এই বছরের সেরা ফুটবলার কে হবেন?
গত জুলাইয়ে প্রশ্নটা করলে লিওনেল মেসি ছাড়া আর কোনো নাম সম্ভবত আসতই না! তখনো পিএসজিতে যাননি মেসি, ছিলেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে শিরোপা বলতে শুধু কোপা দেল রে জিতলেও বছরের শুরু থেকে চোখধাঁধানো ফুটবল উপহার দিয়েছেন মেসি। কিন্তু বার্সেলোনা লিগ বা চ্যাম্পিয়নস লিগ না জেতায় ব্যক্তিগত পারফরম্যান্স তাঁকে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রাখত না, এগিয়ে রেখেছে জুলাইয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতায়।
কিন্তু সে তো জুলাইয়ের কথা, প্রতিনিয়ত পেছনের গল্প বিস্মৃত হতে থাকা আধুনিক ফুটবলে সেপ্টেম্বরের শেষ আসতে আসতে এখন আর বর্ষসেরার দৌড়ে মেসি একাই নন! তাঁর সঙ্গে রবার্ট লেভানডফস্কির নাম তো আগে থেকেই ছিল, রিয়াল মাদ্রিদের জার্সিতে নতুন মৌসুমে চোখধাঁধানো সূচনা করা করিম বেনজেমার নামও চলে এসেছে। এমনকি রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও বলছেন, বেনজেমার এবারের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা আছে!
বেনজেমার নতুন মৌসুমের সূচনাটা কেমন হয়েছে, সেটি সংখ্যাতেও স্পষ্ট। মৌসুমে এখন পর্যন্ত ফরাসি স্ট্রাইকার সব টুর্নামেন্ট মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন রিয়ালের জার্সিতে, তাতে গোল করেছেন ৮টি, সতীর্থদের ৭টি গোলে শেষ পাসও (অ্যাসিস্ট) ছিল তাঁর!
এই গোল করা বা করানো সবই অবশ্য স্প্যানিশ লিগে, চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের জয়ে বেনজেমার প্রত্যক্ষ অবদান নেই। তাতে কী! লিগে প্রথম ৬ ম্যাচে গোল করে ও করিয়ে মোট ১৫ গোলে অবদান বেনজেমার, একবিংশ শতাব্দীতে স্প্যানিশ লিগের প্রথম ছয় ম্যাচে এত গোলে অবদানের রেকর্ড আর কারও নেই।
এমন একজনকে রিয়াল কোচ আনচেলত্তি প্রশংসাবৃষ্টিতে ভাসানোরই কথা। স্প্যানিশ লিগে আজ বাংলাদেশ সময় রাত একটায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে বেনজেমার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন গেল আনচেলত্তির দিকে।
উত্তরে আনচেলত্তি বললেন, ‘হ্যাঁ (সম্ভাবনা আছে)। আমার চোখে, ও এই মৌসুমে যা করছে, গত মৌসুমে যা করেছে, তাতে বেনজেমার ব্যালন ডি’অরের জেতার মতো খেলোয়াড়দের তালিকায় থাকাই উচিত।’
তবে এই মৌসুমেই বেনজেমা জিতবেন, সেটা একেবারে জোর দিয়েও বলছেন না আনচেলত্তি। রিয়াল কোচের চোখে, এবার না পারলেও ৩৩ বছর বয়সী বেনজেমার ব্যালন ডি’অর জেতার আরও সময় এখনই ফুরিয়ে যাচ্ছে না, ‘এটা (বেনজেমা ব্যালন ডি’অরের তালিকায় উচিত) বলছি ঠিকই, তবে করিমের পুরস্কারটা জেতার আরও সময় সামনে পড়ে আছে। এটাই তো আর ওর শেষ মৌসুম নয়! আমার চোখে করিম ওয়াইনের মতো, বয়সের সঙ্গে আরও পরিণত হয়।’
আনচেলত্তি অবশ্য ভুল বলেননি। সর্বশেষ তিন মৌসুমে যে রিয়ালের জার্সিতে নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন বেনজেমা! ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল ছাড়ার পর থেকে ক্লাবের আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে গেছেন বেনজেমা, আর ভূমিকাটা তিনি কতটা উপভোগ করছেন, সেটা বলে পরিসংখ্যান।
২০১৮-১৯ মৌসুমে ৫১ ম্যাচে ৩০ গোল করার পাশাপাশি করিয়েছেন ৯টি, পরের মৌসুমে ৪৮ ম্যাচে ২৭ গোল ১১ অ্যাসিস্ট। গত মৌসুমে আবার গোল করেছেন ৩০টি, করিয়েছেন আরও ৯টি।
প্রায় ছয় বছরের ‘নির্বাসন’ শেষে গত মৌসুমে ফ্রান্স জাতীয় দলেও ডাক পেয়েছেন। ইউরোতে ফ্রান্স শেষ ষোলোতে বাদ পড়লেও তার আগে ৪ ম্যাচে ৪ গোল করেছেন বেনজেমা। আর এই মৌসুমে তো শুরু থেকেই ঝলসে উঠেছেন!
গত বুধবার লিগে মায়োর্কার বিপক্ষে ম্যাচেই যেমন, মার্কো আসেনসিও হ্যাটট্রিক করে শিরোনামে এসেছেন, তবে ২ গোল করার পাশাপাশি আসেনসিওর ২ গোলে শেষ পাসটি দিয়ে আলো কেড়েছেন বেনজেমাই।
সে কারণেই গত কিছুদিনে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা বেনজেমার ব্যালন ডি’অর জেতার দাবি নিয়ে রীতিমতো যেন ‘প্রচারণা’ চালিয়ে যাচ্ছে! সেটি নিয়ে এরপর প্রশ্ন হলো কাল আনচেলত্তির সংবাদ সম্মেলনেও।