মেসিদের সহযোগিতা পাননি সুয়ারেজ!

এল ক্লাসিকোয় লুইস সুয়ারেজকে যে বার্সেলোনার প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে—এটা ভাবেননি উরুগুয়ের অনেক ফুটবলবোদ্ধাই। তাঁদের মতে, প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে থাকার পরেও তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়ার অর্থ যথেষ্ট ব্যাপক। কোচ লুইস এনরিকে মেসি, নেইমারের পাশাপাশি সুয়ারেজকে দিয়ে আক্রমণ সাজিয়ে রিয়াল মাদ্রিদকে ভড়কে দিতে চেয়েছিলেন। তবে একই সঙ্গে তাঁদের অভিযোগ, কোচের উদ্দেশ্যটা সৎ হলেও সতীর্থদের সহযোগিতাটা নাকি ঠিকমতো পাননি এই উরুগুইয়ান স্ট্রাইকার।
ভয়ংকর অভিযোগ! এই অভিযোগের সূত্র মার্সেলো ডি কাউক্স নামের এক সাংবাদিক। মন্টেভিডিও থেকে প্রকাশিত এল অবজারভাদর নামের এক পত্রিকার সিনিয়র ফুটবল কলামিস্ট তিনি। এই ডি কাউক্সের মতে, রিয়ালের বিপক্ষে সুয়ারেজের অন্তর্ভুক্তিটা আরও কার্যকর হতে পারত যদি সে মেসির মতো সতীর্থদের কাছ থেকে পুরো সহযোগিতাটা পেত। তিনি অভিযোগ করেছেন, মেসি নাকি অন্তত একবার তাঁকে ইচ্ছা করেই নিশ্চিত পাস বাড়াননি।
তিনি বলেন, ম্যাচে বার্সেলোনা কিন্তু একমাত্র গোলটা পেয়েছে সুয়ারেজের পাস থেকেই। বার্সা এক গোলে এগিয়ে যাওয়ার পর সুয়ারেজই দারুণ একটা ক্রস বাড়িয়েছিলেন মেসির দিকে। কিন্তু মেসি তা কাজে লাগাতে পারেননি। কাজে লাগাতে পারলে খেলার চেহারাটাই পাল্টে যেত।
সহযোগিতাহীন থাকার কারণে সুয়ারেজ নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি বলে অনুযোগ ডি কাউক্সের, ‘সুয়ারেজ যে ধরনের খেলোয়াড়, যে ধরনের প্রতিভা, তাঁকে সঠিকভাবে সহযোগিতা করতে হবে। কিন্তু সেটাই তো সে সহযোগীদের কাছ থেকে পেল না। দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়!’ সূত্র: মার্কা।