মেসিকে রোনালদোর অপমান বিশ্বাস হয় না বুসকেটসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-রোনালদো সম্পর্কে নতুন ফাটল কি এনে দেবে এই বিতর্ক? ফাইল ছবি
মেসি-রোনালদো সম্পর্কে নতুন ফাটল কি এনে দেবে এই বিতর্ক? ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদো নিজে অস্বীকার করেছেন। তাঁর পক্ষে এসে দাঁড়িয়েছেন রিয়াল সতীর্থদের কেউ কেউ। এবার অপ্রত্যাশিত একটা পক্ষ থেকেও সমর্থন পেলেন রোনালদো। খোদ বার্সেলোনা শিবিরের অন্যতম যোদ্ধা সার্জিও বুসকেটস মনে করেন, যে কথা রটেছে, সেটা সত্যি নয়।
খ্যাতনামা স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলেম বালেগ তাঁর নতুন বইয়ে দাবি করেছেন, রোনালদো হামবড়া ভাব দেখাতেই রিয়াল সতীর্থদের সামনে মেসিকে জঘন্য একটা ভাষায় বরাবর গাল দিয়ে আসছেন। রিয়াল ড্রেসিংরুমে আরও অপমান করা হয় মেসিকে। এমন দাবি অস্বীকার করে খেপে গিয়ে রোনালদো বলেছেন, তিনি মামলা করবেন। মেসিকে জঘন্য কোনো গালি তিনি দেন না।
মেসির বার্সা-সতীর্থ বুসকেটসকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘রোনালদো মেসিকে জঘন্য অপমান করে কি না, এ ব্যাপারে জানতে চাইছেন? মোটেও বিশ্বাস করি না যে রিয়ালের ড্রেসিংরুমে মেসিকে নিয়ে রোনালদো আজেবাজে কথা বলে।’ তবে বুসকেটসের এই বিশ্বাসের পেছনে আছে অন্য কারণ। তিনি মনে করেন, পেশাদার খেলোয়াড়েরা লড়াইটা মাঠেই ফেলে আসেন। সেটি ঘরে টেনে আনেন না। তাঁর দাবি, বার্সার সবাই অশেষ শ্রদ্ধা করে রোনালদোকে, ‘বার্সার ড্রেসিংরুমে আমরা তো মোটেও তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করি না। তার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা। ড্রেসিংরুমে রোনালদোকে আমরা কোনো নামে ডাকি না।’ সূত্র: গোলডটকম।

আরও জানতে পড়ুন: