মেসিদের অন্য রকম আনন্দ
আর্জেন্টিনার ইতিহাসের অন্ধকার এক অধ্যায়ই এটা। ১৯৭৬ থেকে ১৯৮৩ সালে সামরিক স্বৈরাচারের সময় বহু শিশু হারিয়ে গিয়েছিল। এটিকে কেন্দ্র করেই আর্জেন্টিনায় গড়ে ওঠে মানবাধিকার সংগঠন প্লাজা ডি মায়ো। সংগঠনটির প্রধান এস্তেলা কারলোত্তো নিজেও তাঁর নাতিকে হারিয়েছিলেন সেই সময়। অবিশ্বাস্যই বটে, এত বছর পর নিজের হারিয়ে যাওয়া নাতিকে ফিরে পেয়েছেন। অন্য সবার মতোই পুরো ব্যাপারটা ভীষণভাবে ছুঁয়ে গেছে আর্জেন্টিনার ফুটবলারদেরও।
লিওনেল মেসি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, ‘এস্তেলা দে কারলোত্তোর নাতি ফিরে আসায় আমি খুশি ও রোমাঞ্চিত। আরও অনেককে খুঁজে বের করতে হবে আমাদের।’ মাচেরানো কারলোত্তোর সঙ্গে সতীর্থদের একটা ছবি দিয়েছেন টুইটারে। তার আগে অবশ্য আর্জেন্টাইন মিডফিল্ডার সংগঠনটির জন্য একটা বিজ্ঞাপনচিত্রে কাজও করেছেন। সার্জিও আগুয়েরোর চোখে পরশুর দিনটা, ‘মনে রাখার মতো বিশেষ একটা দিন।’ কারলোত্তোকে অভিনন্দন জানিয়েছেন এজেকিয়েল লাভেজ্জিও। মার্কা।