মেসিতে উজ্জীবিত আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল পাননি, তবে জাতীয় দলে ফেরার ম্যাচটা গোল করিয়েই স্মরণীয় করে রাখলেন মেসি। আর্জেন্টিনার দ্বিতীয় গোলের পর আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন গোলদাতা গ্যাব্রিয়েল মারকাদোর সঙ্গে l রয়টার্স
গোল পাননি, তবে জাতীয় দলে ফেরার ম্যাচটা গোল করিয়েই স্মরণীয় করে রাখলেন মেসি। আর্জেন্টিনার দ্বিতীয় গোলের পর আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন গোলদাতা গ্যাব্রিয়েল মারকাদোর সঙ্গে l রয়টার্স

হঠাৎ করেই যেন চোরাবালিতে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চার ম্যাচে মাত্র ১টি জয়, গোল মাত্র ২টি। অবশেষে লিওনেল মেসি ফিরলেন, আর এটাই যেন আর্জেন্টিনার জন্য জিয়নকাঠি হয়ে এল। পরশু চিলিকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার সম্ভাবনার পালে এবার একটু হাওয়া লাগল।
এই জয়টাও আবার এক জায়গা থেকে এসেছে, নয় মাস আগে যেখানে মেসিদের সঙ্গী হয়েছে এক অনন্ত আক্ষেপ। কোপা আমেরিকা ফাইনালের ওই রাতটা আর্জেন্টিনার হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে বহুদিন। সান্তিয়াগোতে চিলির কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা সেবারও অধরা থেকে যায় মেসির। সেই মাঠে এই প্রত্যয় নিয়েই নেমেছিলেন পরাজয়টা ফিরিয়ে দেবেন?
ম্যাচের শুরুতে অবশ্য মনে হয়েছিল, আরেকটি পরাজয়ের অগৌরব নিয়ে দেশে ফিরতে হবে আর্জেন্টিনাকে। ১০ মিনিটে কর্নার থেকে ফেলিপে গুতিয়েরেজের করা গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। সমতা ফেরানোর জন্য আর্জেন্টিনা মাত্র ১৯ মিনিট সময় নিয়েছে। বল নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন এভার বানেগা। তক্কে তক্কে থাকা অ্যাঙ্গেল ডি মারিয়া দুর্দান্ত এক শটে বল জড়িয়ে দেন জালে।
পাঁচ মিনিট পরই জয় নিশ্চিত করা সেই গোল আর্জেন্টিনার। এটির কারিগর মেসি। নিকোলাস ওটামেন্ডির হেড থেকে বল পেয়ে মেসি বক্সে ঢুকে ঊরু দিয়ে আলতো করে বাড়িয়ে দেন বল। তা থেকে ডান পায়ের ভলিতে গোল করেন গ্যাব্রিয়েল মারকেদো। রিভারপ্লেটের এই রাইটব্যাকের আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল ছয় বছর আগে। কালই প্রথম মাঠে নামলেন। কে জানত এই ম্যাচই দেখবে তাঁর পুনর্জন্ম!
তবে ২৫ মিনিটের পর বাকি সময়ে আর কোনো গোলই হয়নি। আর্জেন্টিনাও দ্বিতীয়ার্ধে একটু ছন্নছাড়া ছিল। মেসি পরে নিজেই স্বীকার করেছেন, ‘প্রথমার্ধে ভালোই খেলেছি, তবে দ্বিতীয়ার্ধে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
জয় পেলেও আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর মনে খচখচানি থাকতে পারে, আর্জেন্টিনা তো তাদের মতো খেলতে পারেনি। মেসিও একটা ‘অবিশ্বাস্য’ কাজ করেছেন, আর্জেন্টিনার হয়ে ১১৭ ম্যাচ খেলে এই প্রথম গোলে কোনো শট নিতে পারেননি। তবে আপাতত এসব নিয়ে মেসির আপাতত মাথাব্যথা নেই, ‘যেভাবেই হোক আমাদের জয়টা দরকার ছিল। প্রতিটি পয়েন্টের জন্য যারা লড়াই করে তাদের আবার পাশে পেয়ে আমি খুশি।’ এএফপি, রয়টার্স।