মেসিদের দিয়ে শুরু হবে টেলস্টার 'স্বপ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে নতুন এই বল দিয়েই খেলা হবে বিশ্বকাপ। ছবি: এএফপি
আজ থেকে নতুন এই বল দিয়েই খেলা হবে বিশ্বকাপ। ছবি: এএফপি
>গ্রুপ পর্বে এত দিন খেলা হয়েছে টেলস্টার-১৮ বল দিয়ে। তাকে বিদায় দিয়ে আজ থেকে মাঠে গড়াবে টেলস্টার মেচতা

সময়ের বিচারে বিশ্বকাপের অর্ধেক শেষ বলাই যায়। ম্যাচ হিসাব করলে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে বিশ্বকাপ। বিদায় নিয়েছে ১৬টি দল। এই ১৬টি দলের সঙ্গে বিদায় নিয়েছে টেলস্টার-১৮ বলও। গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচ খেলা হয়েছে এ বল দিয়েই। টেলস্টার-১৮ বিদায়ের সঙ্গে আজ দ্বিতীয় রাউন্ড থেকে আগমন ঘটবে নতুন বল টেলস্টার ‘মেচতা’র। রুশ শব্দ মেচতার বাংলা ‘স্বপ্ন’।

নকআউট পর্বের জন্য মেচতা উন্মোচন করেছে বিশ্বকাপে বল তৈরির দায়িত্বে থাকা অ্যাডিডাসই। নকআউট পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত আটটায় কাজানে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসিদের ম্যাচ দিয়েই দর্শকদের সামনে আসবে টেলস্টার মেচতা।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ব্রাজুকা, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জাবুলানির মতো একটি নির্দিষ্ট ডিজাইনের বলে পুরো টুর্নামেন্ট খেলা হলেও এবার নকআউট পর্বের জন্য আলাদা বল এনেছে অ্যাডিডাস। নতুন বলে পরিবর্তন বলতে কালো রঙের পরিবর্তে দেখা যাবে লাল রং। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল টেলস্টার বলে। ২০১৮ সালে এই বল তৈরির ৫০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়া বিশ্বকাপে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হয় টেলস্টারকে।

তবে নতুন যে ‘মেচতা’ সংস্করণটা নিয়ে আসছে অ্যাডিডাস, এর সঙ্গে বাস্তবের চিত্র অনেকটাই মিলে যাচ্ছে। আজ থেকে বিশ্বকাপের ‘থিম’ হবে স্বপ্ন। প্রতিটি দলই ম্যাচ খেলতে নামবে পরের ধাপে যাওয়ার স্বপ্ন নিয়ে। একেকটা ধাপ পেরোতে পেরোতেই পূরণ হবে পুরো স্বপ্ন। আর হারলেই পুড়তে হবে স্বপ্নভঙ্গের বেদনায়!