মেসিকে ফিরে পেতে...
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সেই সিদ্ধান্ত বদলে আবার ফিরে আসবেন, এমন কোনো আভাস দেননি লিওনেল মেসি। অবসর ঘোষণা দেওয়ার পর থেকেই মুখে কুলুপ এঁটে আছেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তো আর হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না। এএফএর ভারপ্রাপ্ত প্রধান আরমান্দো পেরেজ মেসিকে বোঝাতে উড়ে যাচ্ছেন স্পেনে।
মেসির অবসরের পর তেভেজ, সুয়ারেজসহ অনেকেই বলেছিলেন, ওই সিদ্ধান্ত তাৎক্ষণিক আবেগের বশে নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু মেসি সিদ্ধান্ত পাল্টাননি। পেরেজ কিন্তু আশাবাদী, মেসিকে মাঠে ফেরাবেন। স্পেনযাত্রার আগে আর্জেন্টাইন দৈনিক ওলেকে বলেছেন, ‘লিওর বাবার সঙ্গে কথা বলেছি, আগামী সপ্তাহে বৈঠক ঠিক করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, মেসি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নেবে কি না।’
পেরেজ আসলে দুটি উদ্দেশ্য নিয়ে স্পেনে যাচ্ছেন। মেসিকে রাজি করানো তো আছেই, আরেকজনকেও রাজি করাতে হবে। এ মুহূর্তে আর্জেন্টিনার কোচের পদটা ফাঁকা, হোর্হে সাম্পাওলিকে ওখানে চাইছে আর্জেন্টিনা। কিন্তু সমস্যা হচ্ছে, সাম্পাওলি কিছুদিন আগেই নতুন চুক্তি করে ফেলেছেন স্পেনের ক্লাব সেভিয়ার সঙ্গে। আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছে থাকলেও তাই বলেছেন, ‘প্রস্তাবটা গ্রহণ করতে পারলে ভালো লাগত। কিন্তু এ মুহূর্তে সেভিয়াকে ছেড়ে যাওয়া দায়িত্বহীনের মতো কাজ হবে। আসলে স্বপ্ন সব সময় সঠিক মুহূর্তে সত্যি হয় না।’ এএফপি।