মেসিকে বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে লা লিগা
এমনিতে প্রচলিত ধারণা হলো, খেলোয়াড় কখনো ক্লাবের ঊর্ধ্বে হতে পারে না। কোনো প্রতিযোগিতার ঊর্ধ্বে তো নয়-ই। কিন্তু লিওনেল মেসিকে ঘিরে এর উল্টোটা দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে।
বার্সার সভাপতি নির্বাচন ঘিরে অন্যতম আলোচনার বিষয় ছিলেন মেসি? যিনিই সভাপতি হোন না কেন, তিনি মেসিকে ধরে রাখতে পারবেন কি না? আবার লা লিগা নিয়েও কাছাকাছি এক প্রশ্ন উঠছে, মেসি চলে গেলে লা লিগার কী হবে?
মানে, মেসির মতো তারকা লা লিগা ছাড়লে স্পেনের শীর্ষস্থানীয় লিগটি কেমন ক্ষতির সম্মুখীন হবে? এমনিতেই লিগে রোনালদো নেই, মেসি চলে গেলে এই লিগ কেউ দেখবে তো?
হোয়ান লাপোর্তা নির্বাচনে জিতে নতুন সভাপতি হয়েছেন বার্সার। এর আগে তিনি বলেছিলেন, মেসিকে ধরে রাখতে হলে তাঁকেই সভাপতি হতে হবে। বাকি দুই প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ত ও টনি ফ্রেইক্সার চেয়ে লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক ভালো—আগেই জানিয়েছে সংবাদমাধ্যম।
এখন দেখার বিষয়, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে বার্সা চুক্তি নবায়ন করতে পারে কি না। চলতি মৌসুম শেষেই তাঁর সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তির মেয়াদ ফুরাবে। মেসি এখনো বার্সায় থেকে যাওয়া নিয়ে সরাসরি কিছু বলেননি। এর আগে একবার জানিয়েছিলেন, মৌসুম শেষেই সিদ্ধান্ত নেবেন।
অর্থাৎ এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। মেসি বার্সা ছাড়লে লা লিগার কোনো ক্লাবে যে যোগ দেবেন না, তা এখনই বলে দেওয়া যায়। বার্সা তাঁর শৈশবের ক্লাব, ভালোবাসার ক্লাব। লিগে তাদের মুখোমুখি হওয়ার কথা নিশ্চয়ই ভাববেন না মেসি।
সে ক্ষেত্রে মেসি বার্সা ছাড়লে লা লিগাও হারাবে প্রতিযোগিতাটির ইতিহাসে তর্কযোগ্যভাবে সেরা খেলোয়াড়কে। এর মধ্যে আবার কোভিড-১৯ মহামারি আর্থিকভাবে লোকসান ঘটিয়েছে লা লিগার। শুধু বার্সার দেনার পরিমাণই ১.২ বিলিয়ন ইউরো। মেসির ফ্রি এজেন্ট হিসেবে স্পেন ছেড়ে যাওয়া তাই যতটা স্বাভাবিক মনে করা হচ্ছে, ততটা নয়।
কিন্তু হাভিয়ের তেবাস তেমন মনে করছেন না। লা লিগা সভাপতির মতে, যেকোনো ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো আর্থিক সামর্থ্য আছে জনপ্রিয়তায় বিশ্বের অন্যতম সেরা এ লিগের।
মিসরের কেবল চ্যানেল অনস্পোর্টকে তেবাস বলেন, ‘চুক্তিপত্রে শর্তের কারণে (মেসি) বার্সা ছাড়বে না। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সময়ে যা বলেছিলাম, এই মুহূর্তের (মেসির চলে যাওয়া) জন্য আমরাও আর্থিকভাবে প্রস্তুত।’
রোনালদোর রিয়াল ছেড়ে যাওয়ার উদাহরণ টেনে তেবাস বলেন, ‘ক্রিস্টিয়ানোর যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল ক্লাব। আমার এ নিয়ে বলার কিছু নেই। তবে বিশ্বের সেরা খেলোয়াড়দের আমি এখানে (লা লিগা) চাই। নেইমারের ক্ষেত্রেও তা–ই ঘটেছিল। ক্রিস্টিয়ানো লা লিগায় গোল করায় চূড়ান্ত সেরা। তার চলে যাওয়ার প্রভাব পড়েছে। তবে আর্থিকভাবে ক্ষতিটা ছিল খুব সামান্য। কারণ, আমরা প্রস্তুত ছিলাম।’
লা লিগার আর্থিক ক্ষতি নিয়েও কথা বলেছেন তেবাস, ‘করোনার প্রকোপ না কমলে শিগগিরই দর্শকেরা গ্যালারিতে ফিরতে পারবেন না বলে মনে করি। আর্থিক ক্ষতি দুই বিলিয়ন ইউরোয় পৌঁছেছিল। তবে ব্যয় কমিয়ে আমরা তা ১.১ বিলিয়ন ইউরোয় নামিয়ে আনতে পেরেছি।’
লাপোর্তার বার্সা সভাপতি হওয়া প্রসঙ্গে তেবাসের মন্তব্য, গত কয়েক মাস ভোগান্তির পর শেষ পর্যন্ত নতুন সভাপতি পেল বার্সা। তিনি কীভাবে সব সামলান সেটাই দেখার বিষয়।