মেসিতে ম্যারাডোনাকে দেখেন ম্যাথাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাছ থেকে ডিয়েগো ম্যারাডোনার জাদু দেখেছেন অনেকেই। তবে লোথার ম্যাথাউসের মতো করে দেখেছেন খুব কমজনই। ১৯৮৬ আর ১৯৯০ বিশ্বকাপ তো আছেই, ইন্টার মিলান-নাপোলিতেও তো দুজন ছিলেন প্রবল প্রতিপক্ষ। আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বরের’ সঙ্গে দ্বৈরথের সেই হিরণ্ময় মুহূর্তগুলো ম্যাথাউসের ক্যারিয়ারেরও স্মরণীয় স্মৃতি। যে স্মৃতি তাঁকে একসময়ের প্রবল প্রতিপক্ষ থেকে বড় ম্যারাডোনা-ভক্তই বানিয়ে ফেলেছে। যে কারণে এখন ম্যাথাউস নির্দ্বিধায় বলতে পারেন, ম্যারাডোনার চেয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপ খেলতে দেখেননি আর কাউকে। অবশ্য এখন একজনকে দেখলে ম্যাথাউসের ম্যারাডোনার কথাই মনে হয়। লিওনেল মেসির মধ্যেই ম্যারাডোনাকে খুঁজে পান ম্যাথাউস।

মেসির প্রশংসা করতে গিয়েই ম্যাথাউস টেনে এনেছেন আর্জেন্টাইন কিংবদন্তির প্রসঙ্গ, ‘৩০ বছর আগে ম্যারাডোনা যেমন ছিল, এখন লিওনেল মেসি অনেকটা তা-ই।’

তো কেমন ছিলেন ম্যারাডোনা? সেটা বলতে গিয়েই ম্যাথাউস স্মৃতিকাতর হয়ে গেলেন, ‘যদি আমাকে ১৯৮৬ বিশ্বকাপ নিয়ে কথা বলতে হয়, আমি শুধু ম্যারাডোনার কথাই বলল। আমার জীবনে আমি আর কোনো খেলোয়াড়কে বিশ্বকাপে এমন দাপটের সঙ্গে খেলতে দেখিনি, যেভাবে ম্যারাডোনা খেলেছে ওই বিশ্বকাপে।’

১৯৮৬ বিশ্বকাপের ফাইনালের পর ১৯৯০ বিশ্বকাপের ফাইনালেও ম্যারাডোনার মার্কার ছিলেন ম্যাথাউস। ’৮৬-তে পারেননি ম্যারাডোনাকে থামাতে, কিন্তু চার বছর পরে ঠিকই পেরেছেন। অধিনায়ক হিসেবে তুলে ধরেছেন ’৯০ বিশ্বকাপের ট্রফিও। মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে ম্যাথাউস তাই বারবার টানলেন ম্যারাডোনার প্রসঙ্গ। গোলডটকম।