মেসিকেই জয়ী দেখছেন অঁরি
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি নেইমার? ফিফা-ব্যালন ডি’অর কার হাতে উঠবে সেটি আর এক দিন পরই জানা যাবে। তবে এবারের পুরস্কার কে পাবেন, সেটি নিয়ে থিয়েরি অঁরির অন্তত কোনো সন্দেহ নেই। মেসি পঞ্চমবারের মতো বিশ্বসেরা না হলে অঁরির চোখে সেটি হবে পাগুলে ব্যাপার।
গত মৌসুমে যা করেছেন, তাতে পুরস্কারটা মেসির হাতেই দেখছেন অনেকে। আর অঁরি তো ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত মেসির সঙ্গে খেলেছেনই। সেই মুগ্ধতা এখনো চোখে লেগে আছে ফ্রেঞ্চ কিংবদন্তির, ‘এখন সে যেটা করছে সেটা আমরা শুধু উপভোগই করতে পারি, কারণ এটা সাধারণ কিছু নয়। আগে এক মৌসুমেই কেউ ২৩ থেকে ২৫ গোল পেয়ে গেলে আমরা সেটা অবিশ্বাস্য মানতাম। মেসি তো সেটা তিন মাসেই করে ফেলছে। আমাদের সময়ে বার্সাতেও বিস্ময়কর আরও কিছু খেলোয়াড় ছিল। কিন্তু যখন কী করতে হবে সেটা আমরা জানতাম না, মেসিকেই খুঁজতাম।’
অবসর নেওয়ার পর অঁরি এখন ফুটবল বিশেষজ্ঞ, ফুটবলের সব খবর তাই পেশাগত কাজেই রাখতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি নিঃসংশয়, ‘সে ব্যালন ডি’অর না জিতলে সেটা হবে পাগুলে ব্যাপার। ওর দল ত্রিমুকুট জিতেছে, পুরস্কারটা ওরই প্রাপ্য। লুইস সুয়ারেজ কেন নেই (সেরা তিনে), সেটাও আমি বুঝতে পারছি না।’ সরাসরি কিছু না বললেও রোনালদোকে নিয়ে কি প্রশ্নই তুললেন না আর্সেনালের সাবেক ফ্রেঞ্চ কিংবদন্তি? ইএসপিএন।