মেসিদের অন্য রকম জয়
নেইমারকে ছাড়া লিগে প্রথম ম্যাচ। চোট পেয়ে মাঠের বাইরে লুইস সুয়ারেজ। পরশু রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে এসব তুচ্ছ ব্যাপার নিয়ে কে ভেবেছে! চতুষ্কোণ ফুটবল মাঠের সীমানা পেরিয়ে ম্যাচটি হয়ে উঠেছিল আরও বড় পরিধির। শুধু ক্লাব বার্সেলোনা নয়, সন্ত্রাসী হামলার আতঙ্ক জয় করার লড়াইয়েও নেমেছে গোটা বার্সেলোনা নগর। আবেগের সেই ম্যাচে পরশু বেটিসের বিপক্ষে ২-০ গোলে জিতেছেন মেসিরা।
গত বৃহস্পতিবার বার্সেলোনা শহরে সন্ত্রাসী হামলায় ঝরে পড়েছে ১৪টি তাজা প্রাণ। তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ম্যাচ শুরুর আগে। কালো ব্যাজ পরে মাঠে নামেন মেসিরা। জার্সিতে কারও নাম ছিল না। মেসি-ইনিয়েস্তাদের পিঠে লেখা ছিল ‘বার্সেলোনা’। নীরবতা শেষে গ্যালারিতে দর্শকেরা উঁচিয়ে ধরেছেন প্ল্যাকার্ড, যাতে লেখা ‘নো তিনচ পোর’। অর্থ—আমি ভীত নই।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করা ম্যাচে বার্সার জয়ের নায়ক জেরার্ড দেউলোফেউ। পুরো মাঠ দাপিয়ে খেলে ২৩ বছর বয়সী এই তরুণ নজর কেড়েছেন। খেলেছেন নেইমারের জায়গায়, আক্রমণের বাঁ দিকে। ৩৬ মিনিটে বার্সা প্রথম এগিয়ে যায় দেউলোফেউর ক্যারিশমাতেই। মেসির উদ্দেশে বাড়িয়ে দেওয়া তাঁর বল বেটিস ডিফেন্ডার তোসকার পায়ে লেগে ঢুকেছে জালে। দেউলোফেউর পাস থেকে তিন মিনিট পর দ্বিতীয় গোলটি করেন সার্জিও রবার্তো।
এমন একটি ম্যাচে নায়ক কে খোঁজে! ম্যাচ শেষে বার্সা কোচ ভালভার্দের কথাও তাই ম্যাচের পরিধি ছাড়িয়ে গেল, ‘আমরা নিজেদের মতো করে সন্ত্রাসবাদী আক্রমণে ক্ষতিগ্রস্তদের শ্রদ্ধা জানাতে চেয়েছি। অবশ্যই সেটা ম্যাচটি জিতে।’ এএফপি।