মেসিকে ‘হ্যালো’ বলার সুযোগই পেলেন না বার্সা ফরোয়ার্ড
এ মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন। লিওনেল মেসির সঙ্গে খেলবেন, এটা ভেবে কী যে খুশি হয়ে উঠেছিলেন মেম্ফিস ডিপাই। কিন্তু সেই ভাবনা আর সত্যি হলো না। নাটকীয় দলবদলে মেসিকে বার্সা ছেড়ে চলে যেতে হলো পিএসজিতে। একসঙ্গে খেলা তো দূরের কথা, মেসিকে হ্যালো বলার সুযোগই পাননি ডিপাই। সেই আক্ষেপ নিয়েই বার্সার হয়ে নতুন একটা অধ্যায় শুরু করেছেন ডাচ ফরোয়ার্ড।
লিওঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর গত জুন মাসে বার্সেলোনায় যোগ দেন মেম্ফিস ডিপাই। বিনা মূল্যে পাওয়া যাচ্ছে—বার্সেলোনা তাঁকে দলে নেওয়ার এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানের অধীনে নেদারল্যান্ডস দলে খেলেছেন ডিপাই। কোমান তাঁকে বেশ পছন্দও করেন। ডিপাই নিজে অবশ্য বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখছিলেন অনেক দিন ধরেই। ডিপাইয়ের দাদি সংবাদমাধ্যমে বলেছেন, চার বছর বয়স থেকেই নাকি ডিপাই দাদাকে বলতেন, ‘দেখো, আমি একদিন বার্সেলোনায় খেলব।’
সেই স্বপ্ন আরও ডানা মেলেছিল মেসির সতীর্থ হতে যাচ্ছেন, এটা ভেবে। দলবদলের চুক্তি হয়ে যাওয়ার পর ডিপাই চলে যান নেদারল্যান্ডসের হয়ে ইউরোতে খেলতে। মেসি আর্জেন্টিনাকে নিয়ে নামেন কোপা আমেরিকা জয়ের অভিযানে। ইউরো শেষে ডিপাই যোগ দিয়েছেন বার্সেলোনা ক্যাম্পে, অনুশীলনও শুরু করলেন। মেসি তখনো ছুটি কাটাচ্ছেন। আর্জেন্টাইন তারকার যখন ফেরার সময় হলো, তখনই ঘটে গেল দলবদলের সেই নাটকীয় ঘটনা। বার্সেলোনা জানিয়ে দিল, লা লিগায় নতুন বেতনসীমা নীতির কারণে মেসিকে রাখতে পারছে না তারা। কদিন পরেই মেসি চলে গেলেন পিএসজিতে। ডিপাইয়ের তাই মেসির সঙ্গে আর দেখাই হলো না।
কাতালান দৈনিক এল পেরিওদিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথাই বলেছেন ডিপাই, ‘আমি তো তাকে চেনার সুযোগই পেলাম না। কোপা আমেরিকা শেষে সে প্রাক্-মৌসুমে দেরি করে এসেছিল। আমি তাকে হ্যালো পর্যন্ত বলতে পারিনি।’
তবে মেসির সঙ্গে খেলতে না পারার আক্ষেপ থাকলেও জাতীয় দলে তাঁর একসময়ের কোচ কোমানের অধীনে আবার খেলতে পেরে খুশি ডিপাই, ‘আমি জানি তিনি আমার কাছে কী চান, আমাকে কী করতে হবে। আমাদের মধ্যে একটা রসায়ন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ।’
বার্সেলোনার বাকি সতীর্থদের সঙ্গেও বেশ মানিয়ে নিয়েছেন ডিপাই, ‘সবাই খুব ভালো, তারা আমার জন্য সবকিছু সহজ করে দিয়েছে। পিকে আমাকে অনেক সাহায্য করেছে। কারণ, তার ইংরেজি খুব ভালো। আলবার সঙ্গেও অনেক মজা করেছি। আর ফ্রেঙ্কি ও দেস্তকে তো আমি আগে থেকেই চিনি। সব মিলিয়ে দারুণ এক ড্রেসিং রুম আমাদের।’