মেসিকে সেরা বলে বিতর্কে মরিনহো

বছর দু-তিন আগেও কথাটা তিনি এভাবে বলতেন কি না, যথেষ্ট সংশয় আছে। কিন্তু তিন বছরের মধ্যে ফুটবলে অনেক বদল এসেছে, পরিবর্তন এসেছে সম্ভবত হোসে মরিনহোর চিন্তার জগতেও। বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ সর্বকালের সেরা তিনের তালিকায় স্বদেশি সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে নন, রেখেছেন লিওনেল মেসিকে। কিন্তু সেটি করতে গিয়েই উল্টো বিতর্কে পড়ে গেছেন ৫৩ বছর বয়সী পর্তুগিজ কোচ।
তা কী বলেছেন মরিনহো? ইংলিশ দৈনিক ডেইলি মিরর-এর প্রতিবেদন, সর্বকালের সেরা কে—এ প্রশ্নের জবাবে ইউনাইটেড কোচ বলেছেন, ‘আমার চোখে, ইতিহাসের সেরা তিন খেলোয়াড় হচ্ছে মেসি, পেলে ও ম্যারাডোনা।’
এই মন্তব্যের পর থেকেই বেশ তোপের মুখে পড়েছেন মরিনহো। এমনিতে এটি একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। এমনও নয় যে, পেলে-ম্যারাডোনার সঙ্গে সর্বকালের সেরার ছোট্ট বন্ধনীতে এই প্রথম কেউ মেসিকে রেখেছেন। কিন্তু মরিনহোর মন্তব্য নিয়ে ঝামেলা অন্য কারণে, মেসিকে রাখতে গিয়ে যে সময়ের ফুটবলের অন্য সেরা বিজ্ঞাপন রোনালদোকে বাদ দিয়েছেন তিনি। তার ওপর তিন বছর আগেই ঠিক উল্টোটা বলেছিলেন ‘মউ’।
২০১৩ সালের কথা। মাত্রই ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। সেই সময় রিয়ালের দায়িত্বে থাকা মরিনহো দলের প্রাণভোমরার প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, ‘ও-ই সেরা। হ্যাঁ, বিশ্বেরই সেরা। সম্ভবত সর্বকালেরও। আমি কয়েকবার ম্যারাডোনাকে দেখেছি। পেলেকে কখনো দেখিনি। কিন্তু ক্রিস্টিয়ানো অসাধারণ। ও সবার সেরা।’
এবারের মন্তব্যটির উৎস নিয়েও আছে সংশয়। মিরর-এর প্রতিবেদনে ইকুয়েডরের রেডিও আতালাইয়ার টুইটকে প্রমাণ হিসেবে নেওয়া হয়েছে। ‘লিও মেসি’ নামে একটি টুইটার অ্যাকাউন্টও মরিনহোর এই মন্তব্য টুইট করেছে। অবশ্য মরিনহোর ছেলের সেটি আবার রি-টুইট করাকেই মন্তব্যটির বিশ্বস্ততা হিসেবে ধরে নেওয়া হচ্ছে।
এখন বাকি সব প্রশ্নের উত্তর শুধু মরিনহোই দিতে পারবেন। মিরর।