মেসিকে রাউলের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতীর্থদের প্রশংসায় ভেজেন রোজই। বিশ্বজোড়া ফুটবল-পণ্ডিত বা সাবেক ফুটবলাররাও তাঁর ধন্য ধন্য করেন সব সময়। গত পরশু আরেকবার প্রশংসাসিক্ত হলেন লিওনেল মেসি। তবে এই প্রশংসা আর্জেন্টাইন তারকার কাছে অবশ্যই ভিন্ন স্বাদের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক রাউল গঞ্জালেসের অভিনন্দন পেয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড। তা-ও আবার রাউলেরই একটি রেকর্ডে ভাগ বসানোর পর!

কিছুদিন ধরে সংবাদমাধ্যমে মেসিকে ছাপিয়ে সরব উপস্থিতি ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে পরশু একটা বড় জায়গা নিয়ে নিলেন মেসি। লাস পালমাসের বিপক্ষে ম্যাচে স্পেনের ফুটবলে যে আরেকটি গোলের রেকর্ডে নিজের নামটি লিখিয়ে নিয়েছেন। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ৫-০ ব্যবধানের বড় জয়ে মেসি গোল করেছেন মাত্র একটি। তবে এতেই হয়ে গেছে রেকর্ড। রাউলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে স্প্যানিশ লিগে ৩৫টি দলের বিপক্ষে গোল করলেন।

বার্সেলোনা আর রিয়ালের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বেশ পুরোনো। মাঝেমধ্যেই বার্সেলোনার দিক থেকে তির্যক মন্তব্য ছুটে যায় রিয়ালের দিকে। পাল্টা তির এসে বিদ্ধ করে বার্সাকেও। মেসির কীর্তিতে রাউল অবশ্য সে পথে না হেঁটে তাঁকে ভেজালেন প্রশংসায়, ‘লা লিগায় প্রতিদিন তোমার গোলগুলো উপভোগ করা আনন্দের!’ মার্কা, গোলডটকম।

৩৫     লিওনেল মেসি

           রাউল গঞ্জালেস

৩৪     হুলিও সালিনাস

৩৩     হুগো সানচেজ

           রাউল তামুদো