মেসিকে হিরো বানিয়ো না, কিশোরদের পরামর্শ!

লিওনেল মেসি। বিশ্বের কত শত কোটি কিশোর, উদীয়মান ফুটবলারের ‘হিরো’। স্বপ্নের নায়ক। কত কিশোর স্বপ্ন দেখে, ‘বড় হলে মেসি হব।’ কিন্তু অ্যাডিডাস বলছে, ‘না, মেসিকে তোমার হিরো বানিয়ো না। মেসিকে অনুসরণ করো না। মেসিকে অনুসরণ করা বরং বাদই দাও।’
অ্যাডিডাসের সঙ্গে মেসির সম্পর্ক আজকের নয়। ক্রীড়াপণ্য নির্মাণকারী বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটির দূত হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করছেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। সেই অ্যাডিডাস বলছে মেসিকে অনুসরণ করো না! ঘটনাটা কী?
প্রত্যেকটি মানুষ তার নিজের মতো। প্রত্যেকটি মানুষ তার বুড়ো আঙুলের ছাপের মতো স্বতন্ত্র, আলাদা। অ্যাডিডাস তাই কিশোর ফুটবলারদের বলছে, ‘তুমি মেসি হবে কেন? তুমি তোমার মতো হও।’
অ্যাডিডাসের নতুন প্রচারণায় এমনই বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘আনফলো মেসি’। মেসিকে অনুসরণ করা বাদ দাও। ‘অন্য কাউকে অনুকরণ করে কেউ কখনোই নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় লিও মেসি তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তোমাকে তোমার নিজের পথ গড়ে নিতে, তাকে অনুসরণ না করতে, যেন তুমি নিজের মতো করে নিজের খেলা গড়ে নিতে পার।’
হিরো নয়, মেসিকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবারও পরামর্শ দেওয়া হয়েছে কিশোরদের, ‘ফুটবল বদলে গেছে। মেসিও তাই পরের প্রজন্মের খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাচ্ছে। মেসিকে নিজের হিরো ভেবো না, বরং তাকে তোমার প্রতিযোগী ভাব।’