মেসিদের নিয়ে ম্যারাডোনার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তাহলে কী আর্জেন্টিনা ২০১৮ বিশ্বকাপ খেলতে পারবে না? কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার শঙ্কা কিন্তু তেমনই। ম্যারাডোনা উদ্বিগ্ন, কারণ তিনি দেখছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফায় আর্জেন্টিনার স্বার্থের পক্ষে কথা বলার লোক নেই।
বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়ার ৪ পয়েন্ট কেটে নিয়েছে ফিফা। এতে বেশ ক্ষতিগ্রস্ত আর্জেন্টিনা। বলিভিয়ার পয়েন্ট হারানোয় আর্জেন্টিনাকে গোল ব্যবধানে টপকে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে কোপা আমেরিকা বিজয়ী চিলি। অবৈধ খেলোয়াড় খেলানোর শাস্তি হিসেবে বলিভিয়ার পয়েন্ট কাটায় আর্জেন্টিনা পড়ে গেছে ঝামেলায়।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এর পেছনে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অযোগ্যতা, অদক্ষতা ও দুর্নীতিরই দায় দেখছেন, ‘ফিফায় আমাদের পক্ষে দাঁড়াবার কেউ নেই। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে যা যা ঘটছে, তাতে চিন্তিত না হয়ে থাকা যায় না।’
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের দুর্নীতিবাজ কর্তাদের জন্যই ফিফায় কথা বলার মুখে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যারাডোনার মতে, ফিফায় এএফএর অযোগ্য লোকজন পাঠানোর খেসারত দিচ্ছে আর্জেন্টিনা, ‘যা তা লোকজন নিয়ে এএফএ গঠিত। এদের কারণে আমরা কেবল বিশ্বকাপে খেলার যোগ্যতাই আমরা প্রায় হারাতে বসিনি, হারাতে বসেছি বয়সভিত্তিক সব স্তরে খেলার যোগ্যতা।’
ম্যারাডোনার দুশ্চিন্তা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়েও। ম্যারাডোনার মতে, ‘ফুটবল থেকে যারা টাকা চুরি করেছে, তাদের সবাইকে দূরে ঠেলতে ইনফান্তিনো এতটুকু দ্বিধা করবে না—আমি এই ব্যাপারটি নিয়ে ভীষণ ভয় পাই।’