মেসিদের চার গোলের 'হতাশা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল পেয়েছেন মেসি নেইমার, কিন্তু গ্রানাডাকে নাচিয়েছেন তিনজন মিলেই। ছবি: এএফপি
গোল পেয়েছেন মেসি নেইমার, কিন্তু গ্রানাডাকে নাচিয়েছেন তিনজন মিলেই। ছবি: এএফপি

ম্যাচ শেষে কিছুটা হলেও কি হতাশ ছিলেন মেসি-নেইমার? এত চেষ্টা করেও যে গোল করাতে পারলেন না সুয়ারেজকে দিয়ে। তার ওপর গ্রানাডার বিপক্ষে মাত্র চারটি গোল দিতে পেরেছে বার্সা।

চার চারটি গোল দেওয়ার পরও মাত্র! ম্যাচটি দেখে থাকলে ‘মাত্র’ শব্দটিই মাথায় আসবে। ন্যু ক্যাম্পে আজকের ম্যাচে যে প্রতিপক্ষ বলে কেউ ছিল সেটিই যে বোঝা যায়নি প্রথমার্ধে। গ্রানাডা ম্যাচের ২২ মিনিটে প্রথম আক্রমণে উঠেছিল, গোলের ধারে কাছে শট নিয়েছিল ৪৩ মিনিটে। তার আগে-পরে কেবল বার্সেলোনা আর বার্সেলোনা।
গ্রানাডার বিপক্ষে সর্বশেষ ১২ বারের মুখোমুখি লড়াইয়ে ১১টিতেই জিতেছিল বার্সেলোনা। লা লিগায় ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে শতভাগ সফল বার্সেলোনা; ২১ ম্যাচের সবকটি জিতেছে তারা। এই দুই দলের খেলায় জয়ী হবে কে, তা নিয়ে সন্দেহ ছিল না। প্রশ্ন ছিল কটি গোল করবে বার্সেলোনা আর কে কটি গোল করবেন। ন্যু ক্যাম্পে গ্রানাডার সঙ্গে সর্বশেষ দেখায়ও ৬-০ গোলে জিতেছিল বার্সেলোনা, হ্যাটট্রিক করেছিলেন নেইমার, জোড়া গোল মেসির, অন্যটি ইভান রাকিতিচের।
ম্যাচের ১৪ মিনিটেই দুই গোলে এগিয়ে গেল বার্সেলোনা। দুটি গোলই মেসির। প্রথম গোলটি এসেছিল আরদা তুরানের দুর্দান্ত পাস থেকে। আর দ্বিতীয় গোলটি এসেছে ‘এমএসএন’ ত্রিমূর্তির সেরা সমন্বয় থেকে। নেইমারের এক ত্রু পাস এল ডি-বক্সের প্রান্তে দাঁড়ানো সুয়ারেজের কাছে। তাঁর পা হয়ে বল মেসির কাছে। দুরূহ কোণ থেকে নেওয়া মেসির শটটি ঠেকানোর জন্য গোলকিপারকে খুঁজে পাওয়া গেল না। আন্দ্রে ফার্নান্দেজ যে সুয়ারেজ ঠেকাতে এগিয়ে গেছেন! ৩০ মিনিটেই হ্যাটট্রিকটা পেয়ে যেতে পারতেন মেসি। কিন্তু তাঁর সেই শটটি ঠিকই ঠেকিয়ে দিলেন ফার্নান্দেজ। এরপর একের পর এক আক্রমণ করেও গোল পায়নি বার্সা।
দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটেই অবশ্য হ্যাটট্রিক পেয়ে যান মেসি। গোলটি পেয়েছেন অবশ্য ভাগ্য গুনে। বাম প্রান্ত থেকে বক্সে ঢোকা নেইমারের শটটি বারে লেগে ফিরে এলে বল পেয়ে যান মেসি। পাশে থাকা তিন ডিফেন্ডারকে দর্শক বানিয়ে হ্যাটট্রিক করে ফেলেন মেসি। দশ মাস পর হ্যাটট্রিক পেলেন মেসি।
এরপর অবশ্য ম্যাচে ফেরে অতিথি দল। পালটা আক্রমণে তারা বেশ কয়েকবার ভয় দেখিয়েছে বার্সা রক্ষণকে। অন্যপ্রান্তে বার্সেলোনাও দিয়ে যাচ্ছিল একের পর এক গোল মিসের মহড়া। ৮৩ মিনিটে শেষ পর্যন্ত চতুর্থ গোল পায় কাতালান ক্লাবটি। সুয়ারেজের পাস থেকে এবার গোল পেলেন নেইমার। ম্যাচের বাকি সময়টি নেইমার-মেসি সুয়ারেজকে গোল করানোর প্রবল চেষ্টা করেও ব্যর্থ হলেন। আজকের ম্যাচে বার্সেলোনার হতাশাটা থাকল এখানেই।