মেসিকেই জয়ী দেখছেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ দুবারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোর করে হাসি ধরতে রাখতে হয়েছে মুখে। ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে ফিফা ব্যালন ডি’অরের ট্রফি, লিওনেল মেসিকে সেটি দেখতে হয়েছে দর্শকসারিতে বসে। তবে নেইমারের বিশ্বাস, এবার আর সেই আক্ষেপ করতে হবে না মেসিকে। পুরস্কারটা এখনই বার্সেলোনা সতীর্থের হাতে দেখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গত মৌসুমে বার্সেলোনাকে ‘শিরোপাত্রয়ী’ এনে দিয়েছেন, আর্জেন্টিনাকে নিয়ে গেছেন কোপা আমেরিকার ফাইনালে-মেসির জন্য বছরটা অনেক প্রাপ্তির আনন্দে উজ্জ্বল। অন্যদিকে রোনালদোর বছরটা এখন পর্যন্ত নিষ্ফলাই কেটেছে। নেইমারের তাই তেমন কোনো সন্দেহ থাকছে না, ‘লিওই এবার ফেবারিট। এই বছর ব্যালন ডি’অর ওর জন্যই বরাদ্দ হয়ে গেছে। সে যা করেছে, তাতে এটা ওর প্রাপ্যই।’ ইএসপিএন।
নেইমার বার্সেলোনায় এসেছেন দুই মৌসুম হয়ে গেছে। মেসি-মুগ্ধতাটা যেন আগের চেয়ে বেড়েছে বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকারের, ‘মেসির সঙ্গে খেলতে খেলতেই আমি আরও পরিণত হতে চাই। সে সবার সেরা, আমার আদর্শ। ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারলে হয়তো একদিন আমিও এটা (ব্যালন ডি’অর) জিততে পারব।’