মেসিকে ব্যবহার করবেন রিয়াল সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
গ্রিজমানকে রিয়ালে আনতে মেসিকে ব্যবহার করতে চান পেরেজ। ছবি: এএফপি
গ্রিজমানকে রিয়ালে আনতে মেসিকে ব্যবহার করতে চান পেরেজ। ছবি: এএফপি
• গ্রিজমানকে রিয়ালে চান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
• কিন্তু অ্যাটলেটিকো তারকার বার্সায় যোগ দেওয়া মোটামুটি নিশ্চিত।
• স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি গ্রিজমানকে বার্সায় চান না।
• পেরেজ মেসির এই মনোভাব গ্রিজমানকে জানিয়ে তাঁকে রিয়ালে আনতে চান।

শিরোনামে মনে হতে পারে, ফ্লোরেন্তিনো পেরেজ বুঝি লিওনেল মেসিকে দলে টানবেন! না, সে ধরনের কোনো সম্ভাবনাই নেই। তবে রিয়াল মাদ্রিদ সভাপতি যে সম্ভাবনাটা দেখতে পাচ্ছেন, সেটা হলো মেসিকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে আতোয়াঁন গ্রিজমানকে দলে ভেড়ানো!

অবাক হওয়াই স্বাভাবিক। স্প্যানিশ সংবাদমাধ্যম তো বেশ আগেই ঘোষণা করেছে, মৌসুম শেষেই অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে গ্রিজমান যোগ দেবেন বার্সায়। পেরেজ তাহলে ফরাসি ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর কথা ভাবছেন কীভাবে?

মজাটা ঠিক এখানেই। তবে তার আগে বার্সা-গ্রিজমান যোগসূত্রের পূর্বাপর জেনে নেওয়া ভালো। মৌসুমের শুরু থেকেই গ্রিজমানের প্রতি আগ্রহ দেখিয়ে আসছে বার্সা। রিয়ালও তাঁর পেছনে ছুটছে। কিন্তু কিছুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে গ্রিজমানকে পাওয়ার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পিছিয়ে পড়ে রিয়াল।

স্প্যানিশ রেডি ‘রেডিও ক্যাট’ জানায়, মৌসুম শেষেই গ্রিজমানের ন্যু ক্যাম্পে পাড়ি জমানো মোটামুটি নিশ্চিত। এ ব্যাপারে দুই পক্ষ নাকি মৌখিকভাবে ঐকমত্য। বাকি কাজটুকু সারতে বার্সাকে আগামী জুলাইয়ে দলবদলের মৌসুমে শুধু তাঁর ‘রিলিজ ক্লজ’ ১০ কোটি ইউরো পরিশোধ করতে হবে। পাশাপাশি স্পেনের সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদক আলবার্ট রোগে টুইট করেন, গ্রিজমানের বার্সায় যোগ দেওয়া ‘শতভাগ নিশ্চিত’।

স্প্যানিশ লা লিগায় আজ রাতে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে বার্সা। এ ম্যাচে বার্সার জালে গোল করতে মুখিয়ে আছেন ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। এদিকে গ্রিজমানের প্রতি বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের বার্তা, ‘গোলগুলো জমিয়ে রাখো অন্য কোনো সময়ের জন্য।’ ভালভার্দে সেই অন্য কোনো সময় বলতে যে গ্রিজমানের বার্সায় আসা বোঝাননি, তা কে জানে! এ ছাড়া স্প্যানিশ সংবাদমাধ্যমও জানিয়েছে, গ্রিজমানের জন্য ৭ নম্বর জার্সিটা আপাতত তুলে রেখেছে কাতালান ক্লাবটি।

তো, মৌসুম শেষে গ্রিজমানকে সবাই মোটামুটি বার্সায় দেখতে পেলেও একজন কিন্তু এই সম্ভাব্য বাস্তবতায় ফোকর দেখতে পাচ্ছেন। রিয়াল সভাপতি পেরেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও গোল জানিয়েছে, পেরেজ বিশ্বাস করেন, গ্রিজমানের বার্সায় আসার বিপক্ষে মেসি। বার্সার এই আর্জেন্টাইন তারকা গ্রিজমানকে ক্লাব সতীর্থ হিসেবে চান না। কারণ, গ্রিজমান যোগ দিলে বার্সার একাদশে অনিয়মিত হয়ে পড়বেন লুইস সুয়ারেজ। উরুগুয়ে স্ট্রাইকার মেসির শুধু ক্লাব সতীর্থই নন, বন্ধুও।

সংবাদমাধ্যমটির মতে, পেরেজের বিশ্বাস, মেসির এই নারাজি মনোভাব গ্রিজমানকে জানালে তিনি কোনোভাবেই বার্সায় আসতে চাইবেন না। ঠিক তখনই সুযোগের সদ্ব্যবহার করবেন পেরেজ—‘রিলিজ ক্লজ’ মূল্য চুকিয়ে অ্যাটলেটিকো তারকাকে নিয়ে আসবেন রিয়ালে। এ ছাড়া ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের রিয়াল কোচের দায়িত্ব পালন করাকেও এ ক্ষেত্রে গ্রিজমানের ক্লাবটিতে আসার যোগসূত্র হিসেবে দেখছেন অনেকে।

মেসি যে গ্রিজমানকে বার্সায় দেখতে চান না, এ ব্যাপারেও গুঞ্জন ছড়িয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। গত মাসে ‘মি ওত্রা লিগা’ জানায়, মেসি নাকি গ্রিজমানের পিছু ছুটতে বার্সাকে নিষেধ করেছেন। ফরাসির বদলে তিনি নাকি আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালাকে বার্সায় চান।