মেসিডোনিয়াকে হারাতেই এত কষ্ট ইতালির!

বিশ্বকাপ ও ইউরোর বাছাই মিলিয়ে টানা ৫৩ ম্যাচ ধরে অপরাজিত ইতালি। ৫৩ ম্যাচে ৩৯ জয়, ১৪ হার; দুর্দান্ত এক রেকর্ড। কিন্তু চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাইপর্বে নিজেদের ৩৯ তম জয়টা পেল অনেক কাঠখড় পুড়িয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৬ তম স্থানে থাকা মেসিডোনিয়াকে হারাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে যোগ হওয়া সময়ের গোল পর্যন্ত! বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল মেসিডোনিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে জিতেছে আজ্জুরিরা।
ম্যাচের শেষ ১৫ মিনিটের নায়ক ইতালিয়ান স্ট্রাইকার চিরো ইমোবিলে। দল তখন পিছিয়ে ২-১ গোলে। ৭৬ মিনিটে গোল করে ইতালির সমর্থকদের মনে আশা জাগিয়ে তোলেন তিনি। যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর আরও একটা গোলেই হাসি মুখে মাঠ ছাড়ে ইতালি।
অবশ্য ম্যাচের ২৪ মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির গোলে ইতালিই প্রথম এগিয়ে গিয়েছিল। কিন্তু এরপর তাদের গা ছাড়া ভাবের সুযোগটা মেসিডোনিয়া নেয় দারুণভাবে। ৫৭ মিনিটে সমতা ফেরান ইলিজা নেস্তোরোফস্কি। এর ঠিক দুই মিনিট পড়েই মধ্যমাঠের ভুলে ইতালি পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। মেসিডোনিয়া যখন বড় এক অঘটনের স্বপ্নে বিভোর, ঠিক তখনই আজ্জুরিদের ত্রাণকর্তা ইমোবিলে।
এই জয়ে বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘জি’তে ৩ ম্যাচে ৭ পয়েন্ট তুলে নিল ইতালি। শীর্ষে অবশ্য ওঠা হয়নি। সমান পয়েন্ট নিয়ে সবচেয়ে ওপরে থাকা স্পেনের চেয়ে তারা পিছিয়ে গোলের হিসেবে। ডিয়েগো কস্তা আর নলিতোর গোলে কাল স্পেনও ২-০ ব্যবধানে জিতেছে আলবেনিয়ার বিপক্ষে।
স্পেনের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে পাঁচ খেলোয়াড়কে বসিয়ে মেসিডোনিয়ার বিপক্ষে দল নামিয়েছিলেন ইতালি কোচ জিয়ামপিয়েরো ভেনতুরা। পরিবর্তনটা তিনি এনেছিলেন তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করে নিতে। হয়তো প্রতিপক্ষ কিছুটা ‘দুর্বল’ ছিল বলেই। সেই দলের বিপক্ষে এমন কষ্টের জয়ের পরও ভেনতুরা বেশ স্বস্তিতে, ‘দলে যখন অনেক তরুণ খেলোয়াড় থাকে, তখন এমন হতেই পারে।’
তরুণদের খেলায় নিজের সন্তুষ্টির কথাও বলেছেন ইতালি কোচ, ‘আমি দলের তরুণ খেলোয়াড়দের খেলায় খুশি। ম্যাচে নিজেদের মানসিক দৃঢ়তার সর্বোচ্চটা দিয়েই তাঁরা ফল নিজেদের দিকে টেনেছে।’ সূত্র: এএফপি, রয়টার্স।