মেসিকে পেলেই সমর্থক বেড়ে যাবে ম্যান সিটির
লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়বেন?
ছাড়লে কোথায় যাবেন?
বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে গতকাল একান্তে কথা বলেছেন মেসি। কী বলেছেন?
প্রথম দুটি প্রশ্ন তো গত কদিন ধরেই আলোচনায়। বার্সেলোনার বোর্ডের অনেক সিদ্ধান্তে তিতিবিরক্ত মেসি ক্লাব ছাড়তে পারেন, এমন গুঞ্জন তো মৌসুম দুয়েক ধরেই জোর পাচ্ছে। গত ১৪ আগস্ট চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর মেসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এমনই বলছে স্প্যানিশ সংবাদমাধ্যম। এমনকি কাল কোম্যানের সঙ্গে সাক্ষাতেও মেসি বলে দিয়েছেন ‘বার্সেলোনার চেয়ে বার্সেলোনার বাইরেই নিজের ভবিষ্যৎ বেশি দেখছেন’, এমনটাই লিখেছে মার্কা-এএসসহ স্প্যানিশ পত্রিকাগুলো।
কিন্তু এই নাটকের শেষ কোথায়? তা যদি হয় মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ায়, তবে সেটি অনেক দুঃখের হবে বলেই মনে হচ্ছে বার্সেলোনার সাবেক ইংলিশ স্ট্রাইকার ও বর্তমানে ফুটবল বিশেষজ্ঞ গ্যারি লিনেকার। তবে দলবদলের আরেক গুঞ্জন সত্যি করে লিনেকারের চোখে ‘ইতিহাসের সবচেয়ে জাদুকরী ফুটবলার’ মেসি ম্যানচেস্টার সিটিতে গেলে? বার্সেলোনার জন্য যা সর্বনাশ, ম্যানচেস্টার সিটির জন্য তা পৌষ মাস হতে পারে বলেও জানাচ্ছেন লিনেকার।
বার্সেলোনা তাঁর অতীতে জড়িয়ে, খেলোয়াড় হিসেবে মেসিকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন—লিনেকারকে নিয়ে এই তথ্যগুলো সম্ভবত সর্বজনবিদিত। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে থেকেই ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ও কুখ্যাত দুটি গোলই দেখেছেন লিনেকার, ছিয়াশি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিনেকারের সময়েই বিশ্ব মাতিয়েছেন। কিন্তু লিনেকারের চোখে, মেসিই সর্বকালের সেরা।
সেই মেসির জীবনের সঙ্গে জড়িয়ে যাওয়া বার্সেলোনার বোর্ডের ওপর বিরক্ত হয়ে ক্লাবটা ছেড়ে যাওয়া, যেটি কিনা লিনেকারের সাবেক ক্লাব...লিনেকারের তো খারাপ লাগবেই। অবশ্য শুধু তো মেসিই নন, গুঞ্জন আছে, পিকে-বুসকেটস-সুয়ারেজ...বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন ক্লাবটির সঙ্গে গত কয়েক বছরে জড়িয়ে থাকা আরও অনেক বড় নাম। বড় পালাবদলের মধ্য দিয়েই যাবে বার্সেলোনা। ইংলিশ সংবাদমাধ্যম টকস্পোর্টে লিনেকার বার্সেলোনার সামনে কঠিন সময় নিয়ে বললেন, ‘খারাপই লাগছে। খেলোয়াড়দের একটা প্রজন্ম একসঙ্গে ছিল এতদিন। একসঙ্গে দারুণ খেলেছে, জিতেছে। কিন্তু সময় শেষ পর্যন্ত কাউকেই ছাড়ে না। এই ব্যাপারটা নিষ্ঠুরই। কোম্যানের হাতে অনেক অনেক বড় একটা দায়িত্ব। অনেক বড় একটা পালাবদলের সময়ই হতে যাচ্ছে এটা।’
বার্সেলোনার জন্য অন্য যে কারও চেয়ে মেসির চলে যাওয়া আরও বেশি নিষ্ঠুর হবে। তবে সেটি নিয়ে লিনেকারের দুই ধরনের মতই আছে। মাঠে ও মাঠের বাইরে বার্সেলোনা এখন ভাঙা তরী। মাঠে মেসিকে বাদ দিলে ইউরোপের সেরা দলগুলোর তুলনায় বার্সা অনেক গড়পড়তা একটা দল, মাঠের বাইরেও প্রতিদিন বিশৃঙ্খলাই বার্সেলোনা থেকে আসা শিরোনামে। লিনেকার তাই বলছেন, ‘মেসি শেষ পর্যন্ত ক্লাবে থাকে না ক্লাব ছেড়ে যায়, সেটি দেখতে উন্মুখ হয়ে আছি। (ছেড়ে গেলে) বার্সেলোনার জন্য খুবই দুঃখের ব্যাপার হবে সেটি। তবে একই সঙ্গে (বার্সেলোনায় থাকলে) ওকে যদি গড়পড়তা একটা দলের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে ক্যারিয়ারের বাকি বছরগুলো কাটাতে হয়, সেটা দেখাও অনেক কষ্টের হবে।’
হঠাৎ করেই দেখবেন সারা বিশ্বে ম্যানচেস্টার সিটির সমর্থক আছে।
মেসি বার্সেলোনা ছাড়লে কোথায় যেতে পারেন, সে গুঞ্জনে যে দলগুলোর নাম আসে, তা বলতে গেলে ‘ইউজুয়াল সাসপেক্টস’ই। ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর নাম জড়িয়ে দলবদলের গুঞ্জন ফি-মৌসুম শোনা যায়। পিএসজি নেইমার ও এমবাপ্পের পাশাপাশি এই মৌসুমে মেসি ও রোনালদোকে এনে ‘স্বপ্নের চতুষ্টয়’ তৈরির স্বপ্ন দেখে, সেই গুঞ্জনও আসছে বাজারে। আর ইন্টার মিলান তো মেসির ছোটবেলা থেকেই তাঁকে দলে নেওয়ার স্বপ্ন দেখে আসছে। তবে মেসির দলবদল মূল্য আর তাঁর বেতনের খরচ বহন করার সামর্থ্য থাকায় আর বার্সেলোনায় তাঁর সাবেক কোচ পেপ গার্দিওলা আছেন বলে ম্যানচেস্টার সিটির নামই বেশি শোনা যাচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসিতে প্রিমিয়ার লিগে প্রতি সপ্তাহে ম্যাচগুলোর হাইলাইটস ও বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’-র সঞ্চালক লিনেকার সিটিতে মেসির আসার সম্ভাব্য গুঞ্জনে শিহরিত, ‘একবার ভাবুন ও যদি প্রিমিয়ার লিগে আসে—ধরুন ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে, গার্দিওলার কারণে যে গুঞ্জনটা স্বাভাবিকভাবেই তৈরি হয়— তাহলে কী দারুণ হবে! সিটিতে (ক্লাবের মালিকেরা) যেরকম বিনিয়োগ করে চলেছে, ক্লাবটা যেভাবে বিশ্বব্যাপী একটা ব্র্যান্ড হয়ে পরিচিত হতে চাইছে, সেখানে (মেসির মতো) বিশ্বজুড়ে শত কোটি ভক্ত থাকা একজনের চেয়ে ভালো আর কে হবে? সঙ্গে সঙ্গেই ওরা একটা ব্র্যান্ড হয়ে যাবে। হঠাৎ করেই দেখবেন সারা বিশ্বে ম্যানচেস্টার সিটির সমর্থক আছে।’
তবে শুধু তো সমর্থক তৈরি করাই নয়, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপের কূলীন ক্লাবের সারিতে নাম লেখাতে মরিয়া সিটির জন্য মেসিকে পাওয়ার আসল লাভ তো অন্যখানে। লিনেকারের চোখে, ‘সিটির মতো হঠাৎ করে অনেক ধনী বনে যাওয়া ক্লাবগুলোর জন্য সমর্থকগোষ্ঠী তৈরি করতে লম্বা সময় লাগে। এদিক থেকে (মেসির প্রতি) একটা আকর্ষণ ওদের থাকবেই। পাশাপাশি এটাও তো ভাবতে হবে যে, আমার চোখে ও আমাদের দেখা সর্বকালের সবচেয়ে জাদুকরী ফুটবলার।’