ্ঞ নন। এ দুজনের কোনো একজনের বদলে অবশ্য লিয়ান্দ্রো পারেদেসকে খেলাতে পারেন পচেত্তিনো। না হলে সেনেগালের ইদ্রিসা গেয়ে বা পর্তুগালের দানিলো পেরেইরা।
ভাইনালডম লিভারপুলে যে ভূমিকায় খেলতেন, পচেত্তিনো তাঁকে যদি সে ভূমিকায় পিএসজিতেও খেলান, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আশরাফ হাকিমির কাছ থেকে আক্রমণের দিক দিয়ে সর্বোচ্চ উপযোগিতাটুকু পাচ্ছে পিএসজি। লিভারপুলের লেফটব্যাক অ্যান্ডি রবার্টসন যখন আক্রমণ করার জন্য ওপরে উঠে যেতেন, ভাইনালডম তখন নিচে নেমে ওই জায়গাটা ‘কভার’ করতেন। হাকিমি নিজে রক্ষণকাজে অতটা পটু নন। ভাইনালডমকে যদি পচেত্তিনো ও কাজে লাগান, তাহলে হাকিমি নিশ্চিন্তে প্রমাণ করতে পারবেন, কেন তাঁকে বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক রাইটব্যাক বলা হয়। কিন্তু লিভারপুলে ভাইনালডমের পাশে একজন বিশেষজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফাবিনিও থাকতেন। এখন ভেরাত্তিকে বসিয়ে ভাইনালডমের পাশে পচেত্তিনো দানিলো বা গেয়ের মতো আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডার খেলান, না ভেরাত্তিকেই পুরোদস্তুর রক্ষণাত্মক মিডফিল্ডারের দায়িত্ব দেন, এটাই দেখার বিষয়।
আক্রমণে চারটি নাম অবশ্য খুব একটা ভাবতে হয় না। বাঁ পাশে নেইমার, ডান পাশে ডি মারিয়া, মাঝে থাকবেন লিওনেল মেসি। আর সবার সামনে স্ট্রাইকার হিসেবে কিলিয়ান এমবাপ্পে। মাচ শুরুর পর অবশ্য ক্রমাগত এই চারজনের মধ্যে অবস্থানগত পরিবর্তন আসবে। এমবাপ্পে হয়তো উইংয়ে নেমে যাবেন, ওপরে উঠে যাবেন মেসি। নেইমার প্রতিপক্ষের একজন বা দুজন ডিফেন্ডার টেনে এনে নিচে চলে যাবেন, যে কাজটা পচেত্তিনোর অধীনে দুর্দান্তভাবে করছেন গত জানুয়ারি থেকে। আর বাকি তিনজনের অবস্থানের ওপর নির্ভর করে আক্রমণ আর মাঝমাঠের যোগাযোগটা নিয়ন্ত্রণ করবেন দি মারিয়া। মোটাদাগে ৪-২-৩-১ ছকে পিএসজি এভাবেই খেলতে পারে।
কিন্তু পিএসজির স্কোয়াডে এখন বেশ কিছু খেলোয়াড় আছেন, যাঁদের কাছ থেকে পুরো কার্যকারিতা পাওয়ার জন্য চাইলেই একাদশের ছক বদলে ফেলে ৩-৪-৩ করে ফেলতে পারেন পচেত্তিনো। মূল দুই সেন্টারব্যাক ব্রাজিলের মার্কিনিওস ও ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী প্রেসনেল কিমপেম্বের সঙ্গে এখন যোগ দিয়েছেন রামোস। তিনজনই মূল একাদশে খেলার যোগ্যতা রাখেন। ওদিকে বের্নাত কিংবা হাকিমি, পিএসজির দুই পাশের দুই ডিফেন্ডার যতটা না ফুলব্যাক, তার চেয়ে বেশি উইংব্যাক। অর্থাৎ আক্রমণেই বেশি মনোযোগ তাঁদের। তিন সেন্টারব্যাকের পাশে এই দুই উইংব্যাককে খেলাতে চাইলে পচেত্তিনো অনায়াসেই দলকে ৩-৪-৩ ছকে খেলানো শুরু করতে পারেন। এই ছকের আরেকটা সুবিধা, একজন বাড়তি সেন্টারব্যাকের উপস্থিতির কারণে বিশেষজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার খেলানোর কোনো প্রয়োজনীয়তা নেই, সে ক্ষেত্রে ভেরাত্তি-ভাইনালডম খেলতে পারবেন একসঙ্গে। তবে একজন সঙ্গী পাশে নিয়ে খেলে অভ্যস্ত রামোস দুজন সেন্টারব্যাক পাশে নিয়ে কেমন খেলতে পারেন, সেটা এখানে দেখার বিষয়। গত মৌসুমে জিদানের অধীনে বেশ কয়েকবার তিন সেন্টারব্যাকের ছকে খেলেছেন রামোস।
সে ক্ষেত্রে হয়তো বেঞ্চে বসে যেতে হবে দি মারিয়াকে। আক্রমণভাগে থাকবেন নেইমার, মেসি ও এমবাপ্পে। তিনজনের মধ্যে ক্রমাগত অবস্থানের পরিবর্তন হবে, ওদিকে ওভারল্যাপ করে নিয়মিত আক্রমণে উঠে যেতে পারবেন হাকিমি।
মেসি যোগ দেওয়ার পর পচেত্তিনো পিএসজিকে যে ছকেই খেলান না কেন, প্রতি ছকেই সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধাগুলোকে ঢেকে দিতে পারে মেসির এক মুহূর্তের জাদু! যে জাদু দেখানোর জন্যই তো প্যারিসে আসছেন এই আর্জেন্টাইন জাদুকর!