মেসিদের ভাগ্য ঝুলছে সুতোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশ, বিহ্বল লিওনেল মেসি! শেষ বাঁশির পর মুখই ঢেকে ফেললেন আর্জেন্টিনা অধিনায়ক। ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে সব শেষ হয়ে যায়নি, তবে আর্জেন্টিনার বিশ্বকাপ-ভাগ্যটা যে ঝুলে গেল আরেকটু। কাল বুয়েনস এইরেসে l এএফপি
হতাশ, বিহ্বল লিওনেল মেসি! শেষ বাঁশির পর মুখই ঢেকে ফেললেন আর্জেন্টিনা অধিনায়ক। ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে সব শেষ হয়ে যায়নি, তবে আর্জেন্টিনার বিশ্বকাপ-ভাগ্যটা যে ঝুলে গেল আরেকটু। কাল বুয়েনস এইরেসে l এএফপি

দুটি ম্যাচেরই স্কোরলাইন একই। ১-১। কিন্তু ম্যাচ দুটি নিয়ে সাধারণ্যে, ফুটবল বিশ্লেষকদের মধ্যে, এমনকি দুই দলের খেলোয়াড়-কোচদের প্রতিক্রিয়ায় কত তফাত!

হবে না? ব্রাজিল ১-১ গোলে ড্র করেছে কলম্বিয়ায় গিয়ে। আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় এই এক ড্রতে নেইমারদের কিছু এসে যায় না। কিন্তু আর্জেন্টিনা? হোর্হে সাম্পাওলির দলও পরশু ১-১ গোলে ড্র করেছে ঠিকই, কিন্তু সেটি ঘরের মাঠে, পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভেনেজুয়েলার সঙ্গে! তাতেই হায় হায় রব উঠে গেছে। এই এক ড্রতে যে আর্জেন্টিনার ২০১৮ রাশিয়া বিশ্বকাপ-ভাগ্যও ঝুলে গেছে চিকন সুতোয়।

আর্জেন্টিনার পাশাপাশি এবার দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে উতরাতে না পারার শঙ্কায় চিলিও। বলিভিয়ার মাঠে পরশু ১-০ গোলে হেরে গেছেন সানচেজ-ভিদালরা। বড় দলগুলোর মধ্যে পরশু হেসেছে শুধু উরুগুয়েই। প্যারাগুয়ের মাঠে সুয়ারেজ-কাভানিদের জয় ২-১ গোলে।

কিন্তু দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটিই—আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে? ১৯৭০–এর পর এই প্রথম হতে পারে আর্জেন্টিনাবিহীন বিশ্বকাপ।

অথচ পরশু ম্যাচটা আর্জেন্টিনা শুরুই করেছিল ‘সুখবর’ পেয়ে। মেসিরা মাঠে নামার আগেই বলিভিয়া থেকে আসে চিলির হারের খবর। বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে যায় চার দল, আর সেরা চারে জায়গা পেতে আরও তিন-চার দলের মধ্যে চিলিকেই তো মানা হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কিন্তু প্রথমার্ধে দুর্দান্ত খেলেও কখনো ইকার্দি-দিবালার মিস, আর কখনো ভেনেজুয়েলার ১৯ বছর বয়সী গোলকিপার উইলকার ফারিনেজের কারণে হতাশ হতে হয়েছে আর্জেন্টিনাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই হোঁচট! প্রতি আক্রমণ থেকে গোল করেন ভেনেজুয়েলান উইঙ্গার জন মুরিয়ো। পাঁচ মিনিট পরই অবশ্য সেটি শোধ দিয়ে দেয় আর্জেন্টিনা। বাঁ উইং থেকে দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে আকুনিয়ার করা ক্রসটা ফেরাতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন ভেনেজুয়েলার ডিফেন্ডার রলফ ফেল্টশার।

বিস্ময়কর তথ্য, এত নামী-দামি ফরোয়ার্ড নিয়েও বাছাইপর্বে এ নিয়ে ১৬ ম্যাচে আর্জেন্টিনার গোল মাত্র ১৬টি। দক্ষিণ আমেরিকান অঞ্চলে ১০ দলের মধ্যে শুধু বলিভিয়ার গোলই এর চেয়ে কম! পরশু ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ সাম্পাওলিও আক্ষেপ করেছেন গোল করার ব্যর্থতা নিয়ে, ‘প্রথমার্ধে তিনটি সুযোগ পেয়েছি গোল করার, ওই সময়ই ম্যাচটা চুকেবুকে যেতে পারত।’

চুকেবুকে যায়নি, তাতেই কাঁপছে আর্জেন্টিনা। বাছাইপর্বে বাকি আর দুটি ম্যাচ। একটি পেরুর সঙ্গে, কাল যারা ইকুয়েডরের মাঠে ২–১ গোলে জিতে উঠেছে পয়েন্ট তালিকার চারে। অন্যটি ওই ইকুয়েডরের সঙ্গে, কিটোর সাড়ে ৯ হাজার ফুট উচ্চতায়। সাম্পাওলি অবশ্য আশা হারাচ্ছেন না, ‘বড় একটা সুযোগ হাতছাড়া করে ফেলেছি আমরা। কিন্তু এটাই ফুটবল। পেরু ও ইকুয়েডরের বিপক্ষে দুটি ম্যাচই আমাদের জিততে হবে।’

আর্জেন্টিনার হতাশার বাইরে পরশু বড় ম্যাচ ছিল ব্রাজিল-কলম্বিয়ারই। তাতে একটা ‘অঘটন’ও ঘটে গেছে—দশে দশ হয়নি ব্রাজিলের! তিতের অধীনে টানা নয়টি প্রতিযোগিতামূলক ম্যাচ (সবই বিশ্বকাপ বাছাইপর্বে) জেতার পর এই প্রথম জয় নিয়ে মাঠ ছাড়া হলো না নেইমারদের। বারানকুইয়ায় পরশু প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে উইলিয়ানের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় ব্রাজিল। ৫৬ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের হেডে সমতায় ফেরে কলম্বিয়া।

তবে এসব ড্রতে এখন আর কী যায় আসে ব্রাজিলের! রাশিয়ার টিকিট তো সেই কবেই কাটা হয়ে গেছে! উইলিয়ান অবশ্য পরশুও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘আমাদের পারফরম্যান্স, ম্যাচের ফল দুটিই ভালো ছিল। অভিনন্দন আমাদের প্রাপ্য।’

তা আর বলতে! এএফপি, রয়টার্স।

 পয়েন্ট তালিকা

                ম্যাচ  জয়   ড্র   হার    গোল   পয়েন্ট

ব্রাজিল*    ১৬   ১১   ৪    ১   ৩৮/১১   ৩৭

উরুগুয়ে     ১৬   ৮   ৩   ৫   ২৮/১৮   ২৭

কলম্বিয়া     ১৬   ৭   ৫   ৪   ১৯/১৬   ২৬

পেরু        ১৬   ৭   ৩   ৬   ২৬/১৫   ২৪

আর্জেন্টিনা  ১৬   ৬   ৬   ৪   ১৬/১৫   ২৪

চিলি        ১৬   ৭   ২    ৭   ২৪/২৩   ২৩

প্যারাগুয়ে   ১৬   ৬   ৩   ৭   ১৭/২৩   ২১

ইকুয়েডর    ১৬   ৬   ২    ৮   ২৪/২৪   ২০

বলিভিয়া    ১৬   ৪    ১   ১১   ১৪/৩৪   ১৩

ভেনেজুয়েলা ১৬    ১   ৫   ১০  ১৮/৩৫    ৮

* বিশ্বকাপ নিশ্চিত

 একনজরে ফল

     কলম্বিয়া ১: ১ ব্রাজিল

  আর্জেন্টিনা ১: ১ ভেনেজুয়েলা

    বলিভিয়া ১: ০ চিলি

    ইকুয়েডর ১: ২ পেরু

   প্যারাগুয়ে ১: ২ উরুগুয়ে

* প্রথমে স্বাগতিক দল