মেসিকে যে উপায়ে দলে টেনেছে নেইমারের পিএসজি
লিওনেল মেসিকে পিএসজি দলে টেনেছে বিনা মূল্যে। বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসিকে নিতে এক পয়সাও খরচ করতে হয়নি পিএসজিকে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, চুক্তি করার জন্য ২ কোটি ৫০ ইউরো বোনাস নিয়েছেন মেসি। কিন্তু ফ্রান্সের সবচেয়ে বিশ্বস্ত দুটি পত্রিকা জানিয়েছে, সেটি মিথ্যা।
মেসির পিএসজিতে যোগদান তবু প্রশ্ন তুলে দিয়েছে। একই দলবদলে মেসি, সের্হিও রামোস, জর্জিনিও ভাইনালডম, জিয়ানলুইজি দোন্নারুম্মা ও আশরাফ হাকিমিকে দলে নিয়েছে তারা। এর মধ্যে শুধু হাকিমিকে কিনতেই অর্থ খরচ করতে হয়েছে। তবু প্রশ্ন উঠেছে। কারণ, কর দেওয়ার পরও এ ৫ জনের বেতন ৯ কোটি ২০ লাখ ইউরো। নেইমার-এমবাপ্পে যে দলে খেলেন, সে দলের পক্ষে কীভাবে এত বেতন বহন করা সম্ভব!
যুক্তিসংগত কারণেই প্রশ্ন উঠেছে, পিএসজি কি তাহলে আর্থিক সংগতি নীতি (এফএফপি) ভাঙছে। লা লিগার সভাপতি তেবাস কিংবা বায়ার্ন মিউনিখের রুমিনেগেরা তো বহু আগেই পিএসজির ব্যাপারে প্রশ্ন তুলে রেখেছেন। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে উয়েফার আর্থিক সংগতি নীতির চাপের মুখে পড়েও নতুন ‘গ্যালাকটিকো’ সৃষ্টি করল পিএসজি।
এ ব্যাপারে প্রথমেই পিএসজির ভাষ্য জেনে নেওয়া যাক। ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফির দাবি, ‘আমরা আর্থিক সংগতি নীতির নিয়ম জানি এবং সব সময় নিয়ম মানি। কিছু করার আগে, আমরা আর্থিক ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিই। আমাদের সে সামর্থ্য আছে। আমরা যদি লিওকে দলে নিই, তার কারণ আমাদের সে ক্ষমতা আছে। না হলে এ দলবদল হতো না।’
নিজেদের নিরপরাধ প্রমাণ করতে খেলাইফি আরও বলেছেন, ‘আমরা এফএফপিকে শ্রদ্ধা করি। ভালো করে দেখুন, আমরা চারজন সেরা খেলোয়াড়কে বিনা মূল্যে দলে নিয়েছি। আমরা দারুণ এক দলবদল কাটালাম এবং আমরা সব সময় নিয়মকে শ্রদ্ধা করি। আমরা নিজেদের প্রকল্পে মনোযোগ দিই, সব সময় আইন মেনে চলি।’
আইন মেনে চললে নেইমার, এমবাপ্পে, দি মারিয়া, ভেরাত্তি, নাভাস, ইকার্দি, ড্রেক্সলারসমৃদ্ধ দল কীভাবে মেসিদের দলে টানল? যেখানে ফ্রেঞ্চ লিগের ১০টি দলের বেতন নেইমারের একার বেতনের চেয়ে কম? এ ব্যাপারে ফুটবলের আর্থিক দিকগুলো বিশ্লেষণের জন্য বিখ্যাত সুইস র্যাম্বল একটু আলোচনা করেছে। চলুন সে ব্যাখ্যা শোনা যাক।
করোনা মহামারির কারণে ২০২০ সালে পিএসজির আয় কমেছে ৯ কোটি ৯০ লাখ ইউরো (১৫ শতাংশ)। তবু এর মধ্যেই পিএসজির বেতনের খরচ বেড়েছে ৪ কোটি ৩০ লাখ ইউরো (১২ শতাংশ)। বর্তমানে যা বছরে ৪১ কোটি ৪০ লাখ। ফ্রান্সে পিএসজির পরে বেতনের দিক থেকে দুইয়ে থাকা লিঁওর ক্ষেত্রে এটা ১৩ কোটি ২০ লাখ! ফ্রেঞ্চ লিগে খেলোয়াড়দের বেতনের ২৯ ভাগ একা পিএসজির!
ইউরোপেই এখন বেতনের দিক থেকে পিএসজির আশপাশে খুব কম দল আছে। বেতনের দিক থেকে পিএসজি এখন দুইয়ে। শীর্ষে মেসি যে ক্লাবকে বিদায় বলে এসেছেন, সেই ক্লাব। মেসি চলে যাওয়ার পরও বার্সেলোনার বেতন ব্যয় ৪৪ কোটি ৩০ লাখ (পিকে, আলবারা বেতন কমানোর আগের হিসাব)। বেতনে পিএসজির পর আছে ম্যানচেস্টার সিটি (৪০ কোটি ১০ লাখ), রিয়াল মাদ্রিদ (৩৭ কোটি ৮০ লাখ) ও লিভারপুল (৩৭ কোটি ১০ লাখ)।
২০২০ সালে পিএসজির আয়ের বিপরীতে বেতনের হার ৫৬ শতাংশ থেকে ৭৪ শতাংশ হয়ে গেছে। যেটা ফ্রান্সের বেঁধে দেওয়া বেতনসীমার (৭০ শতাংশ) চেয়ে বেশি। তবে ফ্রান্সে এবার অন্য ক্লাবগুলোর আয় এতই কমেছে যে মাত্র তিনটি ক্লাবই এই হিসাবে পিএসজির চেয়ে ভালো অবস্থানে আছে। ফলে লিগ ওয়ান আপাতত এ নিয়ম ২০২৩–২৪ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের পরাশক্তিগুলোর ক্ষেত্রে যদিও উল্টো, শুধু এসি মিলানের অবস্থা পিএসজির চেয়ে খারাপ। ৭০ শতাংশের ওপরে আছে শুধু ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস।
এদিকে নিয়মিত তারকা কেনার নীতিতে চলা পিএসজির খেলোয়াড় এমোর্টাইজেশন (খেলোয়াড়ের দলবদলের অঙ্ককে চুক্তির মেয়াদ দিয়ে ভাগ করে পাওয়া অংশ) খরচও বেড়েছে। গত বছরের তুলনায় ১৯ মিলিয়ন বেড়ে সেটা ১৪ কোটি ২০ লাখ হয়েছে এবার। তবে ইউরোপের কথা চিন্তা করলে বার্সেলোনা (১৭ কোটি ৪০ লাখ), জুভেন্টাস (১৬ কোটি ৭০ লাখ) ও ম্যান সিটি (১৬ কোটি ৬০ লাখ) এখনো পিএসজির চেয়ে এগিয়ে।
২০১৯–২০ সাল পর্যন্ত এর আগের তিন বছরে দলবদলের বাজারে পিএসজি ৫৬ কোটি ইউরো খরচ করেছে, যার মধ্যে নেইমারের ২২ কোটি ২০ লাখ ও এমবাপ্পের শর্ত সাপেক্ষে ১৮ কোটি ইউরোর দলবদল দুটি আছে। কিন্তু অর্থ খরচে তবু পিএসজি শীর্ষে নেই! ওই তিন বছরে বার্সেলোনা ৯৬ কোটি ইউরো খরচ করেছে! জুভেন্টাস ও চেলসি খরচ করেছে যথাক্রমে ৮০ কোটি ও ৭৫ কোটি ইউরো!
খেলোয়াড় বেচাবিক্রি থেকে নেট লাভ বা ক্ষতিতে পিএসজির ক্ষতি ২৪ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু এদিক থেকেও পিএসজির চেয়ে বড় ‘অপরাধী’ আছে। ম্যানচেস্টারের দুই ক্লাব—সিটি (৪৬ কোটি) ও ইউনাইটেড (৪৩ কোটি ২০ লাখ)।
অধিকাংশ ক্ষেত্রেই খেলোয়াড় দলবদলে সঠিক সংখ্যাটা ক্লাবের পক্ষ থেকে জানানো হয় না। সেটা পরে আর্থিক বিবরণীতে এমোর্টাইজেশন ও অন্যান্য খরচ থেকে আন্দাজ করার চেষ্টা করা হয়। তবু সে হিসাব থেকেই পিএসজির দলবদলের খরচ ও আর্থিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে এখানে।
এ মৌসুমে চারজন বড় তারকাকে মুফতে পেয়েছে পিএসজি। সেই সঙ্গে হাকিমিকে ছয় কোটি ইউরোতে কেনা হয়েছে। আর দানিলো পেরেইরাকে এনেছে ১ কোটি ৬০ লাখ ইউরোতে। গত দলবদলে মাত্র দুজন খেলোয়াড়ের পেছনে অর্থ ব্যয় করেছে পিএসজি, মাউরো ইকার্দি (৫ কোটি) ও সের্হিও রিকো (৬০ লাখ)।
এ দলবদলের অঙ্ক ছাড়াও আর দুটি ব্যাপার পিএসজির আয়–ব্যয়ে প্রভাব ফেলবে, খেলোয়াড়দের বেতন ও এমোর্টাইজেশন খরচ। নতুন পাঁচ ও গত বছরের দুই খেলোয়াড়ের জন্য পিএসজির বেতন বাবদ খরচ ১১ কোটি ইউরো। আর এমোর্টাইজেশন খরচ তিন কোটি। তার মানে ১৪ কোটি ইউরো খরচ বেড়েছে পিএসজির।
পিএসজি ২ বছরে ১ কোটি ৪০ লাখ ইউরোর খেলোয়াড় বিক্রি করে ১ কোটি ২০ লাখ ইউরো লাভ করেছে। এদিক থেকে পিএসজির আয় খুব কম। কারণ, কাভানি, সিলভা ও মুনিয়ের মতো খেলোয়াড়েরা মুফতে চলে গেছেন।
কিন্তু তাঁদের সবার অনেক উঁচু অঙ্কের বেতন ছিল। বেতন (৫ কোটি ৩০ লাখ) এবং এমোর্টাইজেশন খরচের (৫০ লাখ) দিক থেকে বছরে ৫ কোটি ৮০ লাখ ইউরো বেঁচে গেছে পিএসজির। তা ছাড়া বর্তমানের কিছু খেলোয়াড়ের এমোর্টাইজেশন খরচও কমে গেছে। নেইমার নতুন চুক্তি করায় গত বছরের ৪৪ মিলিয়ন ইউরোর খরচ এ বছর ১১ মিলিয়ন হয়ে গেছে।
তার মানে একধাক্কায় ৩ কোটি ৩০ লাখ ইউরো আয় বেড়ে গেছে পিএসজির। আবার এমবাপ্পের জন্য এমোর্টাইজেশনের ৩ কোটি ৬০ লাখ ইউরোর খরচ ২০২২ সালে শেষ হয়ে যাবে। এ কারণে গত দুই বছরে দলবদলে পিএসজির ক্ষতি মাত্র ৪ কোটি ৮৯ লাখ ইউরো। আর খেলোয়াড় বিক্রি থেকে লাভ ১ কোটি ২০ লাখ ইউরো তো আছেই।
করোনার আগে গত পাঁচ বছরের মধ্যে চারবারই করপূর্ব লাভ (স্পনসর, টিকিট বিক্রি, টিভি স্বত্ব ও অন্যান্য আয় মিলিয়ে) দেখিয়েছে পিএসজি। সব মিলিয়ে চার বছরে পিএসজির লাভের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ। কিন্তু ২০২০ সালেই ১২ কোটি ৫০ লাখ ইউরো ক্ষতি হয়েছে তাদের। এদিক থেকে এর চেয়ে বাজে অবস্থায় আছে মাত্র তিনটি ক্লাব—মিলান (১৯ কোটি ২০ লাখ), ম্যান সিটি (১৪ কোটি ৩০ লাখ) ও বার্সেলোনা (১২ কোটি ৮০ লাখ)। তবু গত ৩ বছর মিলিয়ে পিএসজির ক্ষতির পরিমাণ ৫ কোটি ৩০ লাখ ইউরো।
খেলোয়াড় কেনাবেচার হিসাব বাইরে রাখলে পিএসজির ক্ষতি ২০২০ সালে ১৭ কোটি ৮০ লাখ। এ ক্ষেত্রেও মাত্র তিনটি দলের অবস্থা পিএসজির চেয়ে খারাপ—জুভেন্টাস (২৩ কোটি ৪০ লাখ), মিলান (২০ কোটি ২০ লাখ) ও ম্যান সিটি (১৮ কোটি ২০ লাখ)।
আগেই বলা হয়েছে, পিএসজির আয় এ বছর ৯ কোটি ৯০ লাখ কমেছে। তবু সেটা লিগ ওয়ানের শেষ দিকের ১৫টি ক্লাবের মোট আয়ের বেশি। আবার পিএসজির পরে থাকা পাঁচ ক্লাব লিঁও, মার্শেই, লিল, সেঁত এতিয়েন ও মোনাকোর মোট আয়ের চেয়ে বেশি।
ডেলয়ট মানি লিগের হিসাবে আয়ের দিক থেকে পিএসজি (৫৪ কোটি ১০ লাখ) এখন সাতে নেমে গেছে। ছয়ে আছে ম্যান সিটি (৫৪ কোটি ৯০ লাখ)। লিভারপুল আছে আটে (৪৭ কোটি ইউরো)। শীর্ষে আছে দুই স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও রিয়াল (৭১ কোটি ৫০ লাখ)।
বাণিজ্যিক আয়েও বার্সা–রিয়াল থেকে বেশ পিছিয়ে পিএসজি। ২০২০ সালে ৬৪ মিলিয়ন আয় কমে গেছে তাদের (২৯ কোটি ৯০ লাখ)। এদিক থেকে রিয়াল শীর্ষে (৩৮ কোটি ৩০ লাখ)। তিনে আছে বার্সেলোনা (৩৪ কোটি)। মেসি যোগ দেওয়ায় পিএসজি এদিক থেকে যে খুব দ্রুত উঠে আসবে, তাতে কোনো সন্দেহ নেই।
স্পনসরের কাছ থেকে আয়ে পিএসজির ধারেকাছে নেই কোনো লিগ ওয়ানের ক্লাব। জার্সি থেকে পিএসজির বার্ষিক আয় ৮ কোটি ইউরো। আর অনুশীলন কিটের জন্য আরও ৬ কোটি ইউরো পায় তারা। কিন্তু এদিক থেকে তাদের আয় বাড়ার সম্ভাবনা কম। কারণ, জার্সির জন্য নাইকির সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত। ওদিকে কিটের জন্য এসোরের চুক্তি ২০২২ সাল পর্যন্ত হলেও আগের দরেই তিন বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে প্রতিষ্ঠানটির।
তবে এদিক থেকে আয় বাড়ার আশা করতেও পারে পিএসজি। কারণ, ২০১৮ সালে রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর স্পনসর ও বিজ্ঞাপন থেকে ৫০ ভাগ বেশি আয় করেছিল তুরিনের ক্লাব। পিএসজিতে স্পনসর বিজ্ঞাপন আয় ২৫ শতাংশ বাড়লেই বাড়তি ৭ কোটি ইউরো পাবে দলটি।
মেসি যোগ দেওয়ায় জার্সি বিক্রি অনেক বেড়ে গেছে পিএসজির, যদিও এতে লাভ হচ্ছে নাইকির। কারণ, যদি ১০ লাখ মেসির জার্সিও বিক্রি হয়, প্রতিটি জার্সির দাম ১০০ ইউরো হলেও পিএসজির লাভ হবে মাত্র ১০ শতাংশ, অর্থাৎ ১ কোটি ইউরো।
এদিকে উয়েফার চাপে ২০২০ সালে কাতার ট্যুরিস্ট অথরিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ায় পিএসজির আয় ১০ কোটি ইউরোর মতো কমে গেছে। টিভি স্বত্ব থেকে ১৫ কোটি ইউরো পায় ক্লাবটি। কিন্তু সেটা বার্সেলোনা (২৪ কোটি ৯০ লাখ ইউরো) ও লিভারপুলের (২৩ কোটি ৩০ লাখ) চেয়ে অনেক কম।
তবে চ্যাম্পিয়নস লিগ থেকে বেশ বড় অঙ্ক পায় পিএসজি। ২০২০ সালে ফাইনাল খেলে ১২ কোটি ৭০ লাখ ইউরো পেয়েছে ক্লাবটি। কিন্তু সেবার চ্যাম্পিয়নস লিগে শেষ হতে হতে আগস্ট মাস চলে আসায়, এ আয়ের কিছু অংশ (৪ কোটি ৭০ লাখ ইউরো) এই বছরের আয়ে যোগ হয়েছে। গত মৌসুমেও সেমিফাইনাল খেলায় অন্তত ১০ কোটি ইউরো নিশ্চিত করেছে পিএসজি।
২০২০ সালে লিগ বাতিল হওয়ায় ম্যাচের দিনের আয় ২৪ মিলিয়ন কমে গিয়েছিল পিএসজির। কিন্তু এখন স্টেডিয়ামে গ্যালারি ভর্তি করে আবার দর্শক ঢোকার সুযোগ এসেছে। মেসি যোগ দেওয়ায় আয়ের সম্ভাবনা বেড়েছে। রোনালদোর কারণে টিকিটের দাম ৩০৫ বাড়িয়ে ১ কোটি ৫০ লাখ ইউরো বাড়তি আয় করেছে জুভেন্টাস।
শুনতে অবিশ্বাস্য ঠেকলেও খেলোয়াড় বিক্রি করে ইউরোপে সবচেয়ে বেশি আয় করা ক্লাবগুলোর একটি পিএসজি। গত ৩ বছরে এ থেকে ২৭ কোটি ২০ লাখ ইউরো আয় করেছে তারা। এ মৌসুমেও ইকার্দি, এরেরা, রিকো, সারাবিয়া, গেয়ে, রাফিনিয়া, কুরজায়ারর মতো ১০জন খেলোয়াড়কে বিক্রি করতে চাইছে তারা।
পিএসজির বাইরে কোনো দেনা নেই। তবে শেয়ার হোল্ডারদের কাছে দেনা বেড়ে ১৯ কোটি ৭০ লাখ ইউরো হয়েছে ২০২০ সালে। ব্যাংক হিসাবে থাকা ৭৩ মিলিয়ন ইউরো হিসাবে নিলে নেট দেনা পিএসজির ১২ কোটি ৫০ লাখের মতো। টটেনহাম (৯৪ কোটি ৭০ লাখ), ম্যানচেস্টার ইউনাইটেড (৫৯ কোটি ৯০ লাখ) ও বার্সেলোনার (৪৮ কোট) তুলনায় এটা অনেক কম।
পিএসজির দলবদলসংক্রান্ত দেনার পরিমাণ ২০২০ সালে ১৪ কোটি ৪০ লাখ ছিল। কিন্তু বার্সেলোনা (৩২ কোটি ৩০ লাখ), আতলেতিকো (৩১ কোটি ৬০ লাখ) ও জুভেন্টাসের (৩০ কোটি) দেনা এর চেয়ে বেশি। ওদিকে অন্য ক্লাবের কাছ থেকে পিএসজির এ–সংক্রান্ত পাওনা ১৫ কোটি। তাই সব মিলিয়ে দলবদলে পিএসজির পাওনা ৬০ লাখ ইউরো!
কোনো সন্দেহ নেই, পিএসজির এত ইতিবাচক খবরের পেছনে তাদের মালিকপক্ষ, কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের অবদান রয়েছে। ২০১৭–১৮ মৌসুমেই তারা ক্লাবে ৩১ কোটি ৬০ লাখ ইউরো ঢেলেছে। আগের বছর ২ কোটি ৪০ লাখ ইউরো দিয়েছে। এ নিয়ে বারবার প্রশ্ন উঠলেও উয়েফার কাছ থেকে কখনোই বড় শাস্তি পায়নি পিএসজি।
২০২০ সাল পর্যন্ত আগের ৩ বছরে ৫ কোটি ৩০ লাখ ইউরো ক্ষতি ছিল পিএসজির।
উয়েফার আইন অনুযায়ী যা ৩ কোটির বেশি হতে পারে না। কিন্তু যুব প্রকল্প, অবচয়, নারী ফুটবল ও স্থানীয় জনগণের জীবনে অবদান মিলিয়ে ৫ কোটি ৭০ লাখ ইউরো খরচ দেখিয়ে তারা এফএফপির খড়্গ থেকে পার পেয়েছে।
এদিকে উয়েফা করোনার কথা বলে আর্থিক সংগতি নিয়ম বদলে ফেলছে। এখন আর তিন বছর নয়, দুই বছরের আয়–ব্যয় দেখা হবে। তা ছাড়া করোনার কারণে আয়ে যতটুকু কম থাকবে, সেটা হিসাবে রাখা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আগের মতো বেতন ব্যয় আয়ের ৭০ শতাংশের বেশি হলে আর ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হবে না। বরং একটা আর্থিক শাস্তি দিয়ে সেটা মীমাংসা করার সুযোগ দেওয়া হবে।
ছোট ক্লাবগুলোর জন্য করোনার এই সময়ে এই নিয়মগুলো আশীর্বাদ। আর পিএসজির জন্য মহা সুযোগ। আগের নিয়মে আর্থিক সংগতির সব নিয়ম ভাঙলেও নতুন নিয়মে তাই অনায়াসে মেসি-রামোসকে দলে টানতে পারছে পিএসজি। ওদিকে ফ্রেঞ্চ লিগও ২০২৩–২৪ পর্যন্ত বেতনের সীমা তুলে দিয়েছে। কাকতাল বটে, পিএসজির সঙ্গে মেসির যে চুক্তি, তাতে আরও এক বছর বাড়ালে ২০২৩–২৪ মৌসুম পর্যন্ত মেসিকে প্যারিসে দেখা যাবে।
এত সব সুযোগ নিয়ে পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে পারে কি না, সেটা এখন দেখার আগ্রহ।