মেসিদের ঘনিষ্ঠ হওয়ায় নিষিদ্ধ এল ক্লাসিকোর রেফারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির সঙ্গে হাত মেলাচ্ছেন সেই সহকারী রেফারি। ছবি: ভিডিও থেকে নেওয়া
মেসির সঙ্গে হাত মেলাচ্ছেন সেই সহকারী রেফারি। ছবি: ভিডিও থেকে নেওয়া

এল ক্লাসিকো বলে কথা! থাকতে হবে খুব সাবধান। পান থেকে চুন খসলেই বিপদ। কিন্তু রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার সর্বশেষ ম্যাচে ভুল একটি করেই ফেলেছেন সহকারী রেফারি পাউ নরবার্ট সেবরিয়ান ডেভিস। বার্সেলোনা খেলোয়াড়দের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠভাবে কথা বলেছিলেন। এর খেসারত তাঁকে দিতে হয়েছে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে।

ডেভিসের নিষিদ্ধ হওয়ার খবরটি প্রথম দিয়েছে স্পেনের রেডিও কাদেনা সার। বার্সেলোনার খেলোয়াড়রা ড্রেসিংরুমে যাওয়ার সময় ডেভিস তাঁদের খুব কাছাকাছি হয়েছিলেন বলে ম্যাচ শেষের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি তাঁকে স্প্যানিশ লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে। এরই মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলেছেন ডেভিস।
ন্যু ক্যাম্পে গত ৩ ডিসেম্বরের ম্যাচটিতে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল বলে মনে করেন অনেকে। তবে রিয়াল আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানায়নি। লুইস সুয়ারেজের গোলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বার্সেলোনা এগিয়ে গেলেও জিততে পারেনি। সার্জিও রামোসের যোগ করা সময়ের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
তবে সেই ঘটনার রেশ এখনো আছে। এর পরের ক্লাসিকোতে ম্যাচ শেষের আগে-পরে রেফারিদের কেউ খেলোয়াড়দের সঙ্গে স্পিকটি নট হয়ে থাকবেন বলেই মনে হচ্ছে। হেসে কথা বললেই তো বিপদ! সূত্র: ফক্স স্পোর্টস।