মেসিকে ফেরানোই বাউজার প্রথম কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। ব্যর্থ ২০১৫ কোপা আমেরিকা এবং এ বছরের শতবার্ষিকী কোপার ফাইনালেও। এই ফাইনাল-ব্যর্থতার বৃত্ত ভেঙে আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা নিশ্চয়ই দলের এই শিরোপা-খরা ঘোচানোর ছবি আঁকছেন। তবে সেটি দূরের চিন্তা। এখন তাঁর ‘আসল’ কাজ, আর্জেন্টিনা দলে লিওনেল মেসিকে ফিরিয়ে আনা।

এটিই যে আপাতত তাঁর প্রধান কাজ সেটি পরশু সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাউজা, ‘মেসিকে নিয়ে আমি আশাবাদী। আশা করি, তার সঙ্গে যে আলাপ হবে, তাতে আমি তাকে দলে থাকার জন্য বোঝাতে পারব।’ কোচ হিসেবে তাঁর যে পরিকল্পনা, সেখানেও মেসি অপরিহার্য—সে ইঙ্গিতও দিলেন বাউজা, ‘মেসিকে দল নিয়ে আমি আমার ভাবনার কথা বলব। মাঠে ও কোন পজিশনে খেলবে, এটা নিয়ে আমার কোনো ভাবনাই নেই। ও ওর মতোই স্বাধীনতা পাবে।’

মেসিকে ফেরানোর বাউজার উদ্যোগকে স্বাগতই জানাচ্ছেন হোর্হে ভালদানো। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ফরোয়ার্ড বলছেন, ‘সবকিছু সময়েই হবে। তবে যন্ত্রণা উপশমের জন্য সঠিক সময়টা বেছে নিতে হবে আপনাকেই। যথাসম্ভব দ্রুত ফিরিয়ে আনতে হবে মেসিকে।’ ফোরফোরটুডটকম।