মেসিকে পেলে নেইমারদের আর ঠেকানো যাবে না

আবার এক সঙ্গে খেলা হবে দুজনের?ফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির সঙ্গে নেইমারের মেলবন্ধন এর আগেও দেখেছে ফুটবল বিশ্ব। নেইমার বার্সেলোনায় খেলার সুবাদে অসাধারণ জুটি গড়ে ওঠেছিল দুজনের। এবার এর সঙ্গে যোগ করুন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। মেসি, নেইমার ও এমবাপ্পে—কোনো দলের আক্রমণভাগে যদি এমন ত্রিফলা থাকে, তাহলে সেই দল কতটা ভয়ংকর হবে? পিএসজিতে এমবাপ্পে, নেইমারের সঙ্গে সত্যি যদি মেসি যোগ দেন, তাহলে পিএসজিকে আটকানো কঠিনই হবে বলে মনে করেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাফু।

যদিও আগামী মৌসুমে বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ এখনো অজানা। এদিকে ছয়বারের ব্যালন ডি’অরজয়ীকে ম্যানচেস্টার সিটিতে নেওয়ার অপেক্ষায় বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিএসজি হারিয়ে দেওয়ার পর নেইমার তো বলেই দিয়েছেন, মেসির সঙ্গে আবারও খেলতে চান, ‘আমি নিশ্চিত আগামী বছর আমরা একসঙ্গে খেলব।’

মেসিকে পিএসজিতে দেখা যাওয়ার গুঞ্জন উঠেছে দলবদলের বাজারে।
ছবি: রয়টার্স

নেইমার আবারও ন্যু ক্যাম্পে ফিরতে পারেন, দলবদলের বাজারে এমন একটা গুঞ্জন উঠেছিল। আর তাহলেই মেসি-নেইমার জুটির দেখা মিলতে পারে। কিন্তু মেসি নিজেই ক্লাব ছেড়ে দিতে চাইছেন, ওদিকে বার্সেলোনার এখন যে আর্থিক অবস্থা, তাতে মেসিদের বেতন দেওয়াটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আর নেইমার নিজেই জানিয়ে দিয়েছেন, পিএসজিতে তিনি বেশ সুখে আছেন। নেইমার ও এমবাপ্পের সঙ্গে দলটি নতুন চুক্তিও করতে যাচ্ছে। তাই নেইমারের বার্সামুখী হওয়ার চেয়ে মেসির পিএসজিমুখী হওয়াটাই সহজ।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু এ অবস্থায় মেসির সঙ্গে নেইমার ও এমবাপ্পের খেলা দেখতে চান, ‘এটা দারুণ একটা ব্যাপার হবে। আমি হলে ওদের বিপক্ষে খেলতে চাইতাম না। মেসি, এমবাপ্পে ও নেইমারের বিপক্ষে খেলা ভালো অভিজ্ঞতা হবে না। অবশ্যই এই তিনে মিলে শক্তিশালী একটা আক্রমণভাগ হবে। আমি ঠিক জানি না যে মেসি পিএসজিতে যাবে কি না। এই গুঞ্জন এখন সব জায়গায় শুনছি। কিন্তু যদি মেসি এমবাপ্পে ও নেইমারের সঙ্গে যোগ দেয়, তাহলে বিশ্বের অনেক ক্লাবের জন্যই প্রচুর সমস্যা হবে। ওরা অবশ্যই বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দিতে পারবে।’ মেসির ফুটবলে মুগ্ধ কাফু বলেন, ‘মেসি একজন কিংবদন্তি ফুটবলার। মেসি বিশ্বের সবচেয়ে সুন্দরতম ফুটবল খেলে। এরপর নেইমার ও এমবাপ্পের প্রতিভা যদি যোগ হয়, তাহলে এই দল নিজেদের অপরাজেয় করে তুলবে।’

এ দুজনের সঙ্গে মেসি যোগ হলে পিএসজিকে ঠেকানো কঠিন হবে।
ছবি: রয়টার্স

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অল্পের জন্য অধরা শিরোপাটা জিততে পারেনি পিএসজি। লিসবনে ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছিল। বুধবার নেইমারের হ্যাটট্রিকে পিএসজি ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে। এই জয়ে ‌‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোতে উঠেছে টমাস টুখেলের দল। কাফু আশা করছেন, স্বদেশি নেইমার আবারও সেরা রূপে দেখা দেবেন। নেইমার একবারই চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ২০১৫ সালে। আর সেবার নেইমারের সঙ্গে মেসিই ছিলেন শিরোপা জয়ের পেছনের অন্যতম কারিগর।

পিএসজি চ্যাম্পিয়নস লিগ জেতানোর জন্যই নিয়ে গেছে নেইমারকে। খুব কাছে গিয়েও গতবার পারেননি, তবে নেইমারের ওপর অগাধ আস্থা বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর, ‘সবাই যেমন আশা করে, আমিও আশা করি সে পারবে। বিশেষ করে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি জানি নেইমারের প্রতিভা কতখানি। আমরা আরও জানি, নেইমার পিএসজি ও ব্রাজিল দলের জন্য কতটা করে।’ এবার নেইমারের হাতেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা দেখতে চান কাফু, ‘আমরা জানি সে চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। চ্যাম্পিয়নস লিগ এনে দেওয়ার সেরা কারিগর সে, এটা দেখতে চাওয়া গুরুত্বপূর্ণ তার জন্য।’

পিএসজি দলটাও যেন নেইমারকে ভালো করার আত্মবিশ্বাস জোগাচ্ছে, ‘পিএসজি এমন একটা আবহ তৈরি করেছে যে মনে হবে, যদি চ্যাম্পিয়নস লিগ জেতে, তাহলে নেইমারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এ অর্জনে। আমি মনে করি, পিএসজি এই সুযোগ হাতছাড়া করবে না। তারা এটা জেতার জন্য সবকিছু করবে।’