মেসিতে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবলারের পক্ষে যা সম্ভব, তার প্রায় সবকিছুই পেয়েছেন। লিওনেল মেসির অর্জনের কথা নতুন বলার কিছু নেই। কিন্তু প্রাণসংশয়ে পড়া একজনকে বাঁচানোর মতো কাজের যে তৃপ্তি, সেটা কি অন্য কিছুতে আছে? সরাসরি কিছু করেননি বটে, তবে সান্তিয়াগো লোপেজের দাবি, মেসিই ত্রাতা হয়ে এসেছেন তাঁর জীবনে। ২৮ বছর বয়সী লোপেজ আর্জেন্টিনারই লোক, পেশায় কৃষি প্রকৌশলী। নাইজেরিয়াতে গিয়েছিলেন পেশাগত কাজে। সেখানেই তাঁকে অপহরণ করা হয়। আটকানোর পর লোপেজ তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। কিন্তু অপহরণকারীরা কিছু বুঝতেই চায়নি। পরে লোপেজ নিজের দিকে আঙুল দেখিয়ে ‘মেসি, মেসি’ বলতে থাকেন। শুরুতে লোপেজকে মারধর করা হয়েছিল, ভীষণ উন্মত্ত ছিল অপহরণকারীরা। কিন্তু মেসির নাম শোনার পর তারা নিবৃত্ত হয়। এর মধ্যে লোপেজের কোম্পানি মুক্তিপণ দিয়ে দেয়, দুই দিন পর ছাড়াও পেয়ে যান। তবে লোপেজের কথা, মেসির নাম না বললে হয়তো তাঁকে মেরেই ফেলা হতো। এএফপি।