মেসিকে পেনাল্টি নিতে দিতেন না ইব্রা
বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। যদিও সময়টা খুব বেশি নয়, মাত্র এক বছর। সে জন্য সে সময়ের বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে ধুয়ে দিতে কখনো বাকি রাখেননি জ্লাতান ইব্রাহিমোভিচ।
ওই এক বছরে প্রতিদিন অনুশীলনে, ম্যাচে দেখার অভিজ্ঞতা থেকে লিওনেল মেসির প্রতি মুগ্ধতার কথা কখনো গোপনও করেননি ইব্রা। তা বার্সায় ওই সময়ে ম্যাচে পেনাল্টি পেলে সেসব মেসিই নিতেন, মাঝেমধ্যে ভাগ পেতেন ইব্রাহিমোভিচ। তবে তাঁর দলে ম্যাচের গুরুত্বপূর্ণ পেনাল্টিগুলো মেসিকে নিতে দিতেন না ইব্রা।
এই ৩৯ বছর বয়সে এসেও ইতালিয়ান লিগ মাতিয়ে যাচ্ছেন ইব্রাহিমোভিচ। এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা, যদিও রোনালদোর চেয়ে ২টি ম্যাচ কম খেলেছেন তিনি। রোনালদোর লিগে ১০ গোল এসেছে ৮ ম্যাচে, এই মুহূর্তে চোট থেকে ফিরে আসার লড়াইয়ে ব্যস্ত ইব্রার ১০ গোল ৬ ম্যাচে।
তা রোনালদোর সঙ্গে লিগে লড়াই যাঁর, তাঁর আলাপে মেসি এলেন কোত্থেকে?
উয়েফাডটকমে দেওয়া সাক্ষাৎকারে। অনেক কিছু নিয়েই কথা বলেছেন ইব্রা, যেখানে তাঁর স্বভাবসুলভ দম্ভও সামনে এসেছে অনেকবার। এর মধ্যেই ইব্রার স্বপ্নের দলে কে পেনাল্টিগুলো নিতেন, মেসি না ইব্রা—এই প্রশ্নে ইব্রার উত্তর, ‘আমিই পেনাল্টিগুলো নিতাম, ১০০%। কারণ, আমিই এই দলের অধিনায়ক, আমি সিদ্ধান্ত নেব কে পেনাল্টি নেবে না নেবে।’
তবে মেসিকে একেবারে বঞ্চিতও করতেন না, ‘আমি প্রথম তিনটি পেনাল্টি নিতাম, তারপর একটা ওর (মেসি) জন্য ছেড়ে দিতাম। এর পরের তিনটা আবার আমি নিতাম, তারপর একটা ওর জন্য ছেড়ে দিতাম।’ বেশ ভালো বন্টনপদ্ধতি বটে!
২০১০ সালে বার্সা ছেড়ে প্রথমে ধারে ও পরে পাকাপাকিভাবে এসি মিলানে এসেছিলেন ইব্রা। সেখান থেকে প্যারিস, ম্যানচেস্টার, লস অ্যাঞ্জেলস গত জানুয়ারিতে আবার মিলানে ফিরেছেন। তাঁর ফেরার পর থেকেই কী দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মিলান!
গত মৌসুমে ইব্রা আসার আগে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা মিলান ইব্রাকে নিয়ে মৌসুম শেষ করেছে ৬ নম্বরে থেকে, এবার তো এখন পর্যন্ত ১২ ম্যাচ শেষে লিগে অপরাজিত থেকে আছে লিগের শীর্ষেই! জানুয়ারি থেকে এ পর্যন্ত ইব্রা লিগে ২৪ ম্যাচে করেছেন ২০ গোল!
৩৯-এ এসেও এভাবে ‘তারুণ্য’ ধরে রাখার রহস্য কী? ‘আমার বয়স এখন ৩৯। ক্যারিয়ারে যা করেছি, তাতে এভাবে পরিশ্রম করে যাওয়ার বাধ্যবাধকতা আর নেই আমার। কিন্তু যা করছি, সেটার জন্য আমার প্যাশন এখনো একই রকম আছে। আমি কখনোই আত্মতুষ্টিতে ভুগি না, আরও বেশি কিছু চাই সব সময়’—সাক্ষাৎকারে বলেছেন ইব্রা। এরপরই ইব্রাসুলভ দম্ভ, ‘আমার মতো বয়সে এসে এভাবে পারফর্ম করে যাওয়া খুব বেশি খেলোয়াড় আমি দেখি না।’ কথাটা অবশ্য ভুল নয় মোটেও।
তাঁর চেয়েও বেশি বয়সে ইতালিতে অবশ্য আরেকজন খেলে যাচ্ছেন, এখনো একই রকম ক্ষুরধার তিনিও—জুভেন্টাসের ৪২ বছর বয়সী গোলকিপার জিয়ানলুইজি বুফন। দুজনের মধ্যে কে ৫০ বছর বয়স পর্যন্ত খেলে যাবেন, এই প্রশ্নে বুফনকেই অবশ্য এগিয়ে রাখছেন ইব্রা। বুফন যে গোলকিপার!
‘ওর জন্য ব্যাপারটা সহজ। ওর শুধু দাঁড়িয়ে থেকে বল ঠেকালেই চলে। আমার তো নড়াচড়া করতে হয়, সুযোগ তৈরি করতে হয়, শট নিতে হয়, ডিফেন্ডারদের সঙ্গে লড়তে হয়’—বললেন ইব্রা। শেষে অবশ্য মজা করে বললেন, ‘ও হয়তো পুরোপুরি ভালো শারীরিক গড়নে না থেকেও আরও অনেক দিন খেলে যেতে পারবে, তবে আমিও এই লড়াইয়ে ওকে সহজে ছাড় দেব না।’