মেসিকে নিয়ে গুঞ্জনে ক্ষুব্ধ বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্তোমেউর সঙ্গে মেসি: ফাইল ছবি
বার্তোমেউর সঙ্গে মেসি: ফাইল ছবি

‘বার্সেলোনায় থাকছেন তো মেসি?’ গত কিছুদিন উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জন। কর ফাঁকির মামলার ঝামেলায় তিতিবিরক্ত আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে যাওয়ার চিন্তা করছেন। বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ এটিকে গুজব বলে উড়িয়ে দিয়ে উল্টো জানিয়ে দিলেন, মেসি বার্সাতেই অবসর নেবেন।
ইংলিশ পত্রিকা ‘দ্য সান’-এর প্রতিবেদন তো ছিলই, সঙ্গে স্প্যানিশ ফুটবল বিশ্লেষক গিলেম বালেগের মন্তব্য মেসির বার্সা ছাড়ার গুঞ্জনটাকে কিছুটা ‘বিশ্বাসের’ ভিত্তি দিয়েছিল। তবে বার্তোমেউ এসব গুঞ্জনকে রীতিমতো উড়িয়ে দিলেন, ‘যারা বলছে মেসি বার্সেলোনা ছাড়ছে, তাদের লজ্জা পাওয়া উচিত। মেসি মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে। ও এল ক্লাসিকোতে খেলতে চায়, তবে চোট থেকে সেরে ওঠার একটা প্রক্রিয়া তো আছে।’
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে মেসির বার্সা ছাড়ার কোনো সম্ভাবনাই দেখছেন না বার্সা সভাপতি, ‘মেসি ও তাঁর বাবা বলেছে যে অন্য কোনো ক্লাবে খেলার কথা কল্পনাও করছেন না তাঁরা। ওঁর পরিবারের সঙ্গে ক্লাবের সম্পর্ক খুব ভালো। ওঁর চুক্তিরও আর তিন মৌসুম বাকি।’
যে সমস্যা থেকে মুক্তির আশায় মেসির বার্সা ছাড়ার কথা উঠছে, সেই কর সংক্রান্ত ঝামেলা নিয়েও কথা বললেন বার্তোমেউ। ‘মেসি এসবে বেশ বিরক্ত’ স্বীকার করে নিলেও তাঁর আশা, এই বিষয়গুলো কর উপদেষ্টাই সামলাবেন।

বার্তোমেউর দুশ্চিন্তা শুধু দলের প্রাণভোমরাকে নিয়েই নয়, তাঁর বিকল্প ভেবে আনা নেইমারকে নিয়েও। কর প্রতারণা সংক্রান্ত ঝামেলা আছে ব্রাজিল ফরোয়ার্ডেরও। মেসির প্রসঙ্গে বলতে গিয়ে নেইমারের নতুন চুক্তির বিষয়েও কথা বলতে হলো বার্সা সভাপতিকে, ‘নেইমারের চুক্তি নবায়নের বিষয়ে বলতে গেলে, হ্যাঁ, এই মৌসুমেই নতুন চুক্তি হবে। তবে আমরা নবায়নের বিষয়টি প্রকাশ্যে আনতে চাচ্ছি না। বরং নীরবে কাজ করে যেন চুক্তি নবায়নের ঘোষণাটা দিতে পারি, সেই চেষ্টা করছি।’ গোলডটকম।