মেসিকে নিয়ে শঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরের সিদ্ধান্ত বদলেছেন, আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের জার্সিতে আবার তাঁকে দেখাটা পিছিয়ে যেতে পারে একটু। এই সপ্তাহের শুরুতে বার্সেলোনার হয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চোট পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়) উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পরের ম্যাচে প্রতিপক্ষ ভেনেজুয়েলা। কিন্তু পরশু স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, মেসির হ্যামস্ট্রিংয়ে চোট আছে। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দলে যোগ দিতে মেসি আর্জেন্টিনা যাচ্ছেন। তবে তাঁর অবস্থার কতটা উন্নতি হচ্ছে, সেটির ওপরই নির্ভর করছে এই ম্যাচগুলোতে তিনি খেলবেন কি না।’
চোটের কারণে সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরেকেও পাচ্ছেন না কোচ এদগার্দো বাউজা। রয়টার্স।