মেসিদের কাছে ক্ষমা চাইতেই হলো বার্সা কোচকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এল ক্লাসিকোতে হতাশ হয়েছে মেসির বার্সেলোনা। ছবি: রয়টার্স
এল ক্লাসিকোতে হতাশ হয়েছে মেসির বার্সেলোনা। ছবি: রয়টার্স
>রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে দলের সহকারী কোচ এদের সারাবিয়ার কঠোর আচরণে খুশি ছিলেন না বার্সেলোনার খেলোয়াড়েরা। সে কারণে খেলোয়াড়দের কাছেই ক্ষমা চেয়েছেন বার্সা কোচ কিকে সেতিয়েন

বার্সেলোনা মানেই যেন এখন নেতিবাচক শিরোনাম। মাঠে সময়টা একেবারে খারাপ না কাটলেও খুব একটা ভালোও কাটছে না মেসি-গ্রিজমানদের। আর মাঠের বাইরে একের পর এক বিতর্ক তো ক্লাবটাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে। কখনো অধিনায়ক মেসির সঙ্গে ঝামেলা ক্লাবের ক্রীড়া পরিচালক এরিক আবিদালের, তো কখনো ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে ওঠে ক্লাবের বর্তমান ও সাবেক তারকাদের বিরুদ্ধে কুৎসা রটাতে গোপন এক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার অভিযোগ।

এবার নতুন আরেক ঝামেলায় জড়িয়েছে বার্সেলোনা। সেটি গত রোববার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে এল ক্লাসিকোকে ঘিরে। একে তো ম্যাচটা ২-০ গোলে হেরে লিগের শিরোপাদৌড়ে রিয়ালের চেয়ে পিছিয়ে পড়েছে বার্সা। তারওপর ম্যাচে নিজেরই খেলোয়াড়দের সঙ্গে বার্সেলোনার সহকারী কোচ এদের সারাবিয়ার আচরণ হয়েছে প্রশ্নবিদ্ধ। যা নিয়ে বার্সার খেলোয়াড়েরাই সারাবিয়ার ওপর নাখোশ ছিলেন। সেটির জন্য পরে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার কাছেই তাঁরা ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন বার্সা কোচ কিকে সেতিয়েন।

ক্লাসিকোতে সেদিন বার্সার কেউই খুব একটা ভালো খেলেননি। টিভি ক্যামেরায় ধরা পড়ে, ডাগআউটে তখন বেশ উত্তেজিত দেখাচ্ছিল বার্সার সহকারী কোচ এদের সারাবিয়াকে। কখনো নিজের আসনে বসে, তো কখনো সাইডলাইনের পাশে উঠে এসে খেলোয়াড়দের উদ্দেশে চেঁচিয়ে যাচ্ছিলেন বার্সা ডাগআউটে মূল কোচ সেতিয়েনের সহকারী। স্কাই স্পোর্টসের খবর, ঠোঁটের নড়াচড়া দেখা ভাষা উদ্ধারে বিশেষজ্ঞরা (লিপ রিডার) বলছেন, একটা সহজ সুযোগ হাতছাড়া করায় আঁতোয়ান গ্রিজমানকে বেশ কড়া কথা বলেছিলেন সারাবিয়া। এর বাইরে খেলোয়াড়দের উদ্দেশে যা-তা বলে গেছেন বারবার।

বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন (ডানে) ও তাঁর সহকারী সারাবিয়া। ছবি: রয়টার্স
বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন (ডানে) ও তাঁর সহকারী সারাবিয়া। ছবি: রয়টার্স

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, সেসব ভালোভাবে নেয়নি বার্সার ড্রেসিংরুম। সে কারণে খেলোয়াড়সহ সবার কাছেই ক্ষমা চেয়েছেন সেতিয়েন ও অন্য কোচরা। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পিরিওদিকোতে সেতিয়েন বলেছেন, ‘আমরা সবার কাছেই ক্ষমা চেয়েছি। এমন আচরণ করা উচিত নয় আমাদের। এমন কিছু দেখতে চাইও না কখনো। আমরা একটা ভুল করেছি, এটা আর যাতে না হয় সেদিকে নজর দেওয়া উচিত।’

এমন ঘটনা ক্লাবের ভাবমূর্তিতে আঘাত হেনেছে বলেও মনে হচ্ছে সেতিয়েনের, ‘পরিস্থিতিটা আমার ওপর অনেক প্রভাব ফেলেছে। কারণ ক্লাবের ভাবমূর্তি আমার কাছে অনেক বড় কিছু। এই দিকটায় খেয়াল রাখতে হবে আমাদের। কারণ খেলার কৌশলে, খেলোয়াড় বদলে ভুল করলে সে ক্ষেত্রে আমাদের সমালোচনা হতেই পারে, কিন্তু আচরণের কারণে আমাদের সমালোচনা হওয়া ভালো কিছু নয়।’

সারাবিয়াও নিজের এই দিকটাতে উন্নতি আনছেন বলে জানিয়েছেন সেতিয়েন, ‘ও নিজের এই দিকটা নিয়ে উদ্বিগ্ন। আমরা সমাধান খুঁজছি। সে-ও এ নিয়ে কাজ করছে।’ তবে পুরো ঘটনাটা বার্সাকে আরও নিচে টেনে নামিয়েছে। অনেকে এর মধ্যে ক্লাবের কোচদের ওপর তারকা খেলোয়াড়দের আধিপত্যের দিকও খুঁজে নিয়েছেন!

কি বলেছিলেন সারাবিয়া:

সেতিয়েন: ‘চড়াও হও, (এরপর স্প্যানিশ ভাষায় বহুল প্রচলিত অশ্রাব্য বাক্য)।’
সারাবিয়া: ‘এটা বুসির (বুসকেটস) কাছে পাস না। ভেতরে খেলার বল (স্প্যানিশ ভাষায় বহুল প্রচলিত অশ্রাব্য বাক্য)।’
সারাবিয়া: ‘গোল, আঁতোয়ানকে দাও (স্প্যানিশ ভাষায় বহুল প্রচলিত অশ্রাব্য বাক্য)।’
সারাবিয়া: ‘ধীরে ধীরে...(গ্রিজমানের শট নিয়ে)।’
সারাবিয়া: ‘কিন্তু গোলে শট নাও! (স্প্যানিশ ভাষায় বহুল প্রচলিত অশ্রাব্য বাক্য)।’
সারাবিয়া: ‘লিও, লিও...’
সারাবিয়া: ‘তাঁর যা করার কথা ছিল তা করছে না (কাকে উদ্দেশ করে বলেছেন ঠিক পরিষ্কার না)’
সারাবিয়া: ‘সে হঠাৎ করেই শট নিতে শুরু করেছে। বলটা নিয়ে খেলবে কখন? (এরপর স্প্যানিশ ভাষায় বহুল প্রচলিত অশ্রাব্য বাক্য)।’
সারাবিয়া: ‘(স্প্যানিশ ভাষায় বহুল প্রচলিত অশ্রাব্য বাক্য)।’
সারাবিয়া: ‘আমরা ডিফেন্সিভ লাইন এত পেছনে রাখতে পারি না।’
সারাবিয়া: ‘কারণ ওরা আমাদের টানছে। এরপর বেনজেমা এসে বল নিচ্ছে। প্রাধান্যটা ওদের...’
সারাবিয়া: ‘আমাদের অনেক (খেলার) জায়গা কমাতে হবে।’
সেতিয়েন: ‘দেখা যাক (এরপর স্প্যানিশ ভাষায় বহুল প্রচলিত অশ্রাব্য বাক্য)।’

* বার্সেলোনা কেন্দ্রিক সংবাদকর্মী বেন হাওয়ার্ডের টুইট থেকে।