মেসিদের গোলকধাঁধা

র্যাঙ্কিং বলছে দুই দলের মধ্যে দুস্তর ব্যবধান। আর্জেন্টিনা বিশ্বের তিন নম্বর দল, আর প্যারাগুয়ে পড়ে আছে ৮৫-তে। দুই দলের মধ্যে আবার তুলনা হয় নাকি? প্যারাগুয়ে কোচ র্যামন ডিয়াজ দুই দিন আগেই আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলের বরমাল্য পরিয়ে দিয়েছেন। কিন্তু মাঠের লড়াইটা যে একেবারেই উল্টো সেটা তো প্যারাগুয়েই কদিন আগেই দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে। গ্রুপ পর্বের দুই দলের ম্যাচটা ড্র হয়েছিল ২-২ গোলে। আগামীকাল ভোর সাড়ে ৫টায় আবার মুখোমুখি তারা, তবে এবার একটা দলই শেষ হাসি হাসবে। কোপা আমেরিকার সেমিফাইনাল দুই সপ্তাহের মধ্যেই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে দুই দলকে।
গ্রুপের ম্যাচে ২ গোলে এগিয়ে গিয়েও আর্জেন্টিনা শেষ পর্যন্ত পয়েন্ট খুইয়েছে। জেরার্ডো মার্টিনোর কৌশল নিয়ে অসন্তোষও গোপন করেননি লিওনেল মেসি। আর্জেন্টিনার রক্ষণ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। অদ্ভুতই বটে, পরের তিন ম্যাচে আর্জেন্টিনার জালে আর বল ঢোকেনি। কিন্তু যেটা নিয়ে দুশ্চিন্তা করার কথা নয়, সেটিই এখন ভাঁজ ফেলেছে মার্টিনোর কপালে। আর্জেন্টিনার ‘বিশ্বসেরা’ আক্রমণভাগ যে শেষ তিন ম্যাচে মাত্র ২ গোল করেছে!
আরেকটু চমকে দেওয়া যাক—কোপার সেমিফাইনালে যে চারটি দল উঠেছে তাদের মধ্যে আর্জেন্টিনারই গোল সবচেয়ে কম। চিলি, প্যারাগুয়ে এমনকি পেরু পর্যন্ত বেশি গোল পেয়েছে। ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো, সিরি আ দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ কার্লোস তেভেজ ও গঞ্জালো হিগুয়েইনকেও নাহয় বাদ দেওয়া যায়, লিওনেল মেসিরই এই আপাত-গোলখরার কারণ কী? এখন পর্যন্ত মাত্র একটি গোল পেয়েছেন, সেটিও পেনাল্টি থেকে। আগুয়েরো পেয়েছেন দুটি গোল, হিগুয়েইন একটি।
কোয়ার্টার ফাইনালের কথাই ধরুন। পুরো ম্যাচ দাপটের সঙ্গে খেলেও কীভাবে একটা গোলও এল না, সেটা একটা রহস্যই। আগুয়েরো পর্যন্ত সেই প্রশ্নের উত্তরের খুঁজে ফিরছেন, ‘আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে দক্ষিণ আমেরিকায় অন্য রকম একটা ফুটবল হচ্ছে।’ ম্যান সিটির স্ট্রাইকার অবশ্য সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিত করেছেন বাজে রেফারিংয়ের দিকে। রেফারিরা খেলোয়াড়দের যথেষ্ট সুরক্ষা দিতে পারছেন না, এমন অভিযোগদুষ্ট পুরো টুর্নামেন্টই।
তবে মেসি এসব নিয়ে কিছু বলেননি। ক্লাবের হয়ে গোলখরা কী জিনিস, সেটা হয়তো তাঁর জানা নেই। যদিও কোপায় গোল না পেয়ে কতটা বিচলিত সেটা বোঝা যায় এই বক্তব্যেই, ‘গোল না পাওয়াটা একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে।’ আগুয়েরো বলছেন, মেসির গোল পাওয়াটা সময়ের ব্যাপার, ‘মেসি সব সময় আরও ভালো করতে চায়। গোল না পেলেই সে বলতে থাকে, “ভাগ্য বোধ হয় আমার পাশে ছিল না।” আমি ওকে বলেছি, “শান্ত হও। তোমাকে ধৈর্য ধরতে হবে।” স্বীকার করছে নিজের ওপরও চাপ বাড়ছে, “লিও সব সময় গোলের জন্য চাপে থাকে। চাপটা আমার ওপরও আছে, যদিও আমি ছাড়া আরও ১০ জন আছে”।’
চাপটা কি সরাতে পারবেন মেসিরা? রয়টার্স, কোপা আমেরিকা ওয়েবসাইট।
মুখোমুখি আর্জেন্টিনা–প্যারাগুয়ে
ম্যাচ আর্জেন্টিনা প্যারাগুয়ে ড্র
মোট ৯০ ৪৭ ১৪ ২৯
কোপা আমেরিকায় ২৩ ১৮ ০ ৫
আর্জেন্টিনা-প্যারাগুয়ে সেমিফাইনাল শুরু আগামীকাল ভোর সাড়ে ৫টায়
দেখাবে চ্যানেল ২৪, সনি কিক্স ও সনি সিক্স এইচডি